ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জামালপুরে মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ


জামালপুরে মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ

জামালপুরের সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতটি ভারতীয় গরু জব্দ করেছে। চোরাচালানের সময় এই গরুগুলো আটক করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন এবং গরুগুলো জব্দ করেন।

সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী ১০৪৭ পিলারের কাছে মেকুরআলগা নামক স্থানে ভারতীয় গরু চোরাচালান করা হচ্ছিল। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ৭টি গরু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। তিনি বলেন, "আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন

নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও তিনজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।শনিবার (২১ নভেম্বর) রাতে পোরশা উপজেলার নিতপুর বিওপির আওতাধীন ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন, সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) এবং পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, নিতপুর বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে বিজিবির কাছে তথ্য আসে।পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার দিকে পাঁচজনকে শূন্যরেখার দিকে যেতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা শরিফুল ইসলাম ও নাজমুল হোসেনকে আটক করতে সক্ষম হন। বাকি তিনজন পালিয়ে যান।বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পলাতক তিনজনের পরিচয় প্রকাশ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তারা হলেন, পোরশা উপজেলার গোপিনাথপুর গ্রামের তসলিম আলী (৪৫), বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং বিষ্ণুপুর গ্রামের উকিল (৪০)।এজাহার সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার জন্য কোনো বৈধ পাসপোর্ট দেখাতে পারেননি। বিজিবির দাবি, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।এ ঘটনায় আটক দুইজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১) ধারায় পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।বিজিবি আরও জানায়, আটকের সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে নাজমুল হোসেন মাটিতে পড়ে বাম পায়ের হাঁটুর নিচে গোড়ালির ওপর সামান্য আঘাত পান। পরে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় পোরশা থানায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা ব্যাংকের সব সেবা ২৪ থেকে ২৮ নভেম্বর কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


পদ্মা ব্যাংকের সব সেবা ২৪ থেকে ২৮ নভেম্বর কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে বন্ধ

কোর ব্যাংকিং সিস্টেমের উন্নয়ন (আপগ্রেডেশন) জন্য পদ্মা ব্যাংক পিএলসির সকল ব্যাংকিং সেবা প্রায় চার দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার ব্যাংকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়ে একটি নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।

এই সময়ে ব্যাংকটির সকল শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি চেক, ইএফটি, আরটিজিএস ও এনপিএসবি লেনদেন, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পিওএস, এটিএম, ই-কমার্স এবং ইন্টারনেট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এই অনুমতি প্রদান করেছে। পদ্মা ব্যাংকের কোর ব্যাংকিং ব্যবস্থা উন্নয়ন ও আধুনিকায়নের উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ-ওমরাহে গিয়ে গহনা কেনা ও পরা যাবে কিনা?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


হজ-ওমরাহে গিয়ে গহনা কেনা ও পরা যাবে কিনা?

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। জীবনে একবার হজ পালন করা ফরজ, যা সামর্থ্যবান মুসলমানের জন্য আবশ্যক। এটি একটি বিশেষ ইবাদত, যেখানে শারীরিক সক্ষমতার পাশাপাশি আর্থিক সামর্থ্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালনে অবহেলা করা একটি গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হয়।

প্রতিবছর, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মুসলমান পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য মক্কায় সমবেত হন। মহান আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে তারা উচ্চারণ করেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

এই পবিত্র সফরের সময়, ইবাদতের পাশাপাশি কেনাকাটা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে, ব্যক্তিগত ব্যবহার অথবা ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণের গহনা কেনা এবং ইহরাম অবস্থায় নারীদের গহনা পরার বিধান সম্পর্কে জানতে চান অনেকে।

ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে, হজ-ওমরাহর সফরে ব্যক্তিগত ব্যবহার বা ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণের গহনা কেনা জায়েজ। এ সফরে ব্যবসা করা, কেনাকাটা করা কিংবা ব্যবসায়িক পণ্য বিক্রি করাতেও কোনো বাধা নেই।

পবিত্র কোরআনে হজের সফরে ব্যবসা-বাণিজ্য করার অনুমতি প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ ۚ فَإِذَا أَفَضْتُمْ مِنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ۖ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِنْ كُنْتُمْ مِنْ قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ

অর্থ: ‘তোমাদের ওপর কোনো পাপ নেই যে, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে, তখন মাশআরুল হারামের কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করবে। আর তাকে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদের হেদায়েত করেছেন। অথচ এর আগে তোমরা অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে।’ (সুরা বাকারা: ১৯৮)

ইমাম ইবনে জারির তাবারি (রহ.) বেশ কয়েকজন সাহাবি ও তাবেঈ থেকে বর্ণনা করেছেন, হজের সফরে ব্যবসা করার অনুমতি প্রসঙ্গে এই আয়াত অবতীর্ণ হয়েছে। (তাফসিরে তাবারি)

অন্যদিকে, হজ ও ওমরাহর ইহরাম অবস্থায় নারীদের জন্য স্বর্ণ-রুপার গহনা পরিধান করাও জায়েজ। এখানে ইহরাম বাঁধার কারণে গহনা পরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

প্রখ্যাত তাবেঈ নাফে (রহ.) থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.)-এর স্ত্রী ও মেয়েরা ইহরাম অবস্থায় স্বর্ণ-রুপার গহনা ব্যবহার করতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৪৪১৪)

এই বর্ণনার ভিত্তিতে, যেসব নারী নিয়মিত নাক, কান কিংবা শরীরের অন্যান্য স্থানে স্বর্ণ, রুপা বা অন্য ধাতুর গহনা পরিধান করেন, তারা ইহরাম অবস্থায় সেসব গহনা পরতে পারবেন। তবে গহনা এমন হতে হবে না, যা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে।

তবে, ইহরাম অবস্থায় সাজসজ্জার বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। ইহরাম বাঁধার পর চুলে তেল দেওয়া, সিঁথি করা এবং শরীরের সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে সাজসজ্জা করা থেকে বিরত থাকতে হবে। চুল আঁচড়ানোও মাকরুহ বা অপছন্দনীয়।

এ ছাড়া, সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। মেহেদি, লিপস্টিকসহ অন্যান্য প্রসাধনীতে সুগন্ধ না থাকলেও ইহরাম অবস্থায় সেগুলো ব্যবহার করা নিষিদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় স্কুলছাত্র গালিব হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


বগুড়ায় স্কুলছাত্র গালিব হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন সচেতন ছাত্রসমাজ ও স্থানীয় বাসিন্দারা। সড়ক অবরোধ করে তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এই ঘটনায় সড়কটিতে প্রায় পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টা থেকে পৌনে ৪টা পর্যন্ত শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেন। একইসাথে, গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভ চলাকালে নিহত গালিবের মা ময়না কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলেকে বিনা কারণে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।"

এম আর ইসলাম স্বাধীন বলেন, "একজন শিক্ষার্থীকে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গালিবের বাবা নেই, শুধু মা আছেন। পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের কাজ চলছে। গালিবের মা আবেদন করলে আগামী এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে তার চাকরির ব্যবস্থা করা হবে।"

তিনি আরো বলেন, "হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে একজন যুবদলের সাথে সম্পৃক্ত। তাকে দল থেকে বহিষ্কারের জন্য বলা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় কোনো হত্যাকাণ্ড বরদাশত করা হবে না। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমিও এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দাবি করছি।"

নিহত মনিরুল ইসলাম গালিব ছিলেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় তার ধূমপানের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় যুবক মিশু (২১)। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে গালিবের সাথে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২০) মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিশু ও বাবু গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%