ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শান্ত জনপথকে অশান্ত করতে দেওয়া হবেনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন


শান্ত জনপথকে অশান্ত করতে দেওয়া হবেনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি) বলেছেন, পিরোজপুর-২ আসন (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) একটি শান্তিপূর্ণ জনপদ; এই শান্ত জনপথকে কোনোভাবেই অশান্ত করতে দেওয়া হবে না। ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালীতে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভান্ডারিয়ার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একটি মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এই জনপদের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। সহিংসতা, আগুন ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকলের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্টরা আবারও আগুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি অতীতেও নিজের হাতে আইন তুলে নেয়নি, এখনো নেবে না। অপরাধ সংঘটিত হলেও প্রতিশোধ কিংবা পাল্টা প্রতিহিংসার পথে না গিয়ে আইন ও প্রশাসনের মাধ্যমে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং লিয়াকত হোসেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানুন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


হোয়াটসঅ্যাপে কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে, জানুন যেভাবে

বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের পরিচিতি রয়েছে। তবে নিয়মিত ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং অন্যান্য মিডিয়া ফাইলের আদান-প্রদানের ফলে ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। যখন ফোনে জায়গা কমে যায়, তখন অপ্রয়োজনীয় ফাইলগুলো খুঁজে বের করে মুছে ফেলার প্রয়োজনীয়তা দেখা দেয়।

ব্যবহারকারীদের এই কাজটি সহজতর করার জন্য হোয়াটসঅ্যাপে ‘ম্যানেজ স্টোরেজ’ সুবিধা রয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা দেখতে পারেন কোন ফাইল কতটুকু জায়গা দখল করছে, কোন চ্যাটে বেশি মিডিয়া জমা হয়েছে এবং বড় ফাইলগুলো কী। চাইলে একসঙ্গে একাধিক ফাইল মুছে ফোনের জায়গা খালি করা সম্ভব। এছাড়া নির্দিষ্ট কোনো চ্যাট থেকে বেছে বেছে মিডিয়া ফাইল মুছে ফেলার অপশনও রয়েছে।

হোয়াটসঅ্যাপ কত জায়গা নিচ্ছে, তা দেখার পদ্ধতি

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ডান পাশে উপরের তিনটি ডট মেনুতে চাপ দিতে হবে। এরপর ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে যেতে হবে। সেখানে ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করলে ফোনে হোয়াটসঅ্যাপ কতটুকু জায়গা দখল করে আছে, তা দেখা যাবে।

নির্দিষ্ট কোনো চ্যাটের স্টোরেজও পরীক্ষা করা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট চ্যাট খুলে ওপরে থাকা চ্যাটের নামের ওপর চাপ দিতে হবে। এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ নির্বাচন করলে ওই চ্যাটের মিডিয়া ফাইলগুলো বড় থেকে ছোট আকারের ক্রমানুসারে দেখা যাবে।

অপ্রয়োজনীয় ফাইল মুছবেন যেভাবে

স্টোরেজ খালি করতে আবারও ‘সেটিংস’ থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ এবং ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যেতে হবে। এরপর নির্দিষ্ট চ্যাট বা চ্যানেল নির্বাচন করতে হবে। যেসব ফাইল মুছতে চান, সেগুলোতে আলাদাভাবে চাপ দিয়ে নির্বাচন করা যাবে। একসঙ্গে সব ফাইল মুছতে ‘সিলেক্ট অল’ নির্বাচন করতে হবে। এরপর ‘ডিলিট’ চাপলেই ফাইলগুলো মুছে যাবে।

তবে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে, কারণ এভাবে মুছে ফেলা ফাইল স্থায়ীভাবে মুছে যেতে পারে। সংশ্লিষ্ট চ্যাট থেকে পরে সেগুলো আবার ডাউনলোড করা যাবে না। এছাড়া ফাইল মুছলে তা শুধু নিজের অ্যাকাউন্ট থেকে সরবে; চ্যাটের অন্য সদস্যরা ফাইলটি দেখতে পারবেন।

সার্চ করেও ফাইল মুছতে পারবেন

চ্যাট তালিকার ওপরের সার্চ বারে চাপ দিয়ে ছবি, ভিডিও বা ডকুমেন্ট খুঁজে বের করা সম্ভব। এরপর যে ফাইলটি মুছতে চান, সেটি খুলে ‘ডিলিট’ অপশনে চাপ দিতে হবে।

মনে রাখতে হবে, কোনো ফাইলের একাধিক কপি থাকলে ফোনের জায়গা পুরোপুরি খালি করতে সব কপি মুছে ফেলতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে মা ও ছেলেকে হত্যার দায়ে শাহ আলমের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


নাটোরে মা ও ছেলেকে হত্যার দায়ে শাহ আলমের মৃত্যুদণ্ড

নাটোরে মা ও শিশুসন্তানকে গলা কেটে হত্যা এবং বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে মো. শাহ আলম (৩০) নামের এক যুবককে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার আরেকটি ধারায় শাহ আলমকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

অন্যদিকে, মামলার অপর আসামি মো. সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে পলাতক আসামি মো. মিন্টুকে আদালত খালাস দিয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মো. শাহ আলম নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ এলাকার বাসিন্দা এবং মামলার বাদী মো. শাহাদৎ সর্দারের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. সোহাগ একই এলাকার মো. আশরাফের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দস্তানাবাদ কুমারদহ এলাকার বীজ ব্যবসায়ী শাহাদৎ সর্দারের ছেলে শাহ আলম মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই জমি বিক্রি করতে পরিবারের উপর চাপ সৃষ্টি করতেন। একবার বাবা আট শতাংশ জমি বিক্রি করে টাকা দিলেও তার চাপ থামেনি।

২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যায় শাহ আলম তার মা বিলকিস বেগম এবং ১১ বছর বয়সি ছেলে মো. আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। ওই সময় বাবা শাহাদৎ সর্দার রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে বাড়ি ফিরে ফটকে ডাকাডাকি করলে শাহ আলম ধারালো দা নিয়ে ধাওয়া করে তাকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় শাহাদৎ সর্দার বাদী হয়ে নাটোর সদর থানায় ছেলে শাহ আলমের বিরুদ্ধে স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে মামলা করেন। পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত এ রায় দেন।

নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর জানান, রায় ঘোষণার সময় আসামি শাহ আলম ও সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। বিচারকের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর ধর্ষণের অভিযোগে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর ধর্ষণের অভিযোগে আটক

দিনাজপুরের হিলিতে ৮ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি, তাজেল তালুকদার (৫৫), পুলিশ কর্তৃক আটক হয়েছেন।

শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার নিজবাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, শিশুটির মা সৌদি আরবে জীবিকার তাগিদে অবস্থান করছেন এবং তার বাবা ঢাকায় থাকেন।

এই কারণে শিশুটি দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল। অভিযুক্ত ব্যক্তি শিশুটির মামা এবং তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে পা টিপে দেওয়ার কথা বলে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন।

সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়। শিশুটির দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার না পেয়ে কৃষক কর্তৃক কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


সার না পেয়ে কৃষক কর্তৃক কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

মানিকগঞ্জের সাটুরিয়ায় সার সরবরাহের অভাবে কৃষকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাননি। এই পরিস্থিতিতে ক্ষোভের এক পর্যায়ে দায়িত্ব পালনরত এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানে এই ঘটনা ঘটে।

লাঞ্ছিত হওয়া কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম, যিনি ওই এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দকৃত সারের তুলনায় কৃষকদের উপস্থিতি অনেক বেশি ছিল। ফলে লাইনে অপেক্ষমাণ কৃষকদের সবাইকে সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়। এ সময় সার শেষ হওয়ার বিষয়টি জানালে অপেক্ষায় থাকা কয়েকজন কৃষক ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে উত্তেজিত কৃষকরা উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে থাপ্পড় মারেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, উদ্ভূত পরিস্থিতিতে কৃষকদের অতিরিক্ত সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত সারের চাহিদা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়েছে। মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে যেসব ইউনিয়নে চাহিদা বেশি, সেসব ইউনিয়নে তা বণ্টন করা হবে।

তিনি আরও জানান, কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপ-পরিচালককে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%