ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সার না পেয়ে কৃষক কর্তৃক কৃষি কর্মকর্তাকে থাপ্পড়


সার না পেয়ে কৃষক কর্তৃক কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

মানিকগঞ্জের সাটুরিয়ায় সার সরবরাহের অভাবে কৃষকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাননি। এই পরিস্থিতিতে ক্ষোভের এক পর্যায়ে দায়িত্ব পালনরত এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানে এই ঘটনা ঘটে।

লাঞ্ছিত হওয়া কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম, যিনি ওই এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন: বরিশালে কৃষকদের মাঝে ডালফসলের বীজ ও সার বিতরণ শুরু

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দকৃত সারের তুলনায় কৃষকদের উপস্থিতি অনেক বেশি ছিল। ফলে লাইনে অপেক্ষমাণ কৃষকদের সবাইকে সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়। এ সময় সার শেষ হওয়ার বিষয়টি জানালে অপেক্ষায় থাকা কয়েকজন কৃষক ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে উত্তেজিত কৃষকরা উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে থাপ্পড় মারেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, উদ্ভূত পরিস্থিতিতে কৃষকদের অতিরিক্ত সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত সারের চাহিদা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়েছে। মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে যেসব ইউনিয়নে চাহিদা বেশি, সেসব ইউনিয়নে তা বণ্টন করা হবে।

তিনি আরও জানান, কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপ-পরিচালককে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে আকভান-এর প্রভাবে আমন কাটায় কৃষকদের দুশ্চিন্তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাস ভেগাসে রুদ্ধশ্বাস লড়াই শেষে ম্যাক্স ভার্সটাপেনের জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


লাস ভেগাসে রুদ্ধশ্বাস লড়াই শেষে ম্যাক্স ভার্সটাপেনের জয়

ম্যাক্স ভার্সটাপেন নাটকীয়তায় ভরা লাস ভেগাস গ্রাঁ প্রিতে জয় লাভ করেছেন। মার্সিডিজের জর্জ রাসেল ও সদ্য বিশ্বচ্যাম্পিয়ন কিমি অ্যান্টোনেলির চাপ সামলে রেড বুলের ডাচ চালক ৫০ ল্যাপের এই রোমাঞ্চকর রেসে সাফল্য অর্জন করেন। শেষ মুহূর্তে মার্সিডিজের দুই চালকের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে নেয় ম্যাকলারেনের ল্যান্ডো নরিস ও অস্কার পিয়াস্ত্রি।

ভার্সটাপেন পোল পজিশন থেকে রেস শুরু করে শুরুতেই লিড ধরে রাখেন। তবে লাস ভেগাস স্ট্রিপ সার্কিটের দীর্ঘ সোজা পথে অন্য গাড়ির পেছনে থেকে স্লিপস্ট্রিমের সুবিধা নিয়ে প্রতিদ্বন্দ্বীরা বারবার তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পায়। পুরো রেসে লিড পরিবর্তন হয় ৩৪ বার এবং ওভারটেকিংয়ের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যায়।

রাসেল ও অ্যান্টোনেলি একাধিকবার ভার্সটাপেনকে পেছনে ফেলেন। কিন্তু প্রতিবারই রেড বুল চালক কয়েকটি কর্নারের মধ্য দিয়ে নিজের অবস্থান পুনরুদ্ধার করেন। শক্তির ব্যবহার ও গাড়ির গতি নিয়ন্ত্রণে তাঁর দক্ষতা শেষ পর্যন্ত বড় পার্থক্য তৈরি করে।

রেসের শেষ তিন ল্যাপে নাটকীয় মোড় নেয়। দ্বিতীয় স্থানের জন্য সতীর্থ অ্যান্টোনেলিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রাসেল। ৪৮তম ল্যাপে টার্ন-৫-এ ভেতর দিয়ে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে ব্রেক লক করে বাধার সঙ্গে ধাক্কা খান তিনি। এর ফলে রাসেল পেছনে চলে যান।

শেষ ল্যাপের শুরুতে শক্তি ব্যবহারের কৌশলে ভুল করেন অ্যান্টোনেলি। সেই সুযোগে তাঁকে ছাড়িয়ে যান ম্যাকলারেনের নরিস ও পিয়াস্ত্রি। ফলে চতুর্থ স্থানে শেষ করতে হয় অ্যান্টোনেলিকে। ভার্সটাপেনের পেছনে ০.৬৩৯ সেকেন্ড ব্যবধানে নরিস দ্বিতীয় হন, এবং ১.৫২৯ সেকেন্ড পিছিয়ে তৃতীয় হন পিয়াস্ত্রি।

রেস শেষে ভার্সটাপেন বলেন, “এটা ছিল অবিশ্বাস্য। সত্যিই খুব অদ্ভুত এক অভিজ্ঞতা, ফর্মুলা ওয়ানে এমন কিছু আগে কখনো দেখিনি।”

রাসেলের ভুলের মুহূর্তটি পেছনের আয়নায় দেখে রেডিওতে উচ্ছ্বাস প্রকাশ করেন ভার্সটাপেন। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, “আয়নায় কী ঘটছে দেখার পর সত্যিই দারুণ লাগছিল। মনে হচ্ছিল, আমার দিনটা আরও ভালো হয়ে গেল। আর যখন প্রথম হয়ে ফিনিশ লাইন পার হলাম, তখন দিনটা সম্পূর্ণ হলো।”

ফের সংঘর্ষে হ্যামিল্টন-লেক্লের

লাস ভেগাসে ফের সতীর্থের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ফেরারির লুইস হ্যামিল্টন ও শার্ল লেক্লের। ষষ্ঠ স্থান নিয়ে লড়াইয়ের সময় রেস শেষ হতে ১২ ল্যাপ বাকি থাকতে দুজনের গাড়ির সংঘর্ষ ঘটে। এতে হ্যামিল্টন পেছনে পড়ে যান। দুর্ঘটনার জন্য লেক্লেরকে দায়ী করে রেস স্টুয়ার্ডরা ১০ সেকেন্ডের পেনাল্টি দেন।

টার্ন-৭-এ ভেতর দিয়ে হ্যামিল্টনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন লেক্লের। কিন্তু স্টুয়ার্ডদের মতে, সতীর্থের গাড়ির তুলনায় অনেক পেছন থেকে আক্রমণ করায় হ্যামিল্টনের ভেতরের দিকে জায়গা ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা ছিল না।

ফেরারির টিম প্রিন্সিপাল ফ্রেডেরিক ভাস্যুর রেস শেষে লেক্লেরের সঙ্গে সরাসরি কথা বলতে চান। পরে তিনি বলেন, “আমরা লেক্লেরকে ওভারটেক না করার বার্তা দিয়েছিলাম। এ ধরনের রেসে সামনে থাকা গাড়িগুলোকে ছাড়িয়ে যেতে হয়, নইলে অন্যরা আপনাকে ছাড়িয়ে যাবে। কিন্তু শার্ল স্পষ্টতই ভুল করেছে, যা দলকে বড় ক্ষতির মুখে ফেলেছে। আজকের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

এদিকে হ্যামিল্টন রেসের শুরুতে নরিসকে ট্র্যাকের বাইরে দিয়ে ওভারটেক করার কারণে ১০ সেকেন্ডের পেনাল্টি পেয়েছিলেন। পরে ঘুরে দাঁড়িয়ে সপ্তম স্থানে রেস শেষ করেন তিনি। লেক্লের ১০ম হয়ে শেষ পয়েন্টটি পান।

রেসের ফলাফল ও শিরোপার লড়াই

লাস ভেগাস গ্রাঁ প্রি — শীর্ষ ১০

অবস্থান

চালক

দল

১

ম্যাক্স ভার্সটাপেন

রেড বুল

২

ল্যান্ডো নরিস

ম্যাকলারেন

৩

অস্কার পিয়াস্ত্রি

ম্যাকলারেন

৪

কিমি অ্যান্টোনেলি

মার্সিডিজ

৫

পিয়েরে গ্যাসলি

আলপাইন

৬

ফ্রাঙ্কো কোলাপিন্তো

আলপাইন

৭

লুইস হ্যামিল্টন

ফেরারি

৮

কার্লোস সাইনজ

উইলিয়ামস

৯

জর্জ রাসেল

মার্সিডিজ

১০

শার্ল লেক্লের

ফেরারি

এই জয়ে ভার্সটাপেন চালকদের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা হ্যামিল্টনের চেয়ে ৩৭ পয়েন্টে এগিয়ে গেলেন। হাতে রয়েছে মাত্র দুটি রেস—কাতার ও আবুধাবি গ্রাঁ প্রি। ফলে দ্বিতীয় স্থান নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেলেন ডাচ চালক।

অন্যদিকে, কনস্ট্রাক্টরস চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে রেড বুলের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ম্যাকলারেন। দুই দলের মধ্যে এখন ব্যবধান মাত্র ৯ পয়েন্ট।

রেড বুলের আরেক চালক ইসাক হাদজারের জন্য দিনটি ছিল হতাশার। একসময় তৃতীয় স্থানে থাকা এই চালক সেফটি কারের পর সামনের উইংয়ের সমস্যায় পিটে যেতে বাধ্য হন। শেষ পর্যন্ত পয়েন্টের বাইরে থেকে রেস শেষ করেন তিনি।

লাস ভেগাসের নাটকীয় রেস শেষে এবার ফর্মুলা ওয়ান ফিরছে মধ্যপ্রাচ্যে। পরবর্তী রেস কাতার গ্রাঁ প্রি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০ থেকে ৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


শেরপুরে শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০ থেকে ৮০০ ফলবান কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতির দাবি বাগানমালিকের

‎শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাতের আঁধারে একটি কলাবাগানে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে বাগানের প্রায় ৭০০ থেকে ৮০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ করেছেন বাগানমালিক। এতে অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক।
‎
‎ঘটনাটি ঘটেছে শ্রীবরদী উপজেলার ৮ নম্বর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খড়িয়া গ্রামে।
‎
‎সরজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ খড়িয়া গ্রামে প্রায় ১৫৫ শতাংশ জমির ওপর কলাবাগান গড়ে তোলেন মো. নুর হোসেন। বাগানটিতে আনুমানিক দুই হাজার কলাগাছ ছিল। দীর্ঘদিনের পরিচর্যা ও শ্রমে গাছগুলোতে কলার ফলনও এসেছিল। কিন্তু রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে বিপুলসংখ্যক কলাগাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছ কাটার দৃশ্য দেখতে পান মালিক। এতে মুহূর্তেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
‎
‎বাগানমালিক মো. নুর হোসেন ও মো. হাফেজ আলমগীরের পিতা মৃত আ. হালিম মুন্সি। তাঁদের দাবি, বাগানের ফলন আসা কলাগাছসহ প্রায় ৭০০ থেকে ৮০০টি গাছ কেটে ফেলা হয়েছে। অনেক গাছে কলার ছড়াও ছিল। ফলে শুধু গাছের ক্ষতিই নয়, সম্ভাব্য উৎপাদিত কলা বিক্রি করেও যে আয় হতো, তা থেকেও বঞ্চিত হয়েছেন তারা।
‎
‎ক্ষতিগ্রস্ত বাগানমালিক মো. নুর হোসেন বলেন, প্রায় ১৫৫ শতাংশ জমিতে আমার কলাবাগান রয়েছে। সেখানে প্রায় দুই হাজার কলাগাছ ছিল। রাতের আঁধারে কে বা কারা বাগানে ঢুকে ৭০০ থেকে ৮০০টি কলাগাছ কেটে ফেলেছে। সকালে এসে এমন অবস্থা দেখে আমি হতবাক হয়ে যাই। গাছগুলোতে কলার ফলন হয়েছিল। এতে আমার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
‎
‎এদিকে, একটি কলাবাগানে একসঙ্গে এতগুলো ফলন আসা গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কৃষি ও ফল চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এমন ঘটনা আর্থিকভাবে বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের পরিচর্যার পর যখন গাছে ফলন আসে, তখন এ ধরনের ক্ষতি একজন কৃষক বা বাগানমালিকের জন্য সহজে কাটিয়ে ওঠা কঠিন।
‎
‎তবে এ ঘটনায় কারা জড়িত, কী কারণে কলাগাছগুলো কেটে ফেলা হয়েছে কিংবা পূর্বশত্রুতার কোনো বিষয় রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক।
‎এই বিষয় জানতে চাইলে শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ): জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা বলেন আমরা অভিযোগ পেলে আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
‎
‎বাগানমালিকের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

ঝরনা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে টিকটকে আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এলাকায় সমালোচনার ঝড় ওঠে। এ কারণে তাকে তার বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান।

এই ঘটনা ঘটেছে গত শনিবার (২১ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে। অভিযুক্ত ঝরনা আক্তার কাদির হোসেনের স্ত্রী এবং তার বাবার বাড়ি বরিশাল জেলায়।

স্থানীয়দের মতে, ঝরনা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে এবং তাকে একটি কক্ষে আটকে রাখে। পরে পুলিশ আসার খবর পেয়ে তিনি পালিয়ে যান।

ঝরনা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা আমার স্ত্রীর মোটেও উচিত হয়নি।"

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নেতাকর্মীরা টিকটকের ভিডিওটি লক্ষ্য করেন। পরে স্থানীয় নেতাকর্মীরা ঝরনা আক্তারকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন; কিন্তু পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। তবে তাকে আটকের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কথা রাখল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ৮০০-এর বেশি নম্বর পেয়ে ফরম পূরণ ফ্রি পেলেন দুই ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

শাহ্ জালাল সরদার, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


কথা রাখল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ৮০০-এর বেশি নম্বর পেয়ে ফরম পূরণ ফ্রি পেলেন দুই ছাত্রী

শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করল মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারের চর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। টেস্ট পরীক্ষায় ৮০০-এর বেশি নম্বর অর্জন করায় ২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের সম্পূর্ণ খরচ পেলেন মাদ্রাসার দুই মেধাবী ছাত্রী মুসলিমা ও জুবাইদা।টেস্ট পরীক্ষায় মুসলিমা ৯৩০ নম্বর এবং জুবাইদা ৮৬৬ নম্বর অর্জন করেন। সংগঠনের পূর্বঘোষণা অনুযায়ী, ৮০০ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের দাখিল পরীক্ষার ফরম পূরণের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে দুই ছাত্রীর হাতে ফরম পূরণের অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় অর্থ তুলে দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক তোতা মিয়া, উপদেষ্টা সাংবাদিক শাহ্ জালাল সরদার ও সংগঠনের কোষাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ এনায়েত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোছলেহ উদ্দিন চুন্নু, মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদারসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বিশেষ কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সংগঠনের সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক আল ইমাম মৃধা।

উল্লেখ্য, কালাই সরদারের চর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি খেটে খাওয়া মানুষ এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং আর্থিক সংকটের কারণে যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই ফরম পূরণের খরচ বহনের এই ব্যতিক্রমী ঘোষণা দিয়েছিল সংগঠনটি। প্রতিশ্রুতি অনুযায়ী দুই ছাত্রীর পাশে দাঁড়ানোয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে উদ্যোগটি।মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস তালুকদার সংগঠনটির এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ শুধু দুই শিক্ষার্থীর আর্থিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ও প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার পথ তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%