০৭:২৫ পি.এম
পাবনা সদর উপজেলার দুবলিয়ায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার সময় দুবলিয়া বাজারের পশ্চিমপাড়ায় এই হামলা সংঘটিত হয়।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, রাত ১টার দিকে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের দিকে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। বোমা দুটি কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে আঘাত হানলে সামান্য আগুন ধরে যায়। তবে, আগুন ভেতরে ছড়িয়ে না পড়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখার ব্যবস্থাপক তানিয়া খাতুন জানান, রাতে পেট্রলবোমার আঘাতে দেয়ালে আগুন ধরে গেলে দোতলায় অবস্থানরত কর্মকর্তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও এ ঘটনায় তেমন ক্ষতি হয়নি, তবুও সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়টি প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে হিন্দুদের মানববন্ধন
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, রাতের কোনো এক সময়ে ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা ছোড়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন