০৭:২৫ পি.এম
সাতক্ষীরায় গৃহবধূকে হত্যা করার অভিযোগে করা মামলায় আদালত দুজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে এই রায় প্রদান করা হয়েছে। অপর দুজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার আবুল কাশেমের ছেলে শওকত আলী (৩৩) এবং একই উপজেলার কুকরালী কারিকরপাড়া কলোনীপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০)। রায়ে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত শওকত আলী নিহত নাসিমা খাতুনের স্বামী এবং শফিকুল ইসলাম ২য় স্ত্রীর ভাই।
আরও পড়ুন: ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুকে আটকাতে নতুন বিল পাস
খালাসপ্রাপ্ত দুজন হলেন একই এলাকার মোছা. হাসিনা খাতুন (৩৫) ও ছবিরন খাতুন (৫৫)।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী রাবেয়া খাতুনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে আসামি শওকত আলীর বিয়ে হয়। বিয়ের পর তাঁদের দুটি সন্তান হয়।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, যৌতুকের দাবিতে শওকত আলীসহ অন্যান্য আসামিরা নাছিমা খাতুনকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তাঁকে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলের পর সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আজ রায় দেন বিচারক।
আরও পড়ুন: ডিসেম্বরের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত: ডিআইজি শামসুল হক
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৪(১)/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালত হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে ফাঁসিতে ঝুলিয়ে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এছাড়া, দণ্ডপ্রাপ্ত আসামিরা রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি কামরুজ্জামান ভুট্ট বলেন, আসামী শওকত আলী তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে হত্যা করেছিল। নিহত নাছিমা হাসপাতালে জবানবন্দিতে যাদের নাম বলেছিল, তাদের বিরুদ্ধে তদন্ত এবং পর্যালোচনা শেষে দুই আসামির সাজা নিশ্চিত করেন আদালতের বিচারক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন