০৭:২৬ পি.এম
নারায়ণগঞ্জে চাঞ্জল্যকর সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে। এক যুগ আগে ঘটে যাওয়া এই মামলায় ১৫ আসামির মৃত্যুদণ্ড এবং ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রপক্ষ প্রথম দিনের শুনানিতে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে।
আজ বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। প্রথম দিনে শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক। আসামিপক্ষের প্রতিনিধিত্ব করেন আইনজীবী এস এম শাহজাহান, মোহাম্মদ জাকির হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।
শুনানির পর রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের রায়টি বহাল রাখার পক্ষেই আমাদের অবস্থান।’ ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডের লামাপাড়া এলাকায় র্যাবের সদস্যরা চেকপোস্ট বসিয়ে কাউন্সিলর নজরুলের গাড়ি থামান। র্যাব ওই গাড়ি থেকে নজরুল, তার তিন সহযোগী এবং গাড়িচালককে তুলে নিয়ে যায়।
আরও পড়ুন: ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুকে আটকাতে নতুন বিল পাস
এই ঘটনার সময় আইনজীবী চন্দন সরকারও সেখানে উপস্থিত ছিলেন। তিনি অপহরণের ঘটনা দেখে ফেলায় র্যাব তাঁকে এবং তাঁর গাড়িচালককেও তুলে নিয়ে যায়। পরে তাদের সবাইকে হত্যা করে ওই রাতেই পেট কেটে এবং ইটের বস্তা বেঁধে সবার লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ওই বছরের ৩০ এপ্রিল ছয়জন এবং পরদিন একজনের লাশ ভেসে ওঠে। এই ঘটনায় দুটি মামলা হয়, একটির বাদী নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম এবং অপরটির বাদী আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।
দুটি মামলার তদন্ত শেষে সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল। অভিযোগপত্রে বলা হয়, এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে আর্থিক লেনদেনের মাধ্যমে র্যাব সদস্যদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান নূর হোসেন। আসামিদের মধ্যে ২১ জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ৩৮ কার্যদিবসে রাষ্ট্রপক্ষে ১৬৪ জনের সাক্ষ্য নেন আদালত।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে র্যাবের সাবেক ১৬ কর্মকর্তা-সদস্য এবং নূর হোসেন ও তার ৯ সহযোগীসহ মোট ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া আরো ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। এ ছাড়া দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২৮ আসামি হাইকোর্টে আপিল করেন। আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০১৭ সালের ২২ আগস্ট সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। হাইকোর্টের রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত: ডিআইজি শামসুল হক
হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ আসামির মধ্যে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা, হাবিলদার মো. এমদাদুল হক, এ বি মো. আরিফ হোসেন, ল্যান্স নায়েক হিরা মিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়ব আলী, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলিম, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন এবং সৈনিক তাজুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে সৈনিক আসাদুজ্জামান নুর, সার্জেন্ট এনামুল কবির এবং নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ, মিজানুর রহমান, রহম আলী, আবুল বাশার, মোর্তুজা জামান, সেলিম, সানাউল্লাহ, শাহজাহান এবং জামালউদ্দিন রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেক সাঈদের রাজনৈতিক সম্পর্কের কারণে বিষয়টি তখন ভিন্ন মাত্রা লাভ করেছিল। ২০১৮ সালের ১৯ নভেম্বর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরে আসামিরা আপিল করেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২২টি ফৌজদারী আপিল ও ১৬টি ফৌজদারী আবেদনের একসঙ্গে শুনানি হচ্ছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেক সাঈদের স্বীকারোক্তি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘যেসব র্যাব সদস্য অপারেশন পরিচালনা করেছিলেন, তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার পূর্বাপর উঠে এসেছে। তৎকালীন কর্নেল জিয়ার (জিয়াউল আহসান) ভূমিকার কথা বর্ণনা করা হয়েছে।’ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, পরবর্তী যুক্তিতর্কে এ বিষয়ে আরও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় গৃহবধূ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন