মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৩ পি.এম
সারা দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে সরকার আগামী তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে ঢাকায় চলাচলের জন্য ২০০টি বাস বরাদ্দের পরিকল্পনা রয়েছে। বাকি বাসগুলো রাজধানীর বাইরের বিভিন্ন রুটে চালানো হবে।
সরকারের বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সম্পর্কে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকার জন্য প্রাথমিকভাবে ২০০টি বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি বাস আসার কথা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরো ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের, যা শুধুমাত্র নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, আরো ৫০টি হবে লাল রঙের সাধারণ সার্ভিসের বাস, যেখানে নারী ও পুরুষ উভয় যাত্রী চলাচল করতে পারবে।
বাসগুলোর আকারেও ভিন্নতা থাকবে। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসগুলোর দৈর্ঘ্য হবে তুলনামূলক কম, ৯ মিটার। অন্যদিকে, লাল রঙের সাধারণ সার্ভিসের বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার।
বৈদ্যুতিক বাসগুলোর নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে ঢাকায় বাস রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি সুবিধার জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দেরও পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বাসগুলোর সুনির্দিষ্ট আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। বাসের আকার ও অভ্যন্তরীণ বিন্যাসের ওপর নির্ভর করে আসনসংখ্যা নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো, বায়ুদূষণ হ্রাস করা এবং ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে আরও টেকসই ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইতোমধ্যেই বিভিন্ন রুটে পিংক বাস চালু করা হয়েছে।
বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম বলেন, এসব বাস পরিচালনার জন্য হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নারী চালকদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে গড়ে তুলতে বিআরটিসির প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সম্পূর্ণ বিনামূল্যে ১ থেকে ৪ মাস মেয়াদি ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
ফাতিমা বেগম বলেন, ‘নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিআরটিসি ইতোমধ্যেই নারীদের জন্য নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। আরো উন্নত সেবা সম্প্রসারণের লক্ষ্যে আমরা নারীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ইভি পিংক বাস সার্ভিস চালু করতে যাচ্ছি।’
তিনি আরো বলেন, পিংক বাস সার্ভিস চালুর পর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না; বরং মহানগরীসহ সারাদেশে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
ফাতিমা বেগম বলেন, এখন রক্ষণশীল পরিবারের সদস্যরাও তাদের পরিবারের নারীদের চালনা প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন, যাতে তারা দক্ষ চালক হিসেবে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান।
সরকারের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনা। এ লক্ষ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিআরটিসি বিশেষ করে তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ চালক হিসেবে গড়ে তুলছে।
এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা দেশে ও বিদেশে মর্যাদাপূর্ণ পদে সম্মানজনক বেতনে চাকরির সুযোগ পাবেন বলে ফাতিমা বেগম জানান।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) নামের দুটি পৃথক প্রকল্পের আওতায় বিআরটিসি নতুন চালকদের বিনামূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দিচ্ছে।
এ দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যে এ দুটি প্রকল্পের আওতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
ফাতিমা বেগম আরো উল্লেখ করেন, বিভিন্ন জরিপে দেখা গেছে, নারী চালকরা পুরুষ চালকদের তুলনায় বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালান।
তিনি বলেন, ‘বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক মানসিকতা প্রধান সমাজে নারী চালক ও সহকারী দ্বারা পরিচালিত গণপরিবহনে নারী যাত্রীরা বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার পিংক বাস সার্ভিস চালু করেছে এবং ভবিষ্যতে এ সেবা আরো সম্প্রসারণ করা হবে।’
নারী চালকদের জন্য নতুন প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান বলেন, প্রশিক্ষণ শেষে যারা সফলভাবে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হবেন, তাদের প্রয়োজন অনুযায়ী এবং করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করে দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালকের পদে নিয়োগের ক্ষেত্রেও এসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে এ ক্ষেত্রে তাদের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম তামিম শেখ (১৯)। পুলিশ জানিয়েছে, তিনি পাংশা কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য।
পুলিশের তথ্য অনুসারে, মঙ্গলবার সকালে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। তামিম শেখ কালুখালী উপজেলার কালিকাপুর এলাকার শরিফুল ইসলামের পুত্র।
পুলিশের দাবি, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে দায়ের করা একটি মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তামিম শেখকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার জন্য দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, "দু-একটি পটকা ফুটিয়ে দেশে ষড়যন্ত্র শুরু করা যাবে না।" সকল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের’ প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, এই সরকার দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিয়ে কাজ করছে। গত ১৬ বছর যারা আন্দোলন-সংগ্রাম করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, তাদের আবারও রুখে দাঁড়াতে হবে এবং কথা বলতে হবে। তিনি সতর্ক করে বলেন, অদৃশ্য শক্তির ইন্ধনে বাংলাদেশে যদি আবার ষড়যন্ত্র শুরু হয়, তবে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি।
তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য গত ১৬ বছর যেভাবে সংগ্রাম করেছি, প্রয়োজনে আবারও রাস্তায় থাকব এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াব। বিএনপি কোনো মব তৈরি করে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু পরিচালনা ও দেশের গণতন্ত্র রক্ষা করতে চায়।
তিনি আরও বলেন, বহু আলোচিত নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন এবং সরকারের ৯ মাসে পদার্পণ করে দেশকে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন, তাদের আমরা সাধুবাদ জানাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখার জন্য তাদের প্রাণপণ চেষ্টা করার জন্য আমরা তাদের সমর্থন জানাই। তিনি বলেন, "আপনারা যেভাবে সরকার পরিচালনা করছেন, আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকব।" কারণ, এই সরকার গুন্ডামি করে বা নির্বাচন কেন্দ্র দখল করে নির্বাচিত হওয়া সরকার নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। টিকটকের মাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর এগকসঙ্গে থাকার দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) ওই বাড়িতে অবস্থান নেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।
দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় থেকে ভালো লাগা এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তারা দুজনই একসঙ্গে থাকতে ও বিয়ে করতে চান। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।
স্থানীয়রা জানান, এর আগেও মাহিন দুইবার ওই বাড়িতে এসেছিলেন। এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন। দুজনই একসঙ্গে থাকার বিষয়ে অনড় রয়েছেন।
বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলী আকবর হিলালু বলেন, ‘ঘটনাটি আমার পাশের বাড়ির। এক হিন্দু তরুণের বাড়িতে একজন মুসলিম তরুণ অবস্থান নিয়েছেন। খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি। পাশাপাশি ওই তরুণের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মহেন্দ্র সিং ধোনি ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন। খেলোয়াড় হিসেবে আর মাঠে দেখা যাবে না তাকে, বরং নতুন ভূমিকায় দায়িত্ব পালন করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০২৭ আইপিএল মৌসুমের আগে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ধোনির নতুন দায়িত্বের খবর চেন্নাই সুপার কিংস জানায় খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ সময়ের মাত্র তিন ঘণ্টা আগে। আইপিএলের নিলাম আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে। তার আগেই ধোনির ভবিষ্যৎ ভূমিকা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নিশ্চিত হলো।
চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন ধোনির সঙ্গে দলের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি—সাফল্য, ব্যর্থতা এবং সব ধরনের পরিস্থিতিতে। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ রয়েছে, আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের পথচলাকে সম্ভব করেছে।’
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীনিবাসন। সেই সিদ্ধান্তকে তিনি নিজের অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ধোনি শুধু অর্জনের জন্য নয়, মানুষ হিসেবেও তাঁর কাছে বিশেষ। চেন্নাইয়ের পরিচয়ের অংশ হয়েই থাকবেন এই কিংবদন্তি।
২০০৮ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর ১৭ মৌসুম ধরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন ধোনি। তাঁর নেতৃত্বে সিএসকে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। এছাড়া, দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও জিতেছে দলটি। তবে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নিষিদ্ধ থাকায় ওই দুই মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন তিনি।
৪৫ বছর বয়সে ধোনি আইপিএল ক্যারিয়ার শেষ করলেন। টুর্নামেন্টে তিনি ৫৪৩৯ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৩৮.৩০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৪৫। অধিনায়ক হিসেবে পাঁচটি শিরোপা জয়ের পাশাপাশি উইকেটের পেছনেও চেন্নাইয়ের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
ধোনির অবসরে চেন্নাইয়ের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটলেও ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। এবার মাঠের বাইরে থেকে দলের পরিকল্পনা, খেলোয়াড়দের প্রস্তুতি ও কৌশলগত সিদ্ধান্তে ভূমিকা রাখবেন তিনি। ফলে ২০২৭ আইপিএলে চেন্নাইয়ের ডাগআউটে নতুন পরিচয়ে দেখা যাবে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
ধোনির আইপিএল ক্যারিয়ার একনজরে
বিষয়
পরিসংখ্যান
আইপিএল ক্যারিয়ার
১৯ বছর
মোট রান
৫৪৩৯
ব্যাটিং গড়
৩৮.৩০
স্ট্রাইক রেট
১৩৭.৪৫
চেন্নাইয়ের আইপিএল শিরোপা
৫টি
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা
২টি
নতুন দায়িত্ব
সিএসকে মেন্টর
দায়িত্ব শুরুর মৌসুম
আইপিএল ২০২৭
তালাশ বিডি/মিডিয়া লিঃ