ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দু-একটি পটকা ফুটিয়ে দেশে ষড়যন্ত্র শুরু করা যাবে না: ফারুক


দু-একটি পটকা ফুটিয়ে দেশে ষড়যন্ত্র শুরু করা যাবে না: ফারুক

দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার জন্য দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, "দু-একটি পটকা ফুটিয়ে দেশে ষড়যন্ত্র শুরু করা যাবে না।" সকল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের’ প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, এই সরকার দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিয়ে কাজ করছে। গত ১৬ বছর যারা আন্দোলন-সংগ্রাম করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, তাদের আবারও রুখে দাঁড়াতে হবে এবং কথা বলতে হবে। তিনি সতর্ক করে বলেন, অদৃশ্য শক্তির ইন্ধনে বাংলাদেশে যদি আবার ষড়যন্ত্র শুরু হয়, তবে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ

তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য গত ১৬ বছর যেভাবে সংগ্রাম করেছি, প্রয়োজনে আবারও রাস্তায় থাকব এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াব। বিএনপি কোনো মব তৈরি করে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু পরিচালনা ও দেশের গণতন্ত্র রক্ষা করতে চায়।

তিনি আরও বলেন, বহু আলোচিত নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন এবং সরকারের ৯ মাসে পদার্পণ করে দেশকে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন, তাদের আমরা সাধুবাদ জানাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখার জন্য তাদের প্রাণপণ চেষ্টা করার জন্য আমরা তাদের সমর্থন জানাই। তিনি বলেন, "আপনারা যেভাবে সরকার পরিচালনা করছেন, আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকব।" কারণ, এই সরকার গুন্ডামি করে বা নির্বাচন কেন্দ্র দখল করে নির্বাচিত হওয়া সরকার নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

মো : সুমন হাসান বাপ্পি, স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

মাদারীপুরের কালকিনিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। টিকটকের মাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর এগকসঙ্গে থাকার দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) ওই বাড়িতে অবস্থান নেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।

দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় থেকে ভালো লাগা এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তারা দুজনই একসঙ্গে থাকতে ও বিয়ে করতে চান। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।


স্থানীয়রা জানান, এর আগেও মাহিন দুইবার ওই বাড়িতে এসেছিলেন। এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন। দুজনই একসঙ্গে থাকার বিষয়ে অনড় রয়েছেন।

বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলী আকবর হিলালু বলেন, ‘ঘটনাটি আমার পাশের বাড়ির। এক হিন্দু তরুণের বাড়িতে একজন মুসলিম তরুণ অবস্থান নিয়েছেন। খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি। পাশাপাশি ওই তরুণের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধোনি ঘোষণা করলেন ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের সমাপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


ধোনি ঘোষণা করলেন ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের সমাপ্তি

মহেন্দ্র সিং ধোনি ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন। খেলোয়াড় হিসেবে আর মাঠে দেখা যাবে না তাকে, বরং নতুন ভূমিকায় দায়িত্ব পালন করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০২৭ আইপিএল মৌসুমের আগে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ধোনির নতুন দায়িত্বের খবর চেন্নাই সুপার কিংস জানায় খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ সময়ের মাত্র তিন ঘণ্টা আগে। আইপিএলের নিলাম আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে। তার আগেই ধোনির ভবিষ্যৎ ভূমিকা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নিশ্চিত হলো।

চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন ধোনির সঙ্গে দলের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি—সাফল্য, ব্যর্থতা এবং সব ধরনের পরিস্থিতিতে। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ রয়েছে, আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের পথচলাকে সম্ভব করেছে।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীনিবাসন। সেই সিদ্ধান্তকে তিনি নিজের অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ধোনি শুধু অর্জনের জন্য নয়, মানুষ হিসেবেও তাঁর কাছে বিশেষ। চেন্নাইয়ের পরিচয়ের অংশ হয়েই থাকবেন এই কিংবদন্তি।

২০০৮ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর ১৭ মৌসুম ধরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন ধোনি। তাঁর নেতৃত্বে সিএসকে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। এছাড়া, দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও জিতেছে দলটি। তবে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নিষিদ্ধ থাকায় ওই দুই মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন তিনি।

৪৫ বছর বয়সে ধোনি আইপিএল ক্যারিয়ার শেষ করলেন। টুর্নামেন্টে তিনি ৫৪৩৯ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৩৮.৩০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৪৫। অধিনায়ক হিসেবে পাঁচটি শিরোপা জয়ের পাশাপাশি উইকেটের পেছনেও চেন্নাইয়ের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

ধোনির অবসরে চেন্নাইয়ের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটলেও ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। এবার মাঠের বাইরে থেকে দলের পরিকল্পনা, খেলোয়াড়দের প্রস্তুতি ও কৌশলগত সিদ্ধান্তে ভূমিকা রাখবেন তিনি। ফলে ২০২৭ আইপিএলে চেন্নাইয়ের ডাগআউটে নতুন পরিচয়ে দেখা যাবে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

ধোনির আইপিএল ক্যারিয়ার একনজরে

বিষয়

পরিসংখ্যান

আইপিএল ক্যারিয়ার

১৯ বছর

মোট রান

৫৪৩৯

ব্যাটিং গড়

৩৮.৩০

স্ট্রাইক রেট

১৩৭.৪৫

চেন্নাইয়ের আইপিএল শিরোপা

৫টি

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা

২টি

নতুন দায়িত্ব

সিএসকে মেন্টর

দায়িত্ব শুরুর মৌসুম

আইপিএল ২০২৭

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে স্বর্ণখনন স্থগিত, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


পাকিস্তানে স্বর্ণখনন স্থগিত, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন করে প্রাপ্ত অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি দাবি করেছেন, এই খাত থেকে প্রতি মাসে শত শত কোটি রুপি আয় হচ্ছে, যার একটি বড় অংশ সন্ত্রাসীদের অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।

গভর্নর জানিয়েছেন, কোহাট জেলায় প্রতি মাসে প্রায় ৯০ কেজি স্বর্ণ উত্তোলন করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪২০ কোটি রুপি। তিনি দাবি করেন, এই অর্থের প্রায় ৮০ শতাংশ আফগানিস্তানে চলে যাচ্ছে। তবে, এসব অভিযোগ এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। সম্প্রতি অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও ১৮ সন্ত্রাসী নিহত হন। এর কয়েক দিন পরেই এসব অভিযোগ সামনে আসে।

জিও নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, শনিবার গভর্নর কুন্দি পুরো খাইবার পাখতুনখোয়া প্রদেশে সব ধরনের খনি কার্যক্রম বন্ধ করার এবং স্বর্ণ উত্তোলনের ইজারা বাতিলের ঘোষণা দেন। ইজারাগ্রহীতা ও ঠিকাদারদের সাত দিনের মধ্যে খনির এলাকা থেকে সব ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নর ফয়সাল করিম কুন্দির অভিযোগ, অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা খনির কাজ চালিয়ে যাওয়ার বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিত অর্থ প্রদান করতেন। তিনি বলেন, এই অর্থ পরে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তৎপরতায় ব্যবহার করা হয়েছে।

কুন্দি আরও জানান, অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে হাজার হাজার ট্রাক্টর, ভারী ডাম্পার ও শ্রমিক নিয়োজিত ছিলেন। তিনি প্রশ্ন তোলেন, প্রতি মাসে প্রায় ৪৯২ কোটি রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন করা হলে মাত্র ৪৯২ কোটি রুপির বিনিময়ে কীভাবে ১০ বছরের জন্য খনির ইজারা দেওয়া হলো। এ নিয়ে খনি ইজারা দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। গভর্নরের অভিযোগের পর খনিজ সম্পদ নিয়ন্ত্রণ এবং স্বর্ণ উত্তোলন থেকে প্রাপ্ত অর্থ সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে যাচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কোহাটে কী ঘটেছিল?

কোহাটের কাছে দারাবো কাচ এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা, বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এই ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহত হন। কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে ১৮ জঙ্গিও নিহত হয়েছে। গভর্নর কুন্দির অভিযোগ, হামলাকারীদের সঙ্গে অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিদের যোগসাজশ রয়েছে। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগও করেছেন গভর্নর। তিনি দাবি করেন, কোহাটের ঘটনায় জড়িতদের সহায়তা করেছেন ১২ জন রাজনৈতিক ব্যক্তি। তাঁদের মধ্যে সাবেক প্রাদেশিক মন্ত্রী আফতাব আলম, শাহরিয়ার আফ্রিদি ও খুররম জিশানের নাম উল্লেখ করেছেন। তবে, তাদের বিরুদ্ধে এখনো পুলিশ মামলা করেনি বলে জানিয়েছেন কুন্দি। রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার এসব অভিযোগও এখনও স্বাধীনভাবে প্রমাণিত হয়নি।

এরপর কী পদক্ষেপ নেওয়া হবে?

অবৈধ স্বর্ণ উত্তোলন ও কোহাটের সংঘর্ষের ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন গভর্নর। তিনি নিহত পুলিশ কর্মকর্তা ডিএসপি হায়দার জামানের নামে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের অনুমোদনও দিয়েছেন।

কুন্দি জানিয়েছেন, অবৈধ খননকার্যে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, প্রদেশের খনিজ সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। এখন তদন্তে মূলত দুটি বিষয় গুরুত্ব পাবে—স্বর্ণ উত্তোলনের অর্থ সত্যিই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে গেছে কি না এবং এর পেছনে কারা জড়িত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জসহ দেশে আগুন সন্ত্রাস সৃষ্টিকারী নিষিদ্ধ আ.লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে: মোঃ হারুন-অর রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


গোপালগঞ্জসহ দেশে আগুন সন্ত্রাস সৃষ্টিকারী নিষিদ্ধ আ.লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে: মোঃ হারুন-অর রশিদ

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশিদ মন্তব্য করেছেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের সূচনা করেছে। তিনি উল্লেখ করেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অন্যান্য সংগঠন সন্ত্রাসী দলটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে মাঠে রয়েছে এবং থাকবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে, সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলায় মোটরসাইকেল মিছিলের পর তিনি এই বক্তব্য দেন।

মোঃ হারুন-অর রশিদের নেতৃত্বে রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল শুরু হয়। এই মিছিল কালুখালী উপজেলার দুর্গাপুর স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় এবং সেখান থেকে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ আরও বলেন, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে, জ্বালাও পোড়াওয়ের সঙ্গে জড়িতদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ার কাজ চলছে। পাশের একটি দেশের মদদে এ দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। শান্তিপ্রিয় মানুষ এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করবে না। জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

তবে যারা নিরীহ এবং জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িত নয়, তারা শান্তিতে বসবাস করবেন। তিনি সকলকে উস্কানীতে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সতর্ক থাকার আহবান জানান এবং অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%