ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আইপিএলে না খেলার সিদ্ধান্ত জানালেন ট্রাভিস হেড


আইপিএলে না খেলার সিদ্ধান্ত জানালেন ট্রাভিস হেড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ‘ট্রাভিষেক’ জুটির দেখা মিলবে না বলে মনে হচ্ছে। অভিষেক শর্মা থাকলেও উদ্বোধনী জুটিতে তার সঙ্গী হারাতে হচ্ছে। ক্রিকইনফো সূত্রে জানা গেছে, ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে নিজের ওয়ার্কলোড কমানোর উদ্দেশ্যে আগামী মৌসুমে আইপিএলে না খেলার সিদ্ধান্ত হায়দরাবাদকে জানিয়েছেন ট্রাভিস হেড। ফলে, তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

হেডের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হায়দরাবাদের ব্যাটিং লাইনআপের জন্য একটি বড় ধাক্কা হবে। তবে ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের আগে তাদের পার্সে বড় অঙ্কের অর্থ যুক্ত হবে। ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে ধরে রাখা পাঁচজন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের মধ্যে হেড একজন ছিলেন। আইপিএল কর্তৃপক্ষ যদি তার ছাড়পত্র অনুমোদন করে, তাহলে ওই অর্থ ফ্র্যাঞ্চাইজিটির নিলাম বাজেটে যুক্ত হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানোর শেষ দিন।

আরও পড়ুন: পিকের দাবি, ওওনোর ১২ ম্যাচ নিষেধাজ্ঞা অন্যায্য, এটি দুর্ঘটনা

হেডের এই সিদ্ধান্ত অবশ্য একেবারে অপ্রত্যাশিত নয়। গত আগস্টে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ক্রিকইনফোকে জানিয়েছিলেন, ২০২৭ সালে অস্ট্রেলিয়ার সামনে অনেক ‘গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় অগ্রাধিকার’ রয়েছে, যার কারণে কিছু সিদ্ধান্ত নিতে হবে। ২০ ম্যাচের ব্যস্ত টেস্ট সূচির পাশাপাশি ম্যাকডোনাল্ডের উল্লেখ করা গুরুত্বপূর্ণ সূচির মধ্যে রয়েছে আইপিএলের পরপরই জুনে সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এরপর জুন-আগস্টে অ্যাশেজ এবং অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ।

যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালের মেগা নিলামের আগে ধরে রাখা খেলোয়াড়কে ছেড়ে দেয় বা অন্য দলের সঙ্গে বিনিময় করে, সে সময়ের রিটেনশন স্ল্যাব অনুযায়ী তাদের নিলাম বাজেট সমন্বয় করা হয়। হায়দরাবাদের ক্ষেত্রে বাড়তি কোনো অর্থ যোগ বা বিয়োগ হবে না। কারণ, মেগা নিলামের আগে চারজন চুক্তিবদ্ধ খেলোয়াড়কে ধরে রাখার মূল্য ছিল ৬১ কোটি রুপি। তাদের বাকি চারজনের বেতন যোগ করলেও একই অঙ্ক পাওয়া যায়। হেনরিখ ক্লাসেন ২৩ কোটি, প্যাট কামিন্স ১৮ কোটি, অভিষেক শর্মা ১৪ কোটি এবং নীতীশ কুমার রেড্ডি ৬ কোটি রুপি রুপিতে চুক্তিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিকের দাবি, ওওনোর ১২ ম্যাচ নিষেধাজ্ঞা অন্যায্য, এটি দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


পিকের দাবি, ওওনোর ১২ ম্যাচ নিষেধাজ্ঞা অন্যায্য, এটি দুর্ঘটনা

এফসি আন্দোরার মালিক জেরার্ড পিকে মন্তব্য করেছেন যে গোলরক্ষক হেসুস ওওনোর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা তার প্রাপ্য নয়। ওওনোর একটি ট্যাকেলের ফলে তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল প্রাণ হারান।

গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে আন্দোরা ও তেনেরিফের মধ্যে সংঘর্ষের সময় দে মিগেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ২৫ বছর বয়সী ওওনো। পরের দিন ৩০ বছর বয়সী দে মিগেল মারা যান। এরপর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি গত সপ্তাহে ওওনোর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা নিশ্চিত করে।

পিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, বর্তমান এবং সাবেক খেলোয়াড়, কোচ ও গোলরক্ষকদের বেশিরভাগই এই ঘটনাটিকে “একটি দুর্ঘটনা” হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি, এই ঘটনার জন্য হেসুসকে সর্বোচ্চ শাস্তি দেওয়া তাকে এমন একটি অবস্থায় ফেলেছে, যা তার প্রাপ্য নয়। কারণ, যা ঘটেছে তার জন্য সে দায়ী নয়।”

১২ ম্যাচের নিষেধাজ্ঞা ছিল ওওনোর জন্য সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি। তবে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, তারা কেবল মাঠের ঘটনার বিচার করতে পেরেছে এবং ‘ঘটনার মর্মান্তিক পরিণতি’ বিবেচনায় নিতে পারেনি।

রায়ের পর তেনেরিফে কোচ আলভারো সেরভেরা মন্তব্য করেন যে তিনি বুঝতে পারছেন নিয়মকানুনে এমন পরিস্থিতির স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে তার মতে, এই নিষেধাজ্ঞা অনেকের কাছে “খুবই হালকা” মনে হতে পারে।

পিকে সাম্প্রতিক আরেকটি ঘটনার উদাহরণ তুলে ধরেন। স্পেনের দ্বিতীয় বিভাগের এক ম্যাচে আলবাসেতের উইঙ্গার হোসে করপাস অসাবধানতাবশত সাবাদেলের মিডফিল্ডার কোয়াদরি লিয়ামিদ-এর মাথায় লাথি মারেন। নাইজেরিয়ান ফুটবলার লিয়ামিদ অচেতন হয়ে পড়লেও পরে হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়া পান। অন্যদিকে করপাস সরাসরি লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান।

পিকে বলেন, “সৌভাগ্যবশত কোয়াদরি সুস্থ আছে। ওই ঘটনায় পরিণতি প্রাণঘাতী হয়নি এবং কমিটি করপাসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, “তাহলে আসলে শাস্তি দেওয়া হচ্ছে কোন কিছুর জন্য? ঘটনার জন্য, নাকি তার পরিণতির জন্য?”

এই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য ইকুয়েটোরিয়াল গিনি জাতীয় দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ওওনো। পিকের মতে, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই তার মাঠে ফেরা সম্ভব হবে না।

তিনি বলেন, “হেসুসের মাঠে ফিরতে এবং প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে প্রস্তুত হতে ১২ ম্যাচেরও বেশি সময় প্রয়োজন হবে। “কোনো শাস্তিই দে মিগেলকে আমাদের কাছে ফিরিয়ে আনতে পারবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির দোকান ভাঙচুর, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির দোকান ভাঙচুর, গ্রেপ্তার ২

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, তারা মহানগর ছাত্রলীগের নেতা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তানজিল ইসলাম ও অনিক দত্ত। মঙ্গলবার দুপুর ১টায় নগরের খাতুনগঞ্জে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টায় নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় তারা ‘ইলিয়াছ ব্রাদার্স’ নামের প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালান। এতে প্রতিষ্ঠানটির গ্লাস ও দরজা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনে চালান দেয়। একই সঙ্গে দোকান ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খাতুনগঞ্জে একটি দোকানে ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। আমরা খবর পেয়ে দুজনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনে বনদস্যুদের আস্তানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন গহীন বনাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল করার উদ্দেশ্যে এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এই অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন গহীন এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে। এরপর মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে সেখানে অভিযান শুরু করেন।

অভিযান চলাকালে তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার গান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ডাকাতদলের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরো জানান, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে বনদস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম প্রতিমন্ত্রী: বর্তমান রাজনীতির বড় চ্যালেঞ্জ গুপ্ত শক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ধর্ম প্রতিমন্ত্রী: বর্তমান রাজনীতির বড় চ্যালেঞ্জ গুপ্ত শক্তি

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু বা শেখ হাসিনা ও তার বাহিনী নয়, বরং ভেতরে লুকিয়ে থাকা ‘গুপ্ত’ ও ‘সুপ্ত’ শক্তি বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতে সংসদ সদস্য নাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান ধর্ম প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি নাহিদুল ইসলামকে সতর্ক হওয়ার পরামর্শ দেন, যারা তাকে ডেকে নিয়ে পাশে না থেকে সরে গিয়ে ন্যাক্কারজনক ও নির্লজ্জতার পরিচয় দিয়েছেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, "মনে রাখবেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু প্রকাশ্য হাসিনা এবং তার বাহিনী না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুপ্ত। কারণ, যে যার ভেতরে গুপ্ত থাকে, তাদের মধ্যে কিন্তু দ্বিপাক্ষিক কিছু চুক্তি থাকে—যে আজকে তুমি আমাকে গুপ্ত রাখো, কালকে যদি পরিবেশ উল্টে যায়, আমিও তোমাকে গুপ্ত রাখব।"

প্রকাশ্য শত্রুর চেয়ে অদৃশ্য বা পরিচয় গোপন রাখা শত্রুদের বেশি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, "আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়; বরং যাদের প্রকাশ্যে দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না, এই ধরনের গুপ্ত ও সুপ্ত শত্রু। এজন্য আমাদের সবাইকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%