ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখার উপায়


ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখার উপায়

ব্রাজিল জাপানের বিরুদ্ধে হারের পর জয়ের পথে ফিরতে চায়। মঙ্গলবার, সিঙ্গাপুরের বিরুদ্ধে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দেশের জাতীয় ফুটবল দলের ইতিহাসে এটি প্রথম সাক্ষাৎ।

২০২৬ সালের আন্তর্জাতিক ফুটবল সূচিতে এই ম্যাচটি ব্রাজিলের শেষ। সুতরাং, সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়লাভের পাশাপাশি নতুন খেলোয়াড়দের যাচাই করারও এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এই পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।

তবে, নিষেধাজ্ঞার কারণে আনচেলত্তি আজ ডাগআউটে উপস্থিত থাকতে পারবেন না। এক ম্যাচের নিষেধাজ্ঞায় তাকে সাইডলাইনের বাইরে থাকতে হবে। তার পরিবর্তে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি। একই কারণে মাঠে নামতে পারবেন না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়াও। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন ব্রুনো গিমারেস।

আরও পড়ুন: রংপুরকে হারিয়ে খুলনা জয় করল রেকর্ড অষ্টম শিরোপা

বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল এখনও পর্যন্ত ম্যাচটি সরাসরি সম্প্রচার করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বিদেশি সম্প্রচার মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে খেলা দেখার সম্ভাবনা রয়েছে।

প্রকাশিত আন্তর্জাতিক সম্প্রচার সূচি অনুসারে, ব্রাজিলে ম্যাচটি সরাসরি দেখাবে TV Globo, SporTV ও ge TV। অনলাইনে সম্প্রচারের ব্যবস্থা রয়েছে Globoplay-তে। অন্যদিকে, সিঙ্গাপুরে ম্যাচটি দেখা যাবে meWATCH প্ল্যাটফর্মে। তবে বাংলাদেশ থেকে এসব মাধ্যমে খেলা দেখা যাবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট অঞ্চলের সম্প্রচার স্বত্বের ওপর।

ম্যাচের সরাসরি সম্প্রচার খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Brazil vs Singapore Live’ লিখে অনুসন্ধান করা যেতে পারে। তবে অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে প্রবেশের আগে সেগুলোর বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে অননুমোদিত ওয়েবসাইট বা অ্যাপে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা অজানা ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকা উচিত।

যদি টিভি বা অনলাইনে সরাসরি খেলা দেখার সুযোগ না থাকে, তবে FotMob, Sofascore ও ESPN অ্যাপের মাধ্যমে ম্যাচের তাৎক্ষণিক স্কোর, বল দখলের হার, বিভিন্ন পরিসংখ্যান এবং লাইভ ধারাভাষ্য অনুসরণ করা যাবে।

আরও পড়ুন: ক্লপ: ইনফান্তিনো ব্ল্যাটারের চেয়ে খারাপ, পদত্যাগের দাবি

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

লুকাস পেরি (গোলরক্ষক), ভান্দেরসন, জোনাথন জেসুস, গ্যাব্রিয়েল মাগালাইয়েস, দগলুস সান্তোস, জোয়াও গোমেস, ব্রুনো গিমারায়েস, রায়ান, এস্তেভাও, এন্দ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরে ইউএনও আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


উজিরপুরে ইউএনও আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে। ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকায় ‘উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী সুজা ২০২৪ সালের ৫ নভেম্বর সরকারি আদেশের মাধ্যমে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ কারণে তিনি স্থানীয় জনগণের কাছে আস্থাভাজন হয়ে ওঠেন। জাতীয় নির্বাচনের পর সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করে দলীয় নেতাকর্মীদের প্রশংসা অর্জন করেছেন বলেও জানা গেছে।

এলাকার অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য তাঁর বদলির আদেশের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী দিনমজুর রুবেল খান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসার খরচ জোগাতে আমি যখন হিমশিম খাচ্ছিলাম, তখন মানবিক ইউএনও আলী সুজা আমার পরিবারের খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তাঁর সহযোগিতায় আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি।”

নাম প্রকাশ না করার শর্তে মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, একজন সরকারি কর্মকর্তা হয়েও ইউএনও আলী সুজা বিভিন্ন এলাকার অবহেলিত ও অসহায় মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাঁদের পুনর্বাসনে সহযোগিতার উদ্যোগ নিয়েছেন। তাঁর বদলির খবরে তাঁরা মর্মাহত। তাঁরা মনে করেন, উজিরপুরে আরও কিছুদিন দায়িত্ব পালন করলে এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজাকে পটুয়াখালী সদর উপজেলায় বদলি করে সেখানে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমানকে উজিরপুরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আন্দ্রে মালরোকে স্মরণে ফরাসি সপ্তাহ উদ্‌যাপন করবে ফ্রান্স দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


ঢাকায় আন্দ্রে মালরোকে স্মরণে ফরাসি সপ্তাহ উদ্‌যাপন করবে ফ্রান্স দূতাবাস

ফরাসি লেখক, বুদ্ধিজীবী এবং দেশটির প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আন্দ্রে মালরোর মৃত্যুর ৫০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় ‘সেমেইন ফ্রঁসেজ’ বা ফরাসি সপ্তাহ উদ্‌যাপন করবে ফ্রান্স দূতাবাস। এই আয়োজন আগামী ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। ফরাসি সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র ও খাদ্যসংস্কৃতির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে আন্দ্রে মালরোর সংহতি ও অবদানের বিষয়টিও তুলে ধরা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে সপ্তাহব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, "আন্দ্রে মালরোর মৃত্যুর ৫০তম বার্ষিকী তার কর্ম ও আদর্শকে নতুন করে স্মরণ করার সুযোগ তৈরি করেছে।" একই সঙ্গে তিনি বলেন, "এটি স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদ্‌যাপনেরও একটি উপলক্ষ।"

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানে ফরাসি সপ্তাহের অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। এই আয়োজন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আয়োজনের অন্যতম আকর্ষণ হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আন্দ্রে মালরো মেমোরি ওয়াল’ বা স্মৃতিদেয়াল স্থাপন। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রতি মালরোর সমর্থন এবং এ দেশের মানুষের প্রতি তার সংহতির স্মৃতি সংরক্ষণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আন্দ্রে মালরো গার্ডেন ও তার স্মৃতিসৌধের সামনে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের ঐতিহাসিক বন্ধুত্বের স্মৃতি তুলে ধরা হবে।

ফরাসি সপ্তাহের সাংস্কৃতিক কর্মসূচিতে আর্টিস্ট ক্লাবের সহযোগিতায় অপেরা পরিবেশনা অন্তর্ভুক্ত থাকবে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসবের আয়োজন করবে, যেখানে বিভিন্ন আলোকচিত্রী তাদের কাজ প্রদর্শন করবেন। এই উৎসবে জনপরিসরে ধারণ করা দৈনন্দিন জীবনের নানা মুহূর্তও উঠে আসবে।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন থাকবে। ফরাসি চলচ্চিত্র পরিচালক ভিনসেন্ট মুন চলচ্চিত্র নির্মাণ ও সংশ্লিষ্ট বিষয়ে একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

খাদ্যসংস্কৃতিও এবারের আয়োজনে স্থান পাচ্ছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে ফরাসি খাবার উৎসব, যেখানে ফরাসি শেফ প্যাট্রিক কানে ফ্রান্সের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বিভিন্ন খাবার প্রস্তুত করবেন। পাশাপাশি, হোটেল ও পর্যটনশিল্পের শিক্ষার্থীদের জন্য তিনি একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন।

সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে ফরাসি সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে ফরাসি বুদ্ধিজীবী আন্দ্রে মালরোর ঐতিহাসিক ভূমিকার স্মরণও নতুন মাত্রা পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে ২০২৩ সালে যুদ্ধের ৭৫% মৃত্যু ড্রোন হামলায়: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


সুদানে ২০২৩ সালে যুদ্ধের ৭৫% মৃত্যু ড্রোন হামলায়: জাতিসংঘ

সুদানের চলমান গৃহযুদ্ধের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে ২ হাজার ২৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৬৩০ জনের বেশি, যা প্রায় ৭৫%, প্রাণ হারিয়েছে ড্রোন হামলার ফলে। এই তথ্য মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী, নিহত বেসামরিক নাগরিকদের প্রায় তিন-চতুর্থাংশই ড্রোন হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক সময়ে সুদানের যুদ্ধে ড্রোন হামলা একটি বড় ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক যুদ্ধরত দুই পক্ষের বিরুদ্ধে যুদ্ধের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, তাদের এই কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলমান রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে উভয় পক্ষই ড্রোন হামলার সংখ্যা বৃদ্ধি করেছে।

জাতিসংঘের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে তৈরি করা একটি প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলা এখন সুদানের যুদ্ধের একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। এই হামলার মাধ্যমে যুদ্ধরত পক্ষগুলো নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা ছাড়াও যুদ্ধের সম্মুখসীমা থেকে অনেক দূরের স্থানে হামলা চালাতে সক্ষম হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের যাচাই করা হিসাব অনুযায়ী, এই বছর এখন পর্যন্ত ২ হাজার ২৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬৩০ জনের বেশি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে সংস্থাটি আশঙ্কা করছে।

জাতিসংঘ জানিয়েছে, ড্রোন হামলার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত স্থাপনাগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের দৈনন্দিন জীবন এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোও এসব হামলার শিকার হচ্ছে। এর মধ্যে রয়েছে পানির উৎস এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির অস্ত্র কারখানা অবরোধ, ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


জার্মানির অস্ত্র কারখানা অবরোধ, ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে জার্মানির অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে পূর্ব জার্মানির একটি গোলাবারুদ কারখানার প্রবেশপথ অবরোধ করেছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। সোমবার লুবেন শহরে ডিয়েল ডিফেন্সের স্প্রিওয়ার্ক লুবেন কারখানার সামনে ৫০ জনের বেশি বিক্ষোভকারী এ কর্মসূচি পালন করেন।

‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ নামক সংগঠনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি শুরু করা হয়। সংগঠনটি ইসরাইলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ও রাফায়েলের সঙ্গে ডিয়েল ডিফেন্সের অংশীদারত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ, গাজায় যুদ্ধ চলার সময়েও জার্মানি ইসরাইলে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়ে যাচ্ছে।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিবাদ কর্মসূচি কেবল শুরু। তারা আগামী দিনগুলোতে আরো অস্ত্র কারখানার সামনে বিক্ষোভ জোরদার করার পরিকল্পনা করছেন। তাদের দাবি, জার্মান সরকার ইসরাইলে অস্ত্র রপ্তানির অনুমতি দিয়ে গাজায় সংঘটিত অপরাধে সহযোগী হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিবাদ করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেছে সংগঠনটি।

বিক্ষোভে অংশ নেওয়া ৩৪ জন সড়কে নিজেদের আটকে রাখেন। পরে পুলিশ অবরোধ সরিয়ে দেয়। কিছু বিক্ষোভকারী স্বেচ্ছায় সরে যান, অন্যদের পুলিশ সরিয়ে নেয়। দুপুরের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের পরিচয় নথিভুক্ত করে তাদের ঘটনাস্থল ছাড়ার নির্দেশ দেয়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি এবং কেউ আহতও হননি বলে পুলিশ জানিয়েছে।

কারখানায় আবার শুরু হয়েছে গোলাবারুদ উৎপাদন। সাবেক পূর্ব জার্মানির আমলের গোলাবারুদ কারখানা স্প্রিওয়ার্ক লুবেন ২০২৪ সালে ডিয়েল ডিফেন্স ও টাউবার গ্রুপ অধিগ্রহণ করে। ২০২৬ সালের গ্রীষ্মে সেখানে আবার গোলাবারুদ উৎপাদন শুরু হয়। ২০২৭ সালের মধ্যে কারখানাটির কার্যক্রম আরো সম্প্রসারণ করে কামানের গোলা ও রকেট তৈরির পরিকল্পনা রয়েছে।

কারখানাটির সামনে বিক্ষোভকে সংগঠনটি জার্মানির অস্ত্র রপ্তানি নীতির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির সূচনা হিসেবে বর্ণনা করেছে। তারা আগামী দিনগুলোতে বার্লিনসহ বিভিন্ন শহরের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সামনে আরো কর্মসূচি পালনের পরিকল্পনা করছে।

এর আগে গত ২০ অক্টোবরও জার্মানির একাধিক অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ করেছিলেন একই সংগঠনের কর্মীরা। সে সময় বার্লিনে রাইনমেটালের কারখানা এবং জেনারেল ডায়নামিকসের একটি স্থাপনাসহ কয়েকটি জায়গায় অবস্থান কর্মসূচি পালন করা হয়।

গাজায় ইসরাইলি সামরিক অভিযানের মধ্যে জার্মানির অস্ত্র রপ্তানি নিয়ে দেশটির ভেতরে রাজনৈতিক ও সামাজিক বিতর্কও অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানালেও জার্মান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি ও তাগেসশপিগেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%