ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আরবদের ঐতিহাসিক সাফল্যের পর ইসরায়েলি গণমাধ্যমে মুসলিমবিদ্বেষের ঝড়


আরবদের ঐতিহাসিক সাফল্যের পর ইসরায়েলি গণমাধ্যমে মুসলিমবিদ্বেষের ঝড়

ইসরায়েলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর দেশটির টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরববিরোধী বর্ণবাদী ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর থেকেই মূলধারার সংবাদমাধ্যম ও রাজনীতিবিদদের একাংশের মধ্যে এই নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে।

সম্প্রতি ইসরায়েলের ‘চ্যানেল ১৩’-এর একটি অনুষ্ঠানে সঞ্চালক ইয়াল বারকোভিচ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ এবং ইসরায়েলি পার্লামেন্টের আরব সদস্য আহমেদ তিবির চিকিৎসাশাস্ত্রের ডিগ্রি নিয়ে প্রকাশ্যে উপহাস করেন। অনুষ্ঠানে সহ-সঞ্চালক মোরিয়া আসরাফও তাঁর কথায় হাসিতে ফেটে পড়েন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে চ্যানেলটির নিয়মিত বিশ্লেষক ও জরিপ প্রতিষ্ঠান স্ট্যাটনেটের প্রধান নির্বাহী ইউসেফ মাকলাদেহ অনুষ্ঠানটি বর্জনের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাকলাদেহ বলেন, গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে এমন বর্ণবাদী বক্তব্য প্রচার হতে পারে না। স্টুডিও থেকে ছড়ানো এই উসকানি সাধারণ মানুষের ওপর সহিংসতা ডেকে আনতে পারে বলে তিনি চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সতর্ক করেছেন। বিতর্কের মুখে চ্যানেল ১৩ কর্তৃপক্ষ সঞ্চালক ইয়াল বারকোভিচকে সাময়িক বরখাস্ত করেছে।

আরও পড়ুন: সৌদি আরব হুতিবিরোধী জোটের কমান্ডারকে বরখাস্ত করেছে

গত নির্বাচনে প্রায় ৮০ শতাংশ আরব ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। আরব জোট ‘জয়েন্ট লিস্ট’ ১১টি এবং ‘রা’আম’ পার্টি ৮টি আসন জিতে নেয়। বিশ্লেষকদের মতে, বিদায়ী সরকারের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং আরব এলাকায় অপরাধ দমনের দাবিতেই বিপুলসংখ্যক আরব ভোটার ভোট দিয়েছেন।

তবে এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং ডানপন্থী গণমাধ্যম ‘চ্যানেল ১৪’-এ আরব দলগুলোকে ‘সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ আরববিরোধী বিদ্বেষমূলক প্রচারণা পাঁচ গুণেরও বেশি বেড়েছে। এছাড়া মূলধারার টিভি চ্যানেলগুলোতেও আরব রাজনীতিবিদদের সাক্ষাৎকার নেওয়ার হার ছিল অত্যন্ত নগণ্য।

এদিকে, চ্যানেল ১২-এর জ্যেষ্ঠ সাংবাদিক বারাক রাভিদ ও চ্যানেল ১৩-এর জনপ্রিয় আরব উপস্থাপক লুসি আহারিশ নিজ নিজ প্রতিষ্ঠানের স্টুডিওতে এমন বর্ণবাদী আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে, সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট আরব নাগরিকদের বিরুদ্ধে চলা এই বিদ্বেষমূলক প্রচারণার নিন্দা জানালেও, সরকার গঠনে আরব দলগুলোকে জোটে নেওয়ার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। সমাজবিজ্ঞানীদের মতে, গাজা যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে ইহুদি সমাজের একাংশের মধ্যে অবিশ্বাস বাড়ায় ইসরায়েলে আরব নাগরিকদের রাজনৈতিক অংশীদারিত্ব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

আরও পড়ুন: খালাস পেয়েও মুক্তি নেই পাকিস্তানি অধিকারকর্মী আলী ওয়াজিরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার সফর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার সফর

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বিরল এক সফরে উপস্থিত হয়েছেন।

তিনি ক্ষমতায় আসার পর যে ‘অসাধারণ ঘটনাপ্রবাহের’ সূচনা হয়েছে, সে বিষয়টি তুলে ধরেন।

এ খবর কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

সরকারের সরাসরি সম্প্রচারিত অডিওতে শোনা যায়, কাবুল বিশ্ববিদ্যালয়ে আখুন্দজাদা বলেন, ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রকৃত স্বরূপ সম্পর্কে মানুষকে জানানো জরুরি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘উসকানিদাতাদের’ খুঁজছে পুলিশ, ২৩ মামলায় গ্রেপ্তার ১৫৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


‘উসকানিদাতাদের’ খুঁজছে পুলিশ, ২৩ মামলায় গ্রেপ্তার ১৫৫ জন

পুলিশের দাবি, সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে উসকানি দিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের আন্দোলনে সম্পৃক্ততার আশঙ্কা করছে। এ ঘটনার প্রেক্ষিতে সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা ২৩টি মামলায় এ পর্যন্ত ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি কাঁদানে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর সোয়া ১২টার দিকে ফুলবাড়িয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দুই থানায় ২৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলোতে ৩৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১৩ হাজার ৩৬০ থেকে ১৫ হাজার ৩৫০ জনকে আসামি করা হয়েছে। সাভার মডেল থানায় ১১টি মামলায় ১১৭ জন এবং আশুলিয়া থানায় ১২টি মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার মডেল থানার পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় ১১টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৩৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১০ থেকে ১২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনটি ককটেল, পেট্রোলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, "শ্রমিক অসন্তোষের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কেউ পোশাক শ্রমিক নন, তারা সবাই বহিরাগত। নাশকতার উদ্দেশ্যে তারা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।"

তিনি আরও বলেন, "শ্রমিকদের মজুরির দাবিকে কেন্দ্র করে আন্দোলন হলেও এর পেছনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের উসকানি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্দোলনকে ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উসকানিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।"

অন্যদিকে, আশুলিয়া থানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামাসহ ৩ হাজার ৩৬০ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, মঙ্গলবার সাভার ও আশুলিয়ায় ৬০০-এর বেশি শিল্প পুলিশের সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়া এবং বিভিন্ন কারণে নতুন করে প্রায় ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।

তিনি বলেন, "সাভারের হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, ব্যাংকটাউন ও ডেলিকেট গার্মেন্টসের সামনে শ্রমিকেরা সড়ক অবরোধ করলেও পুলিশ, জেলা পুলিশ ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় তা তুলে দেওয়া হয়েছে। পদ্দার মোড় এলাকায় একটি কারখানার সামনে বহিরাগত ও সাবেক শ্রমিকেরা ফটক আটকে দিলেও পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।"

এছাড়া শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কারখানার আশপাশের সড়ক ও শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় নজরদারিও অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি সড়ক দুর্ঘটনায় মো. লিটন মিয়া নামের একজন সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন এবং দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। লিটন মিয়া কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার পুত্র।

মঙ্গলবার বিকেলে এই তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় দুই যাত্রী নিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন চালক লিটন মিয়া। পথিমধ্যে মহাসড়কের আমানগন্ডা এলাকায় পৌঁছালে, একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এর ফলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক লিটন মিয়া নিহত হন এবং অজ্ঞাতনামা দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম জানান, অটোরিকশাচালককে পরীক্ষা-নিরীক্ষা করার পর দেখা গেছে তিনি হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাথরঘাটায় সড়কে ড্রেজার পাইপে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


পাথরঘাটায় সড়কে ড্রেজার পাইপে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর

পাথরঘাটায় একটি দুর্ঘটনার ফলে মা রাশেদা বেগম (৫০) নিহত হয়েছেন, যখন তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এই ঘটনায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। নিহত রাশেদা বেগম নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের স্ত্রী ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, সোমবার রাতে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা শেষে ছেলে সোয়েবুর রহমানের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাশেদা বেগম। চৌরাস্তা এলাকায় পৌঁছানোর পর সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপের ওপর মোটরসাইকেলের চাকা উঠে গেলে তিনি ছিটকে পড়ে যান এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাহজালাল জানান, সড়কের ওপর ফেলে রাখা ড্রেজার পাইপের আশপাশে রাতে কোনো সতর্কতামূলক সংকেত বা আলোর ব্যবস্থা ছিল না। ফলে অন্ধকারে তারা পাইপটি দেখতে পাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে ড্রেজার পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু ফেলার কাজ চলছে। এই কারণে সড়কের ওপর উঁচু করে পাইপ ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব পাইপের কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি বারবার জানানো হলেও পাইপ অপসারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের ছেলে ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%