১০:০৬ এম
স্মার্টফোন থেকে ছবি ও ভিডিও ব্যবহার করার অভিযোগে, ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালি। শনিবার গারান্তে দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এ জরিমানার ঘোষণা দেয়। খবর আল জাজিরার
গারান্তে জানায়, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট তথ্য তাদের অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথভাবে কিছু জানানো হয়নি।
ফেসবুকের ‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি হোয়েন ব্রাউজিং ফেসবুক’ নামের একটি ফিচারের কারণে এ অভিযোগ উঠেছে। ফিচারটি চালু থাকলে ফেসবুক ব্যবহারের সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি জোটের ধ্বংসের দাবি
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের মতে, ফিচারটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ই-প্রাইভেসি নির্দেশনা বাস্তবায়নে করা ইতালির আইন লঙ্ঘন করেছে।
গারান্তে বলেছে, ব্যবহারকারীদের সম্মতি নেওয়ার প্রক্রিয়া মেটার কাছে অত্যন্ত সাধারণ ও অস্পষ্ট। ফলে ব্যবহারকারীরা সম্মতি দেওয়ার মাধ্যমে ঠিক কী ধরনের তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন, তা পুরোপুরি বুঝতে পারেন না। তাছাড়া, ফিচারটি আগে থেকেই চালু ছিল।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ ফিচারের কারণে ইতালিতে প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে, সম্মতি চাওয়ার অস্পষ্ট নোটিশ সংশোধন এবং ফিচারটি ডিফল্টভাবে চালু রাখার ব্যবস্থা বন্ধ করতে।
জরিমানার সিদ্ধান্তের পেছনে মেটার অসহযোগিতার বিষয়টিও উল্লেখ করেছে গারান্তে। একই সঙ্গে ২০১৯ সালে একই ধরনের একটি লঙ্ঘনের ঘটনায় মেটাকে জরিমানা করার বিষয়টিও এবারের সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত
মেটার বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশের সমান এ জরিমানা। তবে এ কার্যক্রমে সংগৃহীত ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়নি। মেটা এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছে।
এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মেটা। তবে ইতালির নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে প্রতিষ্ঠানটির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন