ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসদস্যসহ নিহত ১০


পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসদস্যসহ নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে পৃথক সামরিক অভিযানে ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর আট সদস্য নিহত হয়েছেন। এই অভিযানে দুই সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন। নিহত সেনাদের মধ্যে একজন হলেন মেজর ওমর মিনহাস নাসির।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ এবং নুশকির আশপাশে এসব অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত আট সন্ত্রাসীর মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।

আরও পড়ুন: রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি জোটের ধ্বংসের দাবি

আইএসপিআর আরও জানায়, টহলরত সামরিক যানবাহনের ওপর ড্রোন দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলায় মেজর ওমর মিনহাস নাসির এবং হাবিলদার আদনান খান নিহত হন। মেজর ওমর মিনহাস নাসিরের বাড়ি চাকওয়ালে অবস্থিত। অপরদিকে, হাবিলদার আদনান খান কোটলি সাতিয়ানের বাসিন্দা।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। আইএসপিআর জানায়, দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে।

এদিকে, অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা, তা খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেভাবে অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ এম


যেভাবে অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখবেন

মানুষ সামাজিক জীব। সমাজে একে অপরের অধিকার ও নিরাপত্তা রক্ষার মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু যখন অন্যায় ও অবিচার মানুষের চোখের সামনে ঘটে, এবং কেউ প্রতিবাদ করার সাহস দেখায় না, অথবা সাহস থাকলেও প্রয়োজন মনে করে না, তখন অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এক পর্যায়ে অন্যায় শুধুমাত্র অপরাধীর মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর মাশুল পুরো সমাজকে দিতে হয়। এজন্য ইসলাম অন্যায়ের প্রতিবাদকে শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয়, বরং ঈমানি দায়িত্ব হিসেবেও ঘোষণা করেছে।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, "তোমাদের কেউ গর্হিত কাজ হতে দেখলে সে যেন স্বহস্তে (শক্তি প্রয়োগে) পরিবর্তন করে দেয়, যদি তার সে ক্ষমতা না থাকে, তবে মুখ (বাক্য) দ্বারা এর পরিবর্তন করবে। আর যদি সে সাধ্যও না থাকে, তখন অন্তর দ্বারা করবে, তবে এটা ঈমানের দুর্বলতম পরিচায়ক।" (মুসলিম, হাদিস : ৮১)

অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। এই হাদিসে অন্যায়ের প্রতিবাদের তিনটি স্তর তুলে ধরা হয়েছে। সামর্থ্য ও দায়িত্বের সীমার মধ্যে থেকে কার্যকরভাবে অন্যায় প্রতিরোধ করা, প্রয়োজনে সত্য কথা বলা এবং অন্তত অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করা। তবে হাত দিয়ে প্রতিরোধের বিষয়টি শুধুমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য, যার আইনগত ও বাস্তবিক ক্ষমতা রয়েছে। এর অর্থ এই নয় যে কেউ নিজ হাতে আইন তুলে নেবে কিংবা প্রতিবাদের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।

অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন। আবু বকর (রা.) বলেন, "হে জনসমাজ! তোমরা তো এ আয়াত পাঠ করে থাকো, কিন্তু একে যথাস্থানে প্রয়োগ করো না। আল্লাহ বলেছেন, ‘তোমরা যদি সৎপথে পরিচালিত হও, তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।’" (সুরা : আল-মায়িদা, আয়াত : ১০৫)

তিনি খালিদ হতে বর্ণনা করে বলেন, "আমরা নবী (সা.)-কে বলতে শুনেছি, মানুষ যখন কোনো জালেমকে জুলুম করতে দেখে তার দুহাত চেপে ধরে না, অবিলম্বে আল্লাহ তাদের সবাইকে শাস্তি দেবেন।" (আবু দাউদ, হাদিস : ৪৩৩৮)

অর্থাৎ অন্যায়ের ব্যাপারে নির্বিকার থাকা শুধুমাত্র ব্যক্তিগত দুর্বলতা নয়; এটি সমাজের জন্যও বিপজ্জনক। কারণ অন্যায়কারী যখন দেখে, তার অপরাধের বিরুদ্ধে কেউ কথা বলছে না, তখন তার অপরাধপ্রবণতা আরও বেড়ে যায়। এভাবে একসময় জুলুম সমাজের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়।

অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা করাও অপরিহার্য। অপরাধী যে-ই হোক, তার পরিচয়, সম্পদ, ক্ষমতা কিংবা আত্মীয়তার সম্পর্ক যেন বিচারের পথে বাধা হয়ে না দাঁড়ায়। মহান আল্লাহ ইরশাদ করেন, "হে মুমিনগণ, তোমরা ন্যায়ের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষীরূপে। যদিও তা তোমাদের নিজদের কিংবা মা-বাবার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ কোরো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, তবে আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবগত।" (সুরা : নিসা, আয়াত : ১৩৫)

এ আয়াতের শিক্ষা হলো, ন্যায়বিচারের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ, দলীয় আনুগত্য কিংবা প্রভাবশালীদের প্রতি পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে, আর নিরপরাধ ব্যক্তির অধিকার রক্ষা করতে হবে। একইভাবে প্রতিবাদের ক্ষেত্রেও সত্যনিষ্ঠা ও ইনসাফ বজায় রাখতে হবে। কারো প্রতি বিদ্বেষ যেন আমাদের অন্যায় করতে প্ররোচিত না করে।

মহান আল্লাহ বলেন, "হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সঙ্গে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও। কোনে কওমের প্রতি শত্রুতা যেন তোমাদের কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা করো, আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত।" (সুরা : মায়িদা, আয়াত : ৮)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আজ (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি' ইউনিটের দ্বিতীয় শিফটের সময় বিকেল ৩টা থেকে ৪টা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।

আবেদনের যোগ্যতা

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে অন্যান্য সমমান পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি সমমান নির্ধারণ কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিএফএ (প্রাক) ডিগ্রিধারীদের আবেদনের সময় মার্কশিট আপলোড করতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। তবে তাঁদের জিপিএ পাঁচের স্কেলে নির্ধারণ করা হবে।

মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।

জিসিই ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে বি গ্রেড এবং তিনটিতে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।

ও লেভেল, এ লেভেল ও ইংরেজি ভার্সনে (জাতীয় শিক্ষাক্রম) উত্তীর্ণ আবেদনকারীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে আগ্রহীদের আবেদনের সময় অনলাইনে সংশ্লিষ্ট অপশন পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষাবোর্ড প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন। তবে যে শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ইউনিটে প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে তা ভুল উত্তর হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।

এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের আরোপিত শর্তও প্রযোজ্য হবে। কোটায় আবেদনকারীদের অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে তাঁদের কোটাভুক্তির আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিট ভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ‘এ’ (মানবিক) ইউনিট ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকা।

অন্যদিকে, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১০০ টাকা।

'এ’ ইউনিটের অধীনে কলা অনুষদের ১২টি বিভাগ, আইন অনুষদের দুটি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগ, চারুকলা অনুষদের তিনটি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) রয়েছে।

‘বি’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এ ইউনিটের অন্তর্ভুক্ত।

‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক বিশেষ শর্ত, অনলাইনে আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। দুই কানসহ মুখমণ্ডল আবৃত রাখা এবং হিজাব পরিহিত নারী পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তের প্রয়োজনে নারী পরিদর্শকের মাধ্যমে যাচাই করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইলিয়াম ও কেট তিন দিনের সফরে ভারত যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ এম


উইলিয়াম ও কেট তিন দিনের সফরে ভারত যাচ্ছেন

ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন, ক্যান্সারের চিকিৎসা শেষে প্রথমবারের মতো বড় পরিসরে বিদেশ সফরে যাচ্ছেন। তিনি স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে ভারতের মুম্বাইয়ে ১৬ থেকে ১৮ নভেম্বর তিন দিনের সফরে অংশগ্রহণ করবেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর (মঙ্গলবার) উইলিয়ামের প্রতিষ্ঠিত পরিবেশ বিষয়ক পুরস্কার ‘আর্থশট প্রাইজ’ প্রদান অনুষ্ঠানে রাজদম্পতি যোগ দেবেন।

২০২৪ সালে ক্যান্সার শনাক্ত হওয়ার পর কেমোথেরাপি গ্রহণ করেন কেট। বর্তমানে তিনি রোগমুক্তির পর্যায়ে থাকলেও অসুস্থতার প্রভাব এখনও তার ওপর রয়েছে। চিকিৎসার পর এটিই তার সবচেয়ে বড় বিদেশ সফর। এর আগে, ২০২৪ সালের পর গত মে মাসে ইতালিতে দুই দিনের সফরে গিয়েছিলেন তিনি।

প্রিন্স উইলিয়াম ২০২০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন সমাধান খুঁজে বের করার জন্য ‘আর্থশট প্রাইজ’ প্রতিষ্ঠা করেন। এই পুরস্কারের আওতায় প্রতিবছর পাঁচটি উদ্যোগকে নির্বাচিত করা হয় এবং প্রতিটি উদ্যোগকে আরো বড় পরিসরে বাস্তবায়নের জন্য ১০ লাখ পাউন্ড করে দেওয়া হয়।

কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, আর্থশট প্রাইজের মূল লক্ষ্য হলো হতাশার পরিবর্তে সম্ভাবনার পথ দেখানো। পরিবেশগত সংকট গুরুতর হলেও তা মোকাবিলায় উদ্ভাবন, সংকল্প ও সৃজনশীলতার অভাব নেই—এই বার্তাই তুলে ধরতে চায় উদ্যোগটি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে এযাবৎকালের সবচেয়ে বড় আয়োজন। এতে রাজপরিবারের সদস্যদের পাশাপাশি ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেত্রী আলিয়া ভাট ও রামি মালেকসহ বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’। ভারতে এটিই হবে দলটির প্রথম পরিবেশনা।

আর্থশট প্রাইজের অনুষ্ঠান ছাড়াও ভারতীয় ক্রিকেট, ফ্যাশন ও চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করবেন উইলিয়াম ও কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আবহাওয়া নিয়ে বার্তা দিল অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ এম


ঢাকার আবহাওয়া নিয়ে বার্তা দিল অধিদপ্তর

রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া, তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাস প্রদান করেছে সংস্থাটি।

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাসটি প্রকাশ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%