ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা-খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের বাস খাদে, আহত ৫০


ঢাকা-খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের বাস খাদে, আহত ৫০

ঢাকা-খুলনা মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জের চরগোবরা-ভাটিয়াপাড়া এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারাইে রাস্তার পাশের সরকারি গাছে ধাক্কা মেরে খাদে পড়ে গেছে। দুর্ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী, যার মধ্যে বাসের চালকও রয়েছেন, কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় বাসটির ছাদের একটি অংশ উড়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে প্রায় ৫৪ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কয়েকটি সরকারি গাছে ধাক্কা মেরে খাদে পড়ে যায়। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং যাত্রীরা আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনায় ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। একই সাথে বাকি যাত্রীরা সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে হাইওয়ে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় উফশী ধানের বাম্পার ফলন: বাঁশবুনিয়ায় ধান কাটা উৎসব অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ এম


ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও অধিকারবঞ্চনার বিভিন্ন ঘটনা নিয়ে পরিচালিত ফ্যাক্ট-ফাইন্ডিং (তথ্য-অনুসন্ধান) প্রতিবেদনের ফলাফল তুলে ধরতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র প্রশিক্ষণ কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস (উই)। সেসময় উপস্থিত ছিলেন উই’র পরিচালক শরিফা খাতুন, উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি ময়না খাতুন, ডিএইচআরএমও কুতুব উদ্দিন, উপজেলা ফ্যাসিলিটেটর ছাব্দার হোসেন, আলো ফেরদৌসীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠপর্যায়ে পরিচালিত ১৯ টি নারী নির্যাতনের ঘটনার তথ্য-অনুসন্ধান করা হয়েছে। এর মাধ্যমে নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য, ন্যায়বিচার প্রাপ্তির প্রতিবন্ধকতা এবং নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছে। ঘটনা গুলো স্থানীয়, সামাজিক ও পারিবারিক ভাবে সমাধান করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে বক্তারা বলেন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন নয়, তার কার্যকর বাস্তবায়নও জরুরি। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি, সামাজিক জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চায়ের সঙ্গে বিস্কুটে লুকিয়ে রয়েছে বড় স্বাস্থ্য ঝুঁকি!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ এম


চায়ের সঙ্গে বিস্কুটে লুকিয়ে রয়েছে বড় স্বাস্থ্য ঝুঁকি!

চায়ের কাপে মচমচে বিস্কুট ডুবিয়ে খাওয়া, বিকালের আলসেমি কাটাতে বা সকালে ঘুম থেকে উঠে, বাঙালির কাছে অন্যতম জনপ্রিয় একটি চর্চা। কিন্তু, এভাবে প্রতিদিনের এই অভ্যাসটি কি আমাদের পরিপাকতন্ত্র এবং পেটের স্বাস্থ্যকে নিঃশব্দে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে?

বিশেষজ্ঞদের মতে, চা ও বিস্কুটের এই যৌথ উপাদানগুলো মারাত্মকভাবে আমাদের পরিপাকতন্ত্রের সুরক্ষা প্রাচীর বা ‘গাট ব্যারিয়ার’-কে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম।

কেন আমাদের পরিপাকতন্ত্রের সুরক্ষা প্রাচীর অত্যন্ত গুরুত্বপূর্ণ?

আমাদের পরিপাকতন্ত্রের একটি প্রাকৃতিক সুরক্ষা স্তর বা ‘গাট ব্যারিয়ার’ থাকে। এটি রক্তে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং জীবাণুকে মিশে যেতে বাধা দেয় এবং খাবারে উপস্থিত পুষ্টি উপাদান শোষণে সহায়তা করে। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে ও পরিপাকপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে এই সুরক্ষা স্তর সচল থাকা আবশ্যক।

চা-বিস্কুট যেভাবে ক্ষতি করছে

চায়ের ক্যাফেইন এবং বিস্কুটের প্রক্রিয়াজাত উপাদান একত্রে মিলিত হয়ে পেটে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে।

ময়দার ক্ষতিকর প্রভাব: বিস্কুটে উপস্থিত মিহি ময়দায় ফাইবারের পরিমাণ প্রায় শূন্য। এটি পরিপাকতন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বা ‘মাইক্রোবায়োম’কে বিনষ্ট করে দেয়, ফলে পেট সহজে ভরে না এবং মানুষ প্রয়োজনের চেয়ে অধিক বিস্কুট খেয়ে ফেলে।

অতিরিক্ত চিনি ও কৃত্রিম উপাদান: বিস্কুটে যুক্ত অতিরিক্ত চিনি, কৃত্রিম মিষ্টিকারক, ইমালসিফায়ার এবং উদ্ভিজ্জ তেল পেটে প্রভাব ফেলতে গিয়ে প্রদাহ তৈরি করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটায়।

ক্যাফেইন ও অ্যাসিডিটি: ক্যাফেইন খালি পেটে বা দীর্ঘ সময় না খেয়ে থাকলে পাকস্থলীর সংবেদনশীল আস্তরণকে উত্তেজিত করে, যা অ্যাসিডিটির সমস্যা বহুগুণ বাড়ায়।

বর্ষাকালে বদহজম ও পেটের সমস্যা বৃদ্ধি ঘটে

বর্ষার সময় বাতাসে আর্দ্রতা বেশি হওয়ায় হজমপ্রক্রিয়া স্বাভাবিকভাবেই ধীর হয়ে যায়। এর ফলে খাবারে ব্যাকটেরিয়ার বৃদ্ধি, শারীরিক পরিশ্রম কমে যাওয়া এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে পেট ফাঁপা ও বদহজমের দুর্ভোগ বৃদ্ধি পায়।

সাবধান হওয়ার মতো কিছু সতর্কসংকেত

যদি আপনার পরিপাকতন্ত্র বা ‘গাট ব্যারিয়ার’ ক্ষতিগ্রস্ত হয়, শরীরের পক্ষ থেকে কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন:

ঘন ঘন পেট ফাঁপা এবং গ্যাস হওয়া,

পেটে এসিডিটি ও খাবার পর পেট ভারী লাগা,

নির্দিষ্ট কিছু খাবারে হজমের সমস্যা বা সংবেদনশীলতা,

অতিরিক্ত ক্লান্তি অনুভব করা এবং অনিয়মিত মলত্যাগ।

জরুরি সতর্কতা

যদি পেট ফাঁপার সঙ্গে সঙ্গে ওজন অস্বাভাবিকভাবে কমতে থাকে, দীর্ঘস্থায়ী ডায়রিয়া হয়, পায়খানার সঙ্গে রক্ত যায় কিংবা পেটে তীব্র ব্যথা অনুভূত হয়, তাহলে অবহেলা না করে অবিলম্বে পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

চা-বিস্কুটের ক্ষতিকর অভ্যাস বদলে পেটের স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যতালিকায় কিছু পুষ্টিকর পরিবর্তন আনা যেতে পারে। স্বাস্থ্যকর নাশতা হিসেবে বিস্কুটের পরিবর্তে ভাজা ছোলা, বাদাম ও বীজ, ফল ও দই অথবা লাল আটার পাউরুটি দিয়ে তৈরি সবজি স্যান্ডউইচ গ্রহণ করা যেতে পারে।

অন্যদিকে সাধারণ চায়ের পরিবর্তে আদা চা, জিরা পানি, কিংবা মৌরি ভেজানো পানি পরিপাকতন্ত্রের জন্য বেশ আরামদায়ক হতে পারে। সহজপাচ্য খাবার হিসেবে ঘরে পাতা দই, ফারমেন্টেড খাবার, কলা, ওটস, ডাল, এবং সেদ্ধ সবজি পেটের স্থায়িত্ব ও হজমক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। দৈনন্দিন খাদ্যাভ্যাসে সামান্য সচেতনতাই আপনার পরিপাকতন্ত্রকে দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে অনুষ্ঠিত জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ এম


বরিশালে অনুষ্ঠিত জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার উদ্যোগে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

প্রদর্শনী দিয়ে অনুষ্ঠান শুরু হয় ২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে। জুলাইয়ের নানান স্মৃতি বিজড়িত প্রদর্শনী পরবর্তীতে শিশু ও কিশোর পরিবেশনা, প্রেরণার গান, দেশের গান, জুলাইয়ের পুঁথি পাঠ, নাটিকা ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন চলে রাত ১১টা পর্যন্ত।

এই পরিবেশনায় অংশ নেয় হেরারশ্মি শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল। আমন্ত্রিত শিল্পী হিসেবে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী গোলাম মাওলা এবং মালিক আব্দুল লতিফ।

স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম। এছাড়া মহানগর সেক্রেটারি আসিফুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকারও উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগর জামায়াত ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ, জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। টাউন হলের নিচতলা ও দোতলা মিলে প্রায় সহস্রাধিক পুরুষ, নারী ও শিশু-কিশোর পুরো সময় আয়োজন উপভোগ করেন।

এছাড়া উল্লেখযোগ্য যে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে ধরা পড়ল ২ কেজির ইলিশ, বিক্রি হলো ৬ হাজার ৮২৫ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ এম


সাগরে ধরা পড়ল ২ কেজির ইলিশ, বিক্রি হলো ৬ হাজার ৮২৫ টাকায়

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে দেলোয়ার মাঝির জালে ধরা পড়েছে একটি বড় ইলিশ মাছ। শুক্রবার সকালে, এফবি জারিফ-তারিফ নামের ট্রলারের জেলেরা মাছটি শিকার করেন। ইলিশটির ওজন দুই কেজি ১০০ গ্রাম এবং মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিলাম ডাকে ছয় হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতি মণ দাম পড়েছে এক লাখ ৩০ হাজার টাকা।

দুপুরের দিকে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মনোয়ারা ফিশ আড়তে নিয়ে গেলে মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন নিলামে কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় বিক্রির জন্য পাঠাবেন। মৎস্য আড়তের ম্যানেজার সগির আকন জানান, বড় ইলিশের আলাদা চাহিদা রয়েছে এবং মাছটি এক লাখ ৩০ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে।

দেলোয়ার মাঝি জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে প্রায় ১৫ দিনের খারাপ আবহাওয়ার পরে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। অন্য মাছের সঙ্গে জালে এই বড় ইলিশটি ধরা পড়ে। তিনি জানান, এ বছর বড় ইলিশের সংখ্যা কম। তারপরও এমন একটি মাছ পেয়ে তারা খুবই খুশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেছেন, বড় আকারের ইলিশ ধরা পরার খবর জেলেদের জন্য অনেক খুশির। তিনি জানান, গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেছেন, সামনের দিনগুলোতে জেলেরা আরও বেশি ইলিশ ধরতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%