০৭:৫৯ পি.এম
জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, এবারের বাজেট কৃষক শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি সব সময় দেশের শিক্ষক, জ্ঞানী, গুণী এবং বুদ্ধিজীবীদের সম্মানিত করেছে। ক্ষমতায় আসার পর শিক্ষাবান্ধব বাজেট প্রদান করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণের জন্য সবচেয়ে ভালো বাজেট প্রদান করেছেন।
শনিবার (২০ জুন) বিকালে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসেসিয়েশন আয়োজিত গুণীজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন মো. আফসার আলী। অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আন্না মিনজ, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, সাবেক মেয়র ইসাহাক আলী, সাবেক প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, গুণীজন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শফীউল হাসান তিতু ও সদস্য সচিব রাশিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সাত্তারকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা নাটোরের বড়াইগ্রাম উপজেলাকে ভাগ করে বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি পৃথক উপজেলা গঠনের দাবি জানান। প্রধান অতিথি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার বক্তব্যে বলেন, বড়াইগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার আশ্বাস দেন।
আরও পড়ুন: ভিন্নমতের নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা: সরকারের দায়িত্বের প্রতিফলন
এর আগে সকালে হুইপ দুলু নাটোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রনোদনার আওতায় ক্ষুদ্র কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেছেন এবং শহরের পশ্চিম আলাইপুরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন