ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’-ডা. শফিকুর রহমান


‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছেন, যা আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেছেন, "প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন।" তিনি আরও বলেন, "শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে।"

অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক: খেলাফত মজলিস

জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে তিনি সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঐক্য গড়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে।" তিনি সবাইকে বৃহত্তম স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণে দেশে অস্থিরতা শুরু হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তিনি জানান, "তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।"

সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন: ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে দেশে আরও ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


ডেঙ্গুতে দেশে আরও ২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু ঘটেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ১২৯ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, রংপুর বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগে ১১৪ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ২৬৬ জন মারা গেছেন। এছাড়া, উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৭১ হাজার ৭৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে চার হাজার ৮৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বৈচিত্র্য আনার উদ্দেশ্যে, বাংলাদেশ আজ রাশিয়ার বাজারে নিজেদের পণ্যের জন্য অধিক প্রবেশাধিকার চাওয়ার পাশাপাশি রাশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলগুলোতে (ইকোনমিক জোন) বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই আহ্বান জানান।

হুমায়ুন কবির বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের বিষয়টি উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বিস্তৃত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন যে, দুই দেশ শীঘ্রই তাদের অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তি বা নথিপত্রগুলো চূড়ান্ত করবে।

উভয় পক্ষ দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা, যার মধ্যে স্কলারশিপ ও একাডেমিক বিনিময় অন্তর্ভুক্ত, সেসব ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছে।

হুমায়ুন কবির ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত খোজিন মন্তব্য করেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে আগ্রহী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই জাদুঘরে ৫৯০ শহীদের স্মারক নিয়ে দেশের বৃহত্তম প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


জুলাই জাদুঘরে ৫৯০ শহীদের স্মারক নিয়ে দেশের বৃহত্তম প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মৃতিস্মারক নিয়ে দেশের বৃহত্তম আয়োজনের পরিকল্পনা করছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক এই আয়োজনটি আগামী ২৮-২৯ নভেম্বর জুলাই জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বুধবার, রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে মহাপরিচালক এহ্‌সান মাহমুদ এই আয়োজনের ঘোষণা দেন।

এহ্‌সান মাহমুদ বলেন, "জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে জাগরূক রাখতে আমরা শহীদদের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজনটি করতে যাচ্ছি। আগামী ২৮-২৯ তারিখে আমাদের সংগ্রহে থাকা ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেব।"

তিনি আরও যোগ করেন, "জায়গার সংকুলান না হওয়ায় চাইলেও আমরা আমাদের জাদুঘরের গ্যালারিতে সব স্মৃতিস্মারক প্রদর্শন করতে পারছিলাম না। এই আয়োজনের মাধ্যমে আমরা সব স্মৃতিস্মারক সামনে আনব। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যাদের হত্যা করেছিলেন, যাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি, তাদের স্মৃতিকে সবার সামনে আবার তুলে ধরব।"

এছাড়া, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের দলিল হিসেবেও এই আয়োজনের ভিন্ন তাৎপর্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগের হাসান ইনাম ও আবু বকর সাঈম।

উল্লেখ্য, আগামী ২৮-২৯ নভেম্বর শনি ও রোববার জুলাই জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত হবে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক শহীদদের স্মারক প্রদর্শনী। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলের পাঁচশ বছরের তেঁতুল গাছটি বরেন্দ্রের বুকে এক অটল অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


নাচোলের পাঁচশ বছরের তেঁতুল গাছটি বরেন্দ্রের বুকে এক অটল অধ্যায়

॥ শরিফুল ইসলাম ॥

চাঁপাইনবাবগঞ্জ, ২৫ নভেম্বর, ২০২৬ : ঐতিহাসিক তেভাগা আন্দোলন ও সাঁওতাল বিদ্রোহের স্মৃতিবিজড়িত জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের শুড়লা গ্রামে আজও কালের সাক্ষি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন তেঁতুল গাছ।

এই তেঁতুল গাছটির বয়স ৫০০ বছর, যা বরেন্দ্র অঞ্চলের একটি সাধারণ বৃক্ষ নয়, বরং এটি ঐতিহ্য, সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের এক পরম আশ্রয়স্থল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নেজামপুর ইউনিয়নের শুড়লা গ্রামে অবস্থিত ঐতিহাসিক গাছটি।

গাছটির উচ্চতা প্রায় ১৫০ ফুট। দূর থেকে দেখলে মনে হয় যেন বরেন্দ্র ভূমির এক বিশাল সবুজ ছাতা মাটির বুক চিরে দাঁড়িয়ে আছে।

প্রায় ৩০ বছর আগে এক প্রলয়ংকরী ঝড়ে গাছটির একটি মূল বড় ডাল ভেঙে পড়লেও এর বিশালতায় তেমন কোনো কমতি আসেনি।

স্থানীয়দের ধারণা ছিল গাছটির বয়স ৭০০ থেকে ৮০০ বছর। তবে ২০০৩ সালের দিকে চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক নুরুল হক গাছটি পরিদর্শন করেন এবং উদ্ভিদ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পরীক্ষা করান।

বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেন যে, গাছটির বয়স অন্তত ৫০০ বছরেরও বেশি।

শুড়লা গ্রামের বাসিন্দা শ্রী দয়াল চন্দ্র বর্মণ জানান, "আমরা ছোটবেলা থেকে বাপ-দাদাদের কাছে শুনেছি এই গাছের বয়স প্রায় ৫০০ বছরের বেশি।"

তিনি আরও বলেন, "আমরা শুড়লা গ্রামবাসী এই গাছের গোঁড়ায় কালী পূজা করি। এই গাছ আমাদের কাছে খুব পবিত্র এবং গৌরবের। তাই নিজের ঘর-বাড়ির মতোই এই গাছের নিচ পরম মমতায় প্রতিদিন পরিষ্কার করি।"

গাছের পাশেই বাড়ি স্কুলশিক্ষক বিরেন বর্মণ বাসসকে জানান, "জমিদার কুঞ্জু মোহন মৈত্রের কাছারি ও খামারবাড়ি ছিল এখানে। আর তেঁতুলগাছের নিচে ছিল বিরাট কালী মন্দির।"

তিনি জানান, "কালী মন্দিরে বরেন্দ্র অঞ্চলসহ দেশের দূর-দূরান্ত থেকে আদিবাসীরা আসতেন পূজা-অর্চনা করতেন। তেঁতুল গাছটি এখনও গ্রামের মানুষের সুখ-দুঃখের সাক্ষি হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।"

গাছটিকে ঘিরে শুড়লা গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে নানান অবিশ্বাস্য গল্প। গ্রামের শতবর্ষী বৃদ্ধারাও তাদের পূর্বপুরুষদের উদ্ধৃতি দিয়ে বলেন যে, "তাদের দাদারাও গাছটিকে এই একই রূপে বিশাল দেখেছেন।"

তারা জানান, স্থানীয় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে গাছটির গোড়ায় অবস্থিত প্রাচীন কালী মন্দির এবং এই বৃক্ষটি অত্যন্ত পবিত্র।

গ্রামবাসীরা জানান, গাছটিতে এখনও প্রচুর পরিমাণে মিষ্টি-টক স্বাদের তেঁতুল ধরে, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে।

শুড়লা গ্রামের ১০০ বছর বয়সী শ্রীমতী দানোবালা রানী জানান, "যুগযুগ ধরে আমরা প্রতি বছর বিভিন্ন ধর্মীয় তিথিতে এখানে মানত করি, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালন করি।"

তিনি এই ঐতিহাসিক পবিত্র গাছটি রক্ষার জন্য গাছটির চারদিক বাঁধানো, প্রাচীর নির্মাণ এবং গাছটির নিচে থাকা শুড়লা কালী মন্দির মেরামতের দাবি জানান।

কথা হয় শুড়লা গ্রামের স্থায়ী বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ মাষ্টারের সঙ্গে।

তিনি বাসসকে জানান, "৫০০ বছরের এই গাছে বছরের বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত দূর-দূরান্ত থেকে প্রচুর বক আসে। এছাড়াও বছরের অন্য সময় টিয়া, ঘুঘু, বক, পেঁচাসহ বিভিন্ন পাখি বাস করে।"

এসব প্রাকৃতিক বিস্ময় দেখতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু শিক্ষার্থী, গবেষক ও পর্যটক ভিড় জমান শুড়লা গ্রামে।

তিনি বলেন, "প্রশাসনের পক্ষ থেকে একসময় এখানে একটি ইকো-পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল, এর মধ্যে রাস্তা সংস্কার ও এলাকাটির আধুনিকায়ন অন্তর্ভুক্ত ছিল। তবে এখনও দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি।"

সুভাষ মাষ্টার আরও জানান, বৈদ্যপুর থেকে শুড়লা গ্রাম পর্যন্ত পাকা রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে এই ঐতিহাসিক গাছটি দেখতে আসা পর্যটকরা সমস্যায় পড়েন।

এসময় তিনি এই জীবন্ত ঐতিহাসিক স্মারকটিকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরতে দ্রুত একটি সরকারি পর্যটন কেন্দ্র গড়ে তোলা, এবং পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বৈদ্যপুর থেকে শুড়লা গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের দাবি জানান।

নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বাসসকে জানান, "৫০০ বছরের প্রাচীন এই তেঁতুল গাছটি আমাদের নেজামপুরবাসীর ঐতিহ্য।"

২০০৩ সালের দিকে উদ্ভিদ বিশেষজ্ঞদের দিয়ে তেঁতুলগাছটি পরীক্ষা করান চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক নূরুল হক।

সেই সময় বিশেষজ্ঞরা পরীক্ষা করে গাছটির বয়স ৫০০ বছরেরও বেশি বলে নিশ্চিত করেন।

এরপর থেকেই স্থানীয় প্রশাসনের উদ্যোগে গাছটিকে প্রাচীনবৃক্ষ হিসেবে চিহ্নিত করা হয় এবং এর দেখভালের দায়িত্ব নেয় পাশাপাশি এর সুরক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড টাঙানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%