ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকারের দৃঢ়প্রতিজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী


সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকারের দৃঢ়প্রতিজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর আয়োজিত সমাবেশে তিনি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসরত সকল ধর্মের মানুষের একমাত্র ও প্রধান পরিচয় হলো তারা এই দেশের গর্বিত নাগরিক। ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে ‘সংখ্যালঘু’ হিসেবে অভিহিত করার সুযোগ নেই।

আরও পড়ুন: ত্রাণমন্ত্রী: এখন আর দিনের ভোট রাতে হয় না

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশেষ মহল সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষকে কেবল ‘ভোট ব্যাংক’ হিসেবে ব্যবহার করেছে। তবে গত নির্বাচনে দেশের মানুষ সেই ধারণার অবসান ঘটিয়ে নিজেদের রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছে।

তিনি উল্লেখ করেন, অতীতে যারা ক্ষমতার মোহে দেশের বিভিন্ন স্থানে উপাসনালয় ও সম্পত্তি দখল এবং সহিংসতার রাজনীতি করেছে, জনগণ তাদের সেই অপচেষ্টা সফল হতে দেয়নি। বিগত দিনে বেদখল হওয়া অর্পিত সম্পত্তি উদ্ধার এবং মন্দির-সংক্রান্ত অমীমাংসিত সমস্যার সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতিতে নয়, বরং কাজের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বাসী। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, উপাসনালয়ের নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নজরুলকে দেওয়া সাহসী সংবর্ধনার ঐতিহাসিক মানপত্রের সন্ধান

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য নিপুণ রায়সহ চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মি আবার গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমদাদুল হক মিলন উদ্বোধন করলেন সেরাদেশ ওয়েব পোর্টাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫২ এম


ইমদাদুল হক মিলন উদ্বোধন করলেন সেরাদেশ ওয়েব পোর্টাল

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সেরাদেশ অনলাইন ওয়েব পোর্টাল ও-এর প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় সান্তাহার-নওগাঁ মেইন রোডে আলতা প্যালেসের দ্বিতীয় তলায় সেরাদেশ ডটকমের প্রধান কার্যালয়ে ফিতা কেটে পোর্টালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সেরাদেশের সম্পাদকমণ্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, বসুন্ধরা শুভসংঘের সভাপতি শামীম আল মামুন, দৈনিক করতোয়ার সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, আজকের পত্রিকার প্রতিনিধি সাগর খান, দিনকালের প্রতিনিধি হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, মানবজমিনের ফিরোজ হোসেন, মুক্তখবরের হেদায়েতুল নয়ন, সেরাদেশের বার্তা সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, সহসম্পাদক অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, বদলগাছী প্রতিনিধি রানা হামিদ, জাতীয় পর্টির নেতা আব্দুল লতিফ, ডেন্টিস্ট আমিনুল ইসলাম সুমন ও আহসান হাবীব তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আগমন ও উদ্বোধনকে কেন্দ্র করে সেরাদেশ অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ে সাংবাদিক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি: ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫২ এম


মোদি: ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করতে হবে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের শত্রুদের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করা জরুরি। ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিল্লির ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে দশেরা উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মোদি উল্লেখ করেন, যে শক্তি দেশের ক্ষতি সাধন করে, যারা সমাজে বিভাজন সৃষ্টি করে এবং যে মানসিকতা আমাদের সংস্কৃতিকে ঘৃণা করে, তারাই দেশের শত্রু।

দিল্লিতে মোদির বক্তৃতার পূর্বে, মহারাষ্ট্রের নাগপুরে মঙ্গলবার, দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিজয়া দশমী উদযাপন বক্তৃতায় সংগঠনটির প্রধান মোহন ভাগবত দাবি করেন যে ‘অশুভ শক্তি’ ভারতে সরকার ফেলার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ভারতের অগ্রগতি আটকাতে না পেরে অশুভ শক্তি দেশকে ভাঙার চেষ্টা করছে। এই সব অশুভ শক্তি জানে, গত কয়েক দশক ধরে ভারত যেভাবে গুরুত্বপূর্ণ নীতি নিয়ে এগোচ্ছে, তাতে তারা এই অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না। তাই তারা ভারত এবং সংঘকে ভাঙার চেষ্টা করছে।

ভারতে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ তুলে ভাগবত ভিনদেশের উদাহরণও তুলে ধরেন। তার দাবি, ভারতের পরাজয় চায় বিশ্বের অনেক শক্তি। তবে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।

সম্প্রতি ফ্রান্স, নেপাল এবং বাংলাদেশে সরকারের বিরুদ্ধে যে জনবিক্ষোভ দেখা গেছে, তার উদাহরণ টেনে আরএসএস প্রধান বলেন, পশ্চিম থেকে একটি ঝড় আসছে, যা সংস্কৃতি, প্রচলিত ব্যবস্থা এবং নিরাপত্তাকে ঘৃণা করে। এই ঝড় ধ্বংসের উদ্দেশ্যে।

নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই কেউ কেউ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের ‘অরাজকতা’ তৈরি করছেন বলে দাবি করেছেন ভাগবত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে সাবেক দুই মেয়রসহ তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৩ এম


রাজধানীতে সাবেক দুই মেয়রসহ তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, এই তিন নেতা পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা কমিটিতে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে দুজন সাবেক পৌরসভার মেয়র এবং একজন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আবুল কালাম আজাদ (৬১), মোখলেসুর রহমান (৬৪) ও শহিদুল ইসলাম (৬৩)। আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র। মোখলেসুর রহমান একই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

অতিরিক্ত উপ-কমিশনার মো. জুয়েল রানা জানান, গ্রেপ্তার তিনজন ঢাকায় দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ফ্ল্যাটটিতে অবস্থান করছিলেন। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৩ এম


শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট

রাজধানীর হাজারীবাগে অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি গুদামে মুখোশধারী দুর্বৃত্তদের একটি দল হামলা ও ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারইখালী এলাকায় সিকদার মেডিকেল কলেজের পাশে এই ঘটনা ঘটে।

হামলাকারীরা গুদামের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। হামলার সময় তারা সিসিটিভি ক্যামেরা এবং ল্যাপটপ নিয়ে যায়। আকস্মিক এই হামলায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন আমার দেশকে জানান, ক্যাপ্টেন ইমনের (শীর্ষ সন্ত্রাসী ইমন) লোক পরিচয়ে এজেআর কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা একদল দুর্বৃত্ত হঠাৎ গুদামে প্রবেশ করে তাণ্ডব শুরু করে। তারা কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং একপর্যায়ে সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। হামলার সময় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার আগে আশপাশের এলাকার কয়েকটি সিসিটিভি ক্যামেরা বন্ধ বা অকার্যকর করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। হামলাকারীদের শনাক্ত করা কঠিন করতে পরিকল্পিতভাবে এমনটি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে হাজারীবাগ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলার পর বারইখালী ও সিকদার মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং লুট হওয়া মালামালের পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%