০১:৫৩ এম
রাজধানীর হাজারীবাগে অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি গুদামে মুখোশধারী দুর্বৃত্তদের একটি দল হামলা ও ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারইখালী এলাকায় সিকদার মেডিকেল কলেজের পাশে এই ঘটনা ঘটে।
হামলাকারীরা গুদামের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। হামলার সময় তারা সিসিটিভি ক্যামেরা এবং ল্যাপটপ নিয়ে যায়। আকস্মিক এই হামলায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন আমার দেশকে জানান, ক্যাপ্টেন ইমনের (শীর্ষ সন্ত্রাসী ইমন) লোক পরিচয়ে এজেআর কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে পাঁচ ককটেলসহ যুবক সাইফুল আটক, মোটরসাইকেল জব্দ
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা একদল দুর্বৃত্ত হঠাৎ গুদামে প্রবেশ করে তাণ্ডব শুরু করে। তারা কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং একপর্যায়ে সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। হামলার সময় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার আগে আশপাশের এলাকার কয়েকটি সিসিটিভি ক্যামেরা বন্ধ বা অকার্যকর করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। হামলাকারীদের শনাক্ত করা কঠিন করতে পরিকল্পিতভাবে এমনটি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর পেয়ে হাজারীবাগ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান : ডেপুটি স্পিকার
হামলার পর বারইখালী ও সিকদার মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং লুট হওয়া মালামালের পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন