১০:৩৫ এম
বাংলাদেশি বংশোদ্ভূত সাদাত আরেফিন তাসিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সনদ লাভ করেছেন। নিউইয়র্ক স্টেট বোর্ড অব ল এক্সামিনাসের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় জানানো হয়েছে যে, গত ২৮-২৯ জুলাই অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সাদাত আরেফিন তাসিন।
তাসিন একই সাথে নিউইয়র্ক ল কোর্স, নিউইয়র্ক ল এক্সাম এবং মাল্টিস্টেট প্রফেশনাল রেসপন্সিবিলিটি এক্সামও সফলতার সাথে সম্পন্ন করেছেন। কোর্ট অব আপিলসের নিয়মাবলী (কোর্ট রুলস ৫২০.৭) অনুসারে বোর্ড তাকে অ্যাটর্নি ও কাউন্সেলর হিসেবে ভর্তির জন্য ‘অ্যাপেলেট ডিভিশন, সেকেন্ড ডিপার্টমেন্ট’-এ প্রত্যয়ন করেছে।
এমন খুশির খবর জানার পর এক প্রতিক্রিয়ায় আরেফিন তাসিন বলেন, "এজন্য আমি খুবই আনন্দিত এবং সব কৃতিত্ব আমার বাবা ও মায়ের।" তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বের যেখানেই থাকুন না কেন, তিনি বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চান।
আরও পড়ুন: তুরস্কে শুরু হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’
জ্ঞানার্জনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, ধৈর্য ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে নিউইয়র্কের মর্যাদাপূর্ণ সেন্ট জনস ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে সম্প্রতি জুরিস ডক্টর (জেডি) ডিগ্রি অর্জন করেন তাসিন।
সাদাত আরেফিন তাসিন ১৯৯৯ সালের আগস্ট মাসে বরিশাল শহরের কলেজ রোডে মাতুলালয়ে (নানাবাড়ি) জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা। মাত্র ৪ বছর বয়সে বাবা-মায়ের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তাসিন। সেখানে কৃতিত্বের সাথে স্কুল ও কলেজের পাঠ চুকিয়ে তিনি আইন বিষয়ে উচ্চতর এই ডিগ্রি অর্জন করেন।
ছেলের এমন গৌরবোজ্জ্বল অর্জনে পিতা হাবিবুর রহমান সেলিম রেজা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া, তাসিনের এই সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে এবং সবাই তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন