০৪:২০ পি.এম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন যে, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অপপ্রচারের কড়া জবাব দিয়েছে।
তিনি উল্লেখ করেছেন, গত ৩০ তারিখে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির অপব্যবহার করে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়েছিল। তবে নির্বাচনের দিন প্রমাণিত হয়েছে যে, বিগত আট মাসে সরকারের নেওয়া জনকল্যাণমূলক পদক্ষেপ ও সঠিক রাজনীতিকে সাধারণ মানুষ গ্রহণ করেছে এবং বিরোধীদের অপপ্রচার প্রত্যাখ্যান করেছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে বগুড়া যুব ভবনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির পিছনে ভারত জড়িত: আবু হানিফ
এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে যুবসমাজকে সতর্ক করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এআই এমন একটি প্রযুক্তি, যা দিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে। কিন্তু এর অপপ্রয়োগ করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা ও প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকে নস্যাৎ করতে চায় একটি কুচক্রী মহল। জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুথানের পর ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশে প্রযুক্তিগত গুজব ও অপপ্রচার রুখতে দেশের যুবসমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি তৎপর হতে হবে।
এর আগে সকালে প্রতিমন্ত্রী বগুড়ার এসপি ঘাট এলাকায় করতোয়া নদী পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে করতোয়া, গজারিয়া ও ইছামতি নদীর খনন কাজ শুরু হবে। একনেকে অনুমোদিত প্রায় ১ হাজার ৯৪ কোটি টাকার এ প্রকল্পের আওতায় ২৯৪ কিলোমিটার নদী ও খাল পুনঃখনন করা হবে। এর ফলে বগুড়া শহরের রূপ বদলানোর পাশাপাশি নদীমাতৃক বাংলাদেশের হারানো প্রাণ ও জীববৈচিত্র্য ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার যৌথ আয়োজনে যুব ভবন হলরুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
আরও পড়ুন: দেবর-ভাবির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন