ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ফরিদপুরে গ্রেপ্তার হলেন ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউস


ফরিদপুরে গ্রেপ্তার হলেন ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউস

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউস (২৮) কে ফরিদপুরের সালথায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ফেরদাউস উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাসিন্দা মতিয়ার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের নেতা হিসেবে এলাকায় একটি প্রভাবশালী অবস্থানে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেরদাউস আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর, কয়েকদিন ধরে তিনি গোপনে তার গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: বালিয়াকান্দিতে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

এদিকে, তার পরিবার জানিয়েছে যে, ফেরদাউসের সোনালী ব্যাংকে ম্যানেজার পদে যোগ দেওয়ার কথা ছিল অতি শীঘ্রই।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান কালের কণ্ঠকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগের নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় চাঁদাবাজির ভয়াবহ পরিস্থিতিতে ডিআইজির ভূমিকা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


খুলনায় চাঁদাবাজির ভয়াবহ পরিস্থিতিতে ডিআইজির ভূমিকা নিয়ে প্রশ্ন

খুলনায় নীরব চাঁদাবাজির ভয়াবহ বিস্তার ঘটেছে। ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভয়ের কারণে মুখ খুলতে পারছেন না। অভিযোগ উঠেছে যে, পাঁচ-ছয়টি সংঘবদ্ধ গ্রুপ মানুষকে জিম্মি করে লাখ লাখ, এমনকি কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে। চাঁদাবাজি, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক ব্যবসায়ী খুলনা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সম্প্রতি খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যে খুলনার নিরাপত্তা পরিস্থিতি, প্রশাসনের কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেসিসি প্রশাসক বলেন, খুলনায় এক ধরনের নীরব চাঁদাবাজি চলছে। মানুষ ভয়ে মুখ খুলতে পারছেন না। চাঁদাবাজির শিকার হলেও অনেকে অভিযোগ করার সাহস পাচ্ছেন না। কারণ, অভিযোগের খবর অপরাধীদের কাছে পৌঁছে গেলে গুলি কিংবা হত্যার শিকার হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ কারণে অনেকেই নীরবে চাঁদা দিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন যে, পাঁচ-ছয়টি গ্রুপ এভাবে মানুষকে জিম্মি করে লাখ লাখ থেকে কোটি কোটি টাকা আদায় করছে।

তিনি আরও বলেন, খুলনার মানুষ এভাবে বাঁচতে পারবেন না। এই পরিস্থিতি চলতে থাকলে শহরে কোনো উন্নয়ন হবে না। মানুষ অন্ধকারাচ্ছন্ন একটি নগরীতে বসবাস করতে বাধ্য হবেন। এর পরিণতিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ খুলনা ছেড়ে চলে যাবেন। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী খুলনা ত্যাগ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, চিকিৎসক ও ব্যবসায়ীরা এতটাই আতঙ্কিত যে, অনেকেই ফোন খুলে রাখতেও ভয় পাচ্ছেন। দোকানে দোকানে চাঁদাবাজি চলছে। মানুষ কোথায় অভিযোগ করবেন, কার কাছে নিরাপত্তা চাইবেন, তা নিয়েও দ্বিধায় রয়েছেন। খুলনায় অপরাধের বিস্তার শুধু ব্যবসাপ্রতিষ্ঠান বা দোকানপাটে সীমাবদ্ধ নেই বলে অভিযোগ করেছেন কেসিসি প্রশাসক। তাঁর বক্তব্য অনুযায়ী, হাসপাতাল, ক্লিনিক, সেবাকেন্দ্র, রেস্টুরেন্ট ও কোচিং সেন্টারেও হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। চিকিৎসক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা ইনকিলাবকে বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকা-, প্রকাশ্যে হামলা ও গুলির ঘটনার অভিযোগ সামনে আসার পরও কেন অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যাচ্ছে না এ প্রশ্ন এখন নগরবাসীর আলোচনায়। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি কতটা জোরদার করা হয়েছে, তা নিয়েও জানতে চান সাধারণ মানুষ।

তিনি আরো বলেন, অপরাধীরা যদি প্রকাশ্যে কিংবা আড়ালে থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করতে পারে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু বিচ্ছিন্ন অভিযান পরিচালনা যথেষ্ট নয়। চাঁদাবাজির নেটওয়ার্ক, অর্থের লেনদেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং পেছনের শক্তিকে শনাক্ত করতে সমন্বিত তদন্ত জরুরি। একই সঙ্গে অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভুক্তভোগীরা সামনে আসবেন না। ফলে প্রকৃত অপরাধীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়বে।

সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ এ উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে রেস্টুরেন্ট, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে হামলার অভিযোগে ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার পেছনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্য রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসায় আগুনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা বিনামূল্যে হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


মাদ্রাসায় আগুনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা বিনামূল্যে হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘটে যাওয়া মাদ্রাসার অগ্নিকাণ্ডের ফলে আহত শিক্ষার্থীদের চিকিৎসা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দু’টি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক অন্তর্ভুক্ত রয়েছেন।

এম এ মুহিত বলেন, “যারা আছেন, তাদেরকে পরিচর্যার জন্য দু’টি মেডিকেল বোর্ড ইতোমধ্যেই গঠন করা হয়েছে এবং তাদের যত রকমের পরীক্ষা-নিরীক্ষা লাগছে ইনভেস্টিগেশন, সেগুলো সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে।”

সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লেগে যায়। এই ঘটনায় আহত ৭৯ জনকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কেউ দগ্ধ হয়নি, তবে অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানা গেছে।

প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, “বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা প্রথম থেকেই তাদের অত্যন্ত যত্ন সহকারে সঠিকভাবে চিকিৎসা দিয়েছেন। অনেকেই মোটামুটি রিকভার করছেন।

আমরা আশা করি, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরো প্রায় ৩০ জনকে আমরা ছুটি দিয়ে দিতে পারব। বাকি যারা আছেন, তারা এখন পর্যন্ত ভালো আছেন।”

আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, “তাদেরকে আইসিইউ যথাযথভাবে দেখা হচ্ছে, ইনশাল্লাহ তারাও রিকভার করবেন।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রুহুল কবির রিজভী

২০২৪ সালের গণঅভ্যুত্থানে অপসারিত সরকারের শীর্ষ স্বৈরাচারীদের আইনানুগ বিচারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, "জনগণের চোখের সামনে গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গেছে, তারা আজ কীসের ভিত্তিতে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ও পাসপোর্ট পাওয়ার অধিকার রাখে?"

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রীর মন্তব্যের উদাহরণ টেনে, শেখ হাসিনার আমলে তাদের আইনমন্ত্রী বলেছিলেন, ফেরারি আসামিদের বক্তব্য বা কথা মিডিয়ায় প্রচার করা যায় না। অথচ আজকে যিনি শত শত শহীদের রক্তের ওপর দিয়ে পালিয়ে গেলেন, তিনি নাকি আবার দেশে ফেরার জন্য এনআইডি আর পাসপোর্ট চান। আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ, ওয়াসিমসহ প্রায় ১৪ শত শিশু-কিশোর ও তরুণ শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই মানবতাবিরোধী অপরাধের বিচার হতে হবে।"

তিনি আরো বলেন, "তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যার কারণে তিনি প্রায় পঙ্গুত্ব বরণ করেছিলেন এবং চিকিৎসার জন্য নিয়ম মেনেই বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে, গণঅভ্যুত্থানের মুখে দেশের মানুষের সামনে থেকে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পালিয়ে যান। তাই কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পেতে পারে না।"

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, "দেশের জনগণ কোনো আমি-ডামি বা মধ্যরাতের নির্বাচনে বিশ্বাসী নয়। সবার অংশগ্রহণে এবং অবাধ-সুষ্ঠু ভোটের মাধ্যমে বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধানে দেওয়া আইনের প্রয়োগ সুনিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করবে।"

বিজ্ঞানমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, "শিক্ষার্থীদের আজকের এই মেধা ও কীর্তি অসাধারণ। প্রতিভার এই অনন্য ছাপ বজায় থাকলে এরাই হবে বাংলাদেশের আগামী দিনের আইনস্টাইন ও নিউটন। তরুণ বিজ্ঞানীদের হাত ধরেই বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, তিনি স্বামী-স্ত্রী উভয়েই চাকরি করুক—এটি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। তিনি সন্তানের লালন-পালন ও তাদের মানসিক বিকাশে বাবা-মায়ের প্রত্যক্ষ সান্নিধ্যের গুরুত্ব তুলে ধরার জন্য এই মতামত প্রকাশ করেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের সময় এক যুবকের সঙ্গে কথোপকথনের মধ্যে প্রতিমন্ত্রী বলেন, "সমাজে স্বামী-স্ত্রী দুজন চাকরিজীবী হলে কোনো সমস্যা নেই, তবে এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।" তিনি ব্যাখ্যা করেন যে, পরিবারে উভয়ে চাকরিজীবী হলে সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি আরো বলেন, "সন্তান জন্ম নেওয়ার পর হয়তো প্রশ্ন উঠতে পারে যে, মেয়েরা কি শুধুই সন্তান মানুষ করার জন্য জন্ম নিয়েছে?" তিনি উল্লেখ করেন যে, বিষয়টির মূল জায়গা আসলে তা নয়। সন্তানকে অন্য কেউ মানুষ করে দিতে পারে, কিন্তু বাবা-মায়ের প্রত্যক্ষ ছত্রছায়ায় সন্তান বেড়ে উঠলে তাদের মধ্যে সম্পূর্ণ আলাদা এক উপলব্ধি ও মানবিক গুণাবলি তৈরি হয়।

নিজের বক্তব্য যাতে ভিন্নভাবে ব্যাখ্যা না করা হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, "এটি একদমই আমার ব্যক্তিগত অভিমত।" তিনি উল্লেখ করেন যে, মিডিয়ার ভাইয়েরা অনেক সময় যেকোনো বিষয়কে অন্যভাবে উপস্থাপন করে বলে দিতে পারে যে, একই পরিবারের দুজন চাকরি করুক তা মন্ত্রী চান না। তিনি বলেন, "পরিবারের দুজন চাকরি করুক তাতে কোনো আপত্তি নেই, তবে একজন চাকরি করলে পারিবারিক দিক থেকে ভালো হয়।"

কথোপকথনে উপস্থিত তরুণ জানান, তার মা পূর্বে গ্রামীণফোনে কর্মরত ছিলেন এবং সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে চাকরি ছেড়ে দিয়েছিলেন। এর প্রেক্ষিতে মীর শাহে আলম বলেন, "মা চাকরি ছেড়ে দিয়ে সন্তানদের সময় দিয়েছেন বলেই আজ তিনি ইঞ্জিনিয়ার হতে পেরেছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%