আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৪ পি.এম
সুনামগঞ্জের মধ্যনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মধ্যনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল বাশার তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন সোহেল ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, সদস্যসচিব মুসাব্বির হোসেন সাগর যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, যুগ্ম আহবায়ক মেহদী হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা ছাত্রদল নেতা বাপ্পি ও মাসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন - "গণতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পতিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাতের খাবার শেষ হওয়ার আধঘণ্টা পর রান্নাঘরের আলমারি বা ফ্রিজে খাবার খোঁজার অভ্যাসটি কি আপনার কাছে পরিচিত? গবেষণা অনুযায়ী, প্রতি তিনজনের মধ্যে একজনই রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবার বা স্ন্যাকসের সন্ধানে থাকে। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা আরো বেশি, যেখানে প্রায় পাঁচজনের মধ্যে চারজনই রাতের ক্ষুধা সংবরণ করতে পারেন না।
ডায়েটিশিয়ান ডা. ক্রিস্টিন বৌলিয়ু সতর্ক করে জানিয়েছেন যে, এই অভ্যাস মারাত্মক বিপদের সৃষ্টি করতে পারে। তার মতে, ঘুমাতে যাওয়ার আগে যত কম সময়ের মধ্যে খাবার খাওয়া হয়, তার ফলে ওজন বৃদ্ধি এবং স্থূলতার ঝুঁকি তত বেশি থাকে।
তাহলে প্রশ্ন উঠছে, রাতের বেলায় স্ন্যাকস বা মিষ্টিজাতীয় খাবারের প্রতি আকর্ষণ কেন তৈরি হয়? এবং কিভাবে এই বদভ্যাস নিয়ন্ত্রণ করা সম্ভব?
গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় দীর্ঘ সময় না খেয়ে থাকতে হলেও, সারাদিনের খাবারের পরিমাণ যাই হোক না কেন, সন্ধ্যার দিকে আমাদের ক্ষুধা প্রাকৃতিকভাবে চরম পর্যায়ে পৌঁছে যায়। ইউনিভার্সিটি অব বাথের অধ্যাপক জেমস বেটস জানিয়েছেন, এর প্রধান কারণ হলো শরীরের ‘ক্ষুধার হরমোন’ ঘ্রেলিন, যা সন্ধ্যার দিকে বেশি সক্রিয় থাকে।
অধ্যাপক বেটস বলেন, “যদিও খাবার গ্রহণের ফলে এই হরমোন কিছুটা দমন হয়, তবে তা মূলত দিনের প্রথম খাবারের পর কার্যকর হয়, দুপুরের বা রাতের খাবারের পর সেভাবে কাজ করে না।”
রাতের খাবারে কি খাওয়া হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। প্রোটিন, ফাইবার বা আঁশযুক্ত পুষ্টিকর খাবার আমাদের পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে। অধ্যাপক বেটসের মতে, রাতের খাবারে পুষ্টিকর খাবার না থাকলে শরীরে শক্তির ঘাটতি তৈরি হয়, যা স্ন্যাকস খেতে বাধ্য করে।
অনেকের ক্ষেত্রে মাঝরাতে ক্ষুধা লেগে যাওয়ার মানসিক ভীতি কাজ করে, আবার অনেকের জন্য এটি পুরানো অভ্যাসে পরিণত হয়। ইউনিভার্সিটি অব বার্মিংহামের অধ্যাপক সুজান হিগস বলেন, “যদি কোনো ব্যক্তি নিয়মিত একই পরিবেশে বসে স্ন্যাকস খাওয়ার অভ্যাস করে, তবে সেই পরিবেশের সংকেতগুলো মস্তিষ্কে খাবার খাওয়ার তাগিদ তৈরি করে।”
দিনের শেষভাগে কেবল ক্ষুধার অনুভূতিই বাড়ে না, বরং শক্তির প্রকৃত প্রয়োজনের চেয়ে মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’ বেশি ক্যালোরির খাবারের প্রতি আমাদের আগ্রহ বাড়িয়ে দেয়। ইউনিভার্সিটি অব লিডস এবং কানাডার ইউনিভার্সিটি অব মনকটনের গবেষক ডা. ক্রিস্টিন বৌলিয়ু বলেন, “কম চর্বিযুক্ত খাবারের তুলনায় উচ্চ চর্বিযুক্ত খাবারের প্রতি আমাদের আকর্ষণ দিনের শেষভাগে বেশি থাকে।”
ফলস্বরূপ, ভারী রাতের খাবার খাওয়ার পরেও যখন রাত ৯টার দিকে কেউ বিস্কুটের কৌটার সামনে দাঁড়ান, তখন এটি স্রেফ ইচ্ছাশক্তির অভাব নয়। কারণ আদতে শরীরের জৈবিক গঠনই বিপরীত অবস্থানে থাকে।
রাতের এই স্ন্যাকস কি ঘুম নষ্ট করে? গবেষকদের মতামত মিশ্র। তবে দেরিতে ভারী খাবার খাওয়া আমাদের পরিপাকতন্ত্র এবং ঘুমের প্রস্তুতি প্রক্রিয়াকে ব্যাহত করে, এতে সন্দেহ নেই।
মাঝরাতে হালকা স্ন্যাকস খাওয়া কি সরাসরি ঘুম নষ্ট করে? এই বিষয়ে গবেষণার ফলাফল এখনো পরিষ্কার নয়। কিছু গবেষণায় দেখা গেছে, সাদা রুটি, সাদা ভাত, বিস্কুট ও কেকের মতো খাবার রক্তের শর্করার মাত্রায় ওঠানামা তৈরি করে, যা ঘুমের ও ক্ষুধার হরমোন নিয়ন্ত্রণকারী সংকেতগুলোকে প্রভাবিত করতে পারে।
তবে কারণ এবং ফলাফল আলাদা করা কঠিন। যাদের ঘুমের সমস্যা রয়েছে, তাদের মধ্যে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বেশি থাকতে পারে। ইউনিভার্সিটি অব সারের অধ্যাপক জনাথন জনস্টন বলেন, “স্বল্প ঘুম কেবল ক্ষুধাই বাড়ায় না, বরং উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের চাহিদাকেও তীব্র করে তোলে।”
অধ্যাপক জেমস বেটসের মতে, ঘুমানোর আগে খাওয়া স্ন্যাকস সরাসরি ঘুম ব্যাহত করে কিনা, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। কারণ বিভিন্ন খাদ্যের প্রতি মানুষের শারীরিক প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।
যেভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে এই অভ্যাস নিয়ন্ত্রণ করবেন:
মূল কারণ চিহ্নিত করুন: প্রথমে খুঁজে বের করুন কেন আপনার রাতের স্ন্যাকস খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে। যদি আপনি সত্যিই ক্ষুধার্ত হন, তবে রাতের খাবারটি পেটভরা ও পুষ্টিকর করুন।
অভ্যাস বদলান: যদি এটি পুরানো অভ্যাস হয়ে থাকে, তবে দৈনন্দিন রুটিন পরিবর্তন করুন এবং স্বাস্থ্যকর স্ন্যাকসের পরিকল্পনা করুন।
মনোযোগ দিয়ে খান: অধ্যাপক সুজান হিগসের মতে, টিভি দেখে খাবার খেলে মানুষ বেশি খেয়ে ফেলে, কারণ সে খাবারের পরিমাণের দিকে খেয়াল রাখে না।
খাবারে ভারসাম্য রাখুন: রাতের স্ন্যাকস একেবারে নিষিদ্ধ করার প্রয়োজন নেই। ডা. বৌলিয়ুর মতে, পছন্দের খাবার পরিমিত পরিমাণে খাওয়া দীর্ঘস্থায়ী সমাধান।
স্বাস্থ্যকর বিকল্প হাতের কাছে রাখুন: ফলমূল, টকদই বা বাদামের মতো স্বাস্থ্যকর খাবার ঘরে রাখুন। মাঝে মাঝে সামান্য চকলেট খাওয়াও ক্ষতি নয়। মূল কৌশল হলো স্বাস্থ্যকর খাবারগুলোকে আপনার প্রথম পছন্দ বানানো। অস্বাস্থ্যকর খাবার মজুত না রেখে স্বাস্থ্যকর বিকল্পগুলো সামনে রাখলে, স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার ধুনটে বিএনপির গাড়িবহরে হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় পুলিশ তিন নেতাকে গ্রেপ্তার করেছে, যাঁরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য।
সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান ওরফে নান্টু কাজী (৬২), এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাশা (৪৮) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য হানজালা (৩৮)।
পুলিশের সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি গণসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলার সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলার আসামি নান্টু কাজীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং কার্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার তদন্তে সংশ্লিষ্টতার সূত্র ধরে কামাল পাশাকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ধুনট শহরের ডাইম ভবন এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি ধুনট থানায় মামলা করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবালসহ ৯৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হানজালাকে চিকাশী ইউনিয়নের সুলতানহাটা মফিজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, পৃথক তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ