০২:২৪ পি.এম
বাঙালি সবসময় ভোজনরসিক। অগ্রহায়ণ মাসে কৃষকের ঘরে নতুন ধান ওঠে। নতুন চালের পিঠা-পায়েস খাওয়ার মাধ্যমে নবান্ন উৎসব শুরু হয়। নবান্নের পর শীত আসলে হরেক রকম পিঠা খাওয়ার ধুম পড়ে যায়।
পিঠা খাওয়ার প্রচলন বাঙালির খাদ্য সংস্কৃতিতে অনেক প্রাচীন। আনুমানিক ৫০০ বছর আগে থেকেই বাঙালির মধ্যে পিঠার জনপ্রিয়তার উল্লেখ পাওয়া যায়। বিশাল উপমহাদেশে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পিঠা একটি জনপ্রিয় খাবার, যা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রাচীন বাংলায় পিঠার জনপ্রিয়তা মিষ্টান্ন হিসেবে সম্ভবত বেশি ছিল।
প্রাচীনকাল থেকে বাঙালির লোকজ ইতিহাস ও ঐতিহ্যে পিঠাপুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শীতকালের রসনাজাতীয় খাবার হিসেবে পিঠা-পায়েস অত্যন্ত পরিচিত। বাঙালি সমাজে এটি মুখরোচক খাদ্য হিসেবে আদরণীয়। আত্মীয়স্বজনের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত করতে পিঠাপুলির উৎসব বিশেষ ভূমিকা রাখে।
আরও পড়ুন: নুহাশ পল্লীর নির্জনে প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ
শীতকালে গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা-পায়েস তৈরির ধুম পড়ে। মূলত মাঘ-ফাল্গুন মাসে জমিয়ে পিঠা খাওয়া হয়। এরপর আর ঠিকমতো পিঠার স্বাদ পাওয়া যায় না।
কুয়াশার চাদরে মোড়ানো ভোর বা সন্ধ্যায় গাঁয়ের বধূরা মাটির চুলার পাশে বসে নানারকম পিঠা তৈরিতে ব্যস্ত সময় কাটান। অতিথি, বিশেষ করে জামাইদের এ সময় দাওয়াত করে পিঠা খাওয়ানো হয়। এ সময় খেজুরের রস থেকে গুড়, পায়েস এবং নানারকম মিষ্টান্ন তৈরি করা হয়। খেজুরের রসের মোহনীয় গন্ধে তৈরি পিঠা-পায়েস আরো বেশি মধুর হয়ে ওঠে।
সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা, যা কয়েক রকমের হয়। যেমন গুড়ের মিষ্টি ভাপা, ঝাল ভাপা ও কিমা ভাপা পিঠা। তবে খেজুর গুড়ের মিষ্টি ভাপা পিঠাই সবার কাছে বেশি প্রিয়। এ ছাড়া চিতই পিঠা, দুধচিতই, ছিটা পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, সেমাই পিঠা, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা ইত্যাদি রয়েছে। বাংলাদেশে শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে। কালের গভীরে কিছু হারিয়ে গেলেও এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি।
শীতকালে শুধু গ্রামবাংলায় নয়, শহরেও পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। ইদানীং শহরে শীতের পিঠার স্বাদ পাওয়া যায়। অলিতে-গলিতে ভাপা পিঠা ও পাটিসাপটা পিঠা পাওয়া যায়; আর নানারকম ভর্তা দিয়ে চিতই পিঠা পরিবেশন করা হয়। বড় বড় রেস্তোরাঁয় থরে থরে সাজানো থাকে নানা স্বাদের পিঠা। নতুন ধানের নতুন চালে জমে ওঠে পৌষ-পার্বণ। আর ফুটে ওঠে পিঠা-পায়েসের আনন্দ।
আরও পড়ুন: বকাঝকা ছাড়াই যেভাবে শিশুর স্ক্রিন টাইম কমাবেন
একসময় এ দেশে যেমন শত শত নামের ধান ছিল, তেমনি সেসব ধানের পিঠারও অন্ত ছিল না। বিচিত্র নামের পিঠার প্রস্তুতি ছিল আবহমান বাংলার মেয়েদের ঐতিহ্য। পিঠা-পায়েস নিয়ে গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে এখনো অসংখ্য গান, কবিতা ও ছড়া প্রচলিত আছে। পিঠা নিয়ে ‘পল্লী মায়ের কোল’ কবিতায় প্রখ্যাত কবি বেগম সুফিয়া কামাল লিখেছেন—
‘পৌষ পার্বণে পিঠা খেতে বসি খুশিতে বিষম খেয়ে
আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।’
পিঠাপুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির প্রকাশ। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রামবাংলায় এসব পিঠা-পার্বণের আনন্দ-উদ্দীপনা এখনো মুছে যায়নি। শহরেও পুরো শীতকালে বিভিন্ন স্থানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। শীতের পিঠা-পার্বণের এ আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে টিকে থাকুক। আমরা সবাই অনেক যত্নের সঙ্গে লালন করি এবং ধারণ করি আমাদের শেকড়ের এ ঐতিহ্য।
আরও পড়ুন: সাজগোজ-এর পথচলা: ২০১৩ থেকে ২০ হাজার প্রোডাক্টের সংগ্রহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন