০২:৪৭ পি.এম
যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা এখন থেকেই শুরু হয়ে গেছে। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। অন্যদিকে, ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় কমলা হ্যারিস, জশ শ্যাপিরো, গ্যাভিন নিউসমসহ একাধিক নেতার নাম রয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। রিপাবলিকান পার্টি থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে জেডি ভ্যান্স এগিয়ে আছেন। অনেকে তাকে ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখছেন। তবে ইরান যুদ্ধের প্রভাব এবং নির্বাচনে দলের বিপর্যয় তার জন্য বড় বাধা হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নামও আলোচনায় রয়েছে। রুবিওর ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা এবং দলের সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা ইতিবাচক হলেও, প্রেসিডেন্ট পদে লড়তে হলে তাকে প্রশাসন ছাড়তে হতে পারে।
আরও পড়ুন: ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে ৭৫ হাজার ডলার ঢালছে ভারত
অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডায় রিপাবলিকানদের অবস্থান ধরে রাখায় ডিস্যান্টিসের রাজনৈতিক সম্ভাবনা টিকে আছে। সমরমন্ত্রী পিট হেগসেথের নাম আলোচনায় থাকলেও, ইরান যুদ্ধ নিয়ে বিতর্ক তার রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় নতুন করে দলটির প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের চাঙ্গা করেছে। এর মধ্যে পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। গভর্নর নির্বাচনে বড় ব্যবধানে জয় এবং গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের আসন বাড়াতে ভূমিকা তাকে মনোনয়ন দৌড়ে এগিয়ে নিয়ে যেতে পারে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
ডেমোক্র্যাট শিবিরে আরও কয়েকজন পরিচিত মুখের নাম আলোচনায় রয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ২০২৪ সালে নির্বাচনের কয়েক মাস আগে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাটদের প্রার্থী হন কমলা হ্যারিস। ওই নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে চাইলে তাকে দলের ভেতরে সমর্থন পুনর্গঠন করতে হবে।
এ ছাড়া, প্রগতিশীল ভোটারদের মধ্যে জনপ্রিয় নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
আরও পড়ুন: রিয়াদের বাণিজ্যিক এলাকায় হুতিদের হামলার দাবি, ক্ষতিগ্রস্ত আরামকোর ভবন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন