০৩:৫১ পি.এম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের ব্যবস্থা করেছিল একটি মার্কিন জনসংযোগ প্রতিষ্ঠান। ভারত সরকারের পক্ষ থেকে কাজ করা প্রতিষ্ঠানটিকে এই কাজের জন্য মাসে ৭৫ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পারিশ্রমিক দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের কাছে জমা দেওয়া একটি নথিতে প্রতিষ্ঠানটির কাজের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত জুনে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। এই পোস্টের ব্যবস্থা করেছিল মার্কিন প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। এই প্রতিষ্ঠানটি ভারত সরকারের হয়ে কাজ করছিল।
আরও পড়ুন: ক্রাকোতে বন্দুকধারীর হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ঘোষণা পোল্যান্ড সরকারের
ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের মধ্যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি দলের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা এবং ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির হয়ে লবিস্ট হিসেবে কাজ করেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক দিব্যা এ-এর প্রতিবেদনের সূত্রে দ্য ওয়্যার জানায়, ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারত সরকার মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটির সঙ্গে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি করা হয়।
এছাড়া, ভারত সরকারের জন্য কাজ করতে যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠানকেও নিয়োগ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির নাম এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি। এর প্রধান জেসন মিলারও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্র সরকারের কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, চলতি বছরের মে ও জুন মাসে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আটটি ফোনালাপের ব্যবস্থা করেছিল প্রতিষ্ঠানটি। এসব আলোচনার বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
আরও পড়ুন: পোল্যান্ডে ছয়জনকে হত্যার অভিযুক্ত বন্দুকধারী হাসপাতালে মারা গেছে
ফোনালাপগুলোর মধ্যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউসের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। এসব যোগাযোগের উদ্দেশ্য ছিল দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা ও যোগাযোগ বাড়ানো।
২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার জেসন মিলারের প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। পরে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতীয় দূতাবাসের মাসিক দেড় লাখ ডলারের চুক্তি ছিল। তবে ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি দায়িত্ব পাওয়ার পর গত ২৩ জুন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করা হয়।
নথিতে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটির দায়িত্ব ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে মার্কিন সরকারের কর্মকর্তা, কংগ্রেস সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ করা। পাশাপাশি ভারত সরকারের পক্ষে কৌশলগত পরামর্শ ও পরিকল্পনা তৈরিতেও সহায়তা করার কথা ছিল তাদের।
যুক্তরাষ্ট্রে বিদেশি সরকার বা প্রতিষ্ঠানের হয়ে এ ধরনের কাজ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের কাছে তথ্য জমা দিতে হয়। এ জন্য দেশটিতে বিশেষ আইন রয়েছে। ওই আইনের আওতায় জমা দেওয়া নথি থেকেই ভারত সরকারের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠান দুটির চুক্তি এবং তাদের কাজের বিষয়গুলো সামনে এসেছে।
আরও পড়ুন: অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, বললেন ট্রাম্প
সূত্র: দ্য ওয়্যার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন