ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

জাম্বিয়ায় বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তারের পর ‘মিলিশিয়া’ দাবি প্রত্যাখ্যান


জাম্বিয়ায় বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তারের পর ‘মিলিশিয়া’ দাবি প্রত্যাখ্যান

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : জাম্বিয়ার প্রধান বিরোধী দল সোমবার জানিয়েছে, গত সপ্তাহের নির্বাচনকে কেন্দ্র করে তাদের বেশ কয়েকজন সদস্য গ্রেফতার রয়েছেন। মিলিশিয়া বা বিদ্রোহী কর্মকাণ্ডে জড়িত হওয়ার সরকারের করা দাবি তারা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন।

রোববার গভীর রাতে মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়, ১৩ আগস্ট ভোটের দিন একটি সন্দেহভাজন মিলিশিয়া গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের মাধ্যমে পুলিশ বিরোধী দলের কয়েকজন নেতা সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে। ওই গোষ্ঠীকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

লুসাকা থেকে বার্তা সংস্থা এএফপি এ সম্পর্কে খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের

তামাসমৃদ্ধ দক্ষিণ আফ্রিকার দেশ জাম্বিয়াতে বৃহস্পতিবারের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ছিল। তবে নির্বাচনের পূর্বে বিরোধী দলগুলো ভয়ভীতি প্রদর্শন, গ্রেফতার, অপহরণ ও সহিংসতার অভিযোগ উত্থাপন করেছে।

সাবেক সরকারি মন্ত্রী ব্রায়ান মুন্দুবিলে নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল এনআরপিইউপি জানায়, অভিযানের সময় মুন্দুবিলের বাড়িতে গুলি ছোড়া হয় এবং তাদের একজন সংসদ সদস্যকে আঘাত করা হয়।

দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাম্বিয়া সরকারের সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগকে এনআরপিইউপি, এর নেতৃত্ব অথবা সদস্যরা চরমভাবে প্রত্যাখ্যান করছে।’ তারা আরো জানায় যে, বিদ্রোহ, মিলিশিয়া তৎপরতা বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে তারা জড়িত ছিল না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানটি ১৪ আগস্ট নির্বাচনের পরদিন পরিচালিত হয়েছিল।

আরও পড়ুন: হুথিদের সউদী আরবের তেলক্ষেত্র, রিয়াদ বিমানবন্দর ও সেনাক্যাম্পে হামলার দাবি

তবে মন্ত্রিসভা জানিয়েছে, ‘সন্দেহভাজন মিলিশিয়া সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের’ জন্য ১৩ আগস্ট অভিযানটি চালানো হয়েছে।

মন্ত্রিসভার বরাতে বলা হয়, গ্রেফতার হওয়া কয়েকজনের সঙ্গে বিদেশি নাগরিকদের সংশ্লিষ্ট সামরিক পরিকল্পনা এবং অবৈধ সামরিক প্রশিক্ষণ শিবিরের যোগসূত্র ছিল। এতে রাষ্ট্রের নিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সশস্ত্র বিদ্রোহে ব্যবহারের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন সামরিক অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

গ্রেফতার ও কারাগারে থাকা ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের ছয় নেতার নামও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ‘দার–এ–নিজাত’ ধারাবাহিকের ২৩ পর্বে ১৭০ কোটি ভিউ, পাকিস্তানের ইতিহাসে নতুন রেকর্ড

রোববার গভীর রাতে প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা যায়, ২২৬টি নির্বাচনী এলাকার মধ্যে ১৩৫টির ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং হিচিলেমা প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছেন।

প্রথম দফাতেই জয়ী হতে একজন প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। তা না হলে দ্বিতীয় দফার নির্বাচন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং জাপান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা (জেএসটি) এর অর্থায়নে ‘হাওরের বন্যা পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’ শীর্ষক একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে গবেষণা প্রকল্পটি উদ্বোধন করেন।

কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোরু তেরাও-এর নেতৃত্বে জাপান থেকে আসা চার সদস্যের একটি গবেষক দল অনুষ্ঠানে উপস্থিত ছিল।

দলের অন্য সদস্যরা হলেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাইচি হায়াশি, টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কিগুচি মাসাশি এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রকল্প সহকারী অধ্যাপক ড. মো. রেজোয়ানুল ইসলাম ফাহিম।

ঢাবি আবহাওয়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার বাংলাদেশের পক্ষে এবং কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোরু তেরাও জাপানের পক্ষে প্রধান গবেষক হিসেবে প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছেন।

তাদের যৌথ নেতৃত্ব বাংলাদেশ এবং জাপানের মধ্যকার শক্তিশালী অ্যাকাডেমিক অংশীদারিত্ব ও বাংলাদেশের বন্যা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত ও টেকসই সমাধান তৈরির অভিন্ন অঙ্গীকারকে প্রতিফলিত করে।

প্রকল্পটি তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণায় যুক্ত হওয়া এবং বাংলাদেশ ও জাপানের বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতা করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চও তৈরি করবে।

এই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রকল্পটি দীর্ঘমেয়াদি গবেষণা সক্ষমতা জোরদার করবে এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জাতীয় অগ্রাধিকারগুলো মোকাবিলার দৃঢ় অঙ্গীকার নিয়ে অ্যাকাডেমিক মহলের পক্ষ থেকে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছিল।

যদিও এটি গবেষণা-চালিত, এর প্রত্যাশিত প্রভাব অ্যাকাডেমিক জগতের বাইরেও সুদূরপ্রসারী।

এর প্রাথমিক উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক জ্ঞান তৈরি করা এবং সেটিকে বাস্তব ও কার্যকরী সরঞ্জামে রূপান্তরিত করে বাংলাদেশের বন্যা পূর্ব সতর্কীকরণ ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জনগোষ্ঠী, কৃষি, জীবিকা ও অবকাঠামোর উপর বন্যার প্রভাব হ্রাস করা।

বিশেষ করে, প্রকল্পটি বাংলাদেশের হাওর অঞ্চলের জন্য বন্যা পূর্বাভাস এবং পূর্ব সতর্কীকরণ ব্যবস্থার উন্নতির উপর মনোযোগ দেবে, যেখানে আকস্মিক বন্যা দ্রুত সৃষ্টি হতে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

উন্নত গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রকল্পটি জাতীয় পর্যায়ে আরও নির্ভরযোগ্য, কার্যকর এবং টেকসই বন্যা পূর্ব সতর্কীকরণ ব্যবস্থায় অবদান রাখার লক্ষ্য রাখে।

প্রকল্পটি একটি শক্তিশালী বহুশাস্ত্রীয় এবং বহু-প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বকে একত্রিত করেছে।

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি), বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), স্পারসো, সার্ভে অফ বাংলাদেশ (এসওবি) এবং ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)।

জাপানি অংশীদারিত্বের মধ্যে রয়েছে কাগাওয়া বিশ্ববিদ্যালয়, টোকিও বিশ্ববিদ্যালয়, কিয়োটো বিশ্ববিদ্যালয় এবং কোচি বিশ্ববিদ্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বসহকারে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বসহকারে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিলের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বলেন, ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধান চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (১৭ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাইয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে ভিসা বাতিল হওয়া প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। একই সঙ্গে বাতিল হওয়া ভিসাধারীদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলছে। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পর ভিসা বাতিলের কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে ইউএইতে ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও এমপ্লয়মেন্ট ভিসা এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা স্থানান্তরের ক্ষেত্রে কড়াকড়ি ও স্থবিরতার বিষয়েও সরকার অবগত রয়েছে বলে জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, যৌথ কূটনৈতিক উদ্যোগ এবং সর্বোচ্চ সরকারি পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে ভিসা-সংকট দ্রুত সমাধানে মন্ত্রণালয় কাজ করছে। এ ক্ষেত্রে দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সিআইপি ব্যবসায়ীদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে ভিসা জটিলতা নিরসনে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য জমি, প্লট বা অবকাঠামো বরাদ্দে বিশেষ কোটা এবং করছাড়ের সুবিধা দেওয়া হবে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি দফতরে ফাইলিং ও প্রশাসনিক জটিলতা কমাতে ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে ‘ডিজিটাল ও দ্রুত সেবা’ নিশ্চিত করা হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে সিআইপি প্রবাসী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রবাসীদের স্থানীয় আইন-কানুন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে সচেতন করার আহ্বান জানান প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি সংবেদনশীল বিষয়ে ছবি বা ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে নেতিবাচক প্রচার চালানোর বিরুদ্ধে বিরত থাকার পরামর্শ দেন। এছাড়া, কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা অপরাধমূলক আচরণে না জড়ানোর বিষয়ে প্রবাসীদের সচেতন করতে কনস্যুলেট ও মিশনের সঙ্গে যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

রেমিট্যান্স প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, হুন্ডি প্রতিরোধ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠাতে সিআইপি ব্যবসায়ীদের তাদের অধীন কর্মীদের উৎসাহিত করতে হবে। শিগগিরই সর্বজনীন ও স্বচ্ছ ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে সাশ্রয়ী ও অগ্রাধিকারভিত্তিক চিকিৎসার সুযোগ এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, প্রবাসীদের বিমানযাত্রার ব্যয় কমানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, টিকিট সিন্ডিকেট ভেঙে যুক্তিসংগত বিমানভাড়া নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে আলোচনা চলছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাইয়ের প্রতিনিধিরা ভিসা চালুর বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া, বিদেশগামী কর্মীদের দক্ষতা ও মান উন্নয়ন, প্রবাসী কার্ড চালু, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা, দেশের হাসপাতালে প্রবাসীদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসা, প্রবাসী সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সাশ্রয়ী বিমান টিকিটের ব্যবস্থা করার দাবি জানান।

এ ছাড়া, তারা ড্রাই ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন এবং দেশে বিনিয়োগের মুনাফা বিদেশে প্রত্যাবাসনের সুযোগ দেওয়ার প্রস্তাবও তুলে ধরেন।

সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ

রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ প্রদানে উদ্যোগ নেওয়া হয়েছে। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে ১৮ জন রুয়েট শিক্ষার্থী এই সুযোগ লাভ করেছেন।

এই উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ বিভিন্ন বক্তব্য দেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উল্লেখ করেন, "শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ।" তিনি জানান, একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণার গুরুত্ব ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত অপরিহার্য। এই লক্ষ্যেই রুয়েট শিক্ষার্থীদের সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, "ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।" ভবিষ্যতে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রাসিক প্রশাসক আরো বলেছেন, রাজশাহী সিটি কর্পোরেশন নগরবাসীকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলেও তরুণ প্রজন্মের জন্য জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুয়েট ও রাসিকের মধ্যে সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে।

রাজশাহীকে আধুনিক, সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "সকলের সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, ফুলের নগরী, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে হবে।" রাজশাহীর পরিচিতিকে বিশ্ব দরবারে আরও বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরেন।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার বলেন, "রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।" তিনি জানান, এটি প্রথমবারের মতো রুয়েট শিক্ষার্থীদের সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে এই কার্যক্রম সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশা করেন।

ইন্টার্নশিপে অংশ নিতে যাওয়া শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, রাসিকের মতো একটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়ায় তারা বাস্তব কাজের পরিবেশ সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, "আমাদের সিনিয়ররা এর আগে রাসিকে ইন্টার্নশিপের সুযোগ পাননি।" তিনি উল্লেখ করেন, তারাই প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছেন এবং এটি তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

উল্লেখ্য, রুয়েটের ১৮ জন শিক্ষার্থী এই ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন। ইন্টার্নশিপের মাধ্যমে তারা রাসিকের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম, নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব নগর উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত করার সুযোগও তারা পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন প্রকাশ ডেভিড ইমনের জন্য আদালত আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, চট্টগ্রাম জেলা পুলিশ দুই দফায় ১৫ দিনের রিমান্ডে নিয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে। চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানালেন, ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় পুলিশ আসামি মোবারক হোসেন প্রকাশ ডেভিড ইমনের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত শুনানির পর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গোটা ঘটনার প্রেক্ষিতে উল্লেখযোগ্য যে, ২৮ জুলাই রাতে যশোর সীমান্ত দিয়ে দেশ থেকে পালানোর সময় তিন সহযোগীসহ ডেভিড ইমনকে পুলিশ গ্রেপ্তার করে। ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র এবং চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%