০৩:৫৫ পি.এম
সম্প্রতি অনুষ্ঠিত এক সালিশ বৈঠকের সময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা, বিএনপির একজন কর্মীকে ধমক দেন এবং তার ওপর চড়াও হন। এই আচরণের জেরে বিএনপি নেতা রাশেদ খাঁন ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করেন যে, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক।
এবার এমপি হানজালা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরেকটি পোস্টে রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় রাখার দাবি জানান। তিনি মন্তব্য করেন, রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখা হোক।
রোববার (২১ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে দেওয়া পোস্টে পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা উল্লেখ করেন, ‘রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকবো বাঘের সাথে— বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না!’
আরও পড়ুন: হুইপ দুলুর দাবি, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান
তিনি আরও মন্তব্য করেন, ‘আর রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ— গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।’
শনিবার (২০ জুন) দুপুর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। ওই ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকের একপর্যায়ে সংসদ সদস্য হানজালা উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চৈঃস্বরে কথা বলছেন।
এসময় তাকে বলতে শোনা যায়, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?' এক পর্যায়ে টেবিল চাপড়ে তিনি বলেন, ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিবো।’
পরে শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমপি হানজালার তীব্র সমালোচনা করে একটি পোস্ট করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আহ্বান: ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ হোন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন