০৮:৪৯ পি.এম
এ বছরের ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডসে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৪১ জন শিক্ষার্থী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মিলিয়ে ১৬৩টি পুরস্কার লাভ করেছেন এই শিক্ষার্থীরা। কেমব্রিজ আইজিসিএসই, ও লেভেল এবং ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়েছে, যা ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি ১৬ নভেম্বর সোমবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯৮ জন নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। আর বাংলাদেশে কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় ৪৫ জন ‘টপ ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড পেয়েছেন।
আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
এছাড়া, চারজন শিক্ষার্থী একাধিক বিষয়ে সামগ্রিক ফলের ভিত্তিতে মর্যাদাপূর্ণ ‘বেস্ট অ্যাক্রস’ অ্যাওয়ার্ড লাভ করেছেন। বাংলাদেশে তুলনামূলকভাবে কমসংখ্যক শিক্ষার্থী বেছে নেন, এমন বিষয়ে অসাধারণ ফলের জন্য ১৬ জন ‘হাই অ্যাচিভমেন্ট’ স্বীকৃতি পেয়েছেন।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের অংশ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বিশ্বের ৪০টির বেশি দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভালো ফলের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করে। বাংলাদেশে যৌথভাবে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশের কান্ট্রি লিড সারওয়াত রেজা। এ পর্বে ভিডিও বার্তা দেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন দেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে দেশটির দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রিজিওনাল ডিরেক্টর (সাউথ এশিয়া) বিনয় শর্মা বলেন, ‘প্রতি বছর শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের কাজের সবচেয়ে আনন্দের দিক। প্রতিটি ভালো ফলের পেছনেই থাকে একজন শিক্ষার্থীর নিজের সামর্থ্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমর্থনও তাঁদের এগিয়ে যেতে সাহায্য করে। এমন ফল অর্জন করতে প্রয়োজন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা। বাংলাদেশের এত সংখ্যক শিক্ষার্থীর বিশ্বে সর্বোচ্চ নম্বর পাওয়ার ঘটনা এখানকার শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে তুলে ধরে।’
আরও পড়ুন: পাবিপ্রবিতে ছাত্রদলের সভাপতি হলেন বিতর্কিত মো. সালমান খান নয়ন
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘শিক্ষা মানে শুধু অ্যাকাডেমিক জ্ঞান অর্জন নয়। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং সমাজে ভূমিকা রাখার জন্য তরুণদের আত্মবিশ্বাসী হতে হবে, জানতে হবে নতুন বিষয় এবং গড়ে তুলতে হবে বিশ্লেষণী চিন্তার দক্ষতা। আজ শিক্ষার্থীদের যে সাফল্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে, তার পেছনে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা। আমরা আশা করি, তারা নিজেদের আরও এগিয়ে নিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে, নতুন সম্ভাবনা খুঁজে দেখবে এবং অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘শিক্ষা ও জীবনের পরবর্তী ধাপগুলোতে শিক্ষার্থীরা এ সাফল্যকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাবে বলে আমরা আশা করি।’
অনুষ্ঠানে চারটি বিভাগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কেমব্রিজের শিক্ষাগত যোগ্যতা একটি স্বীকৃত মানদণ্ড হিসেবে কাজ করে। এসব যোগ্যতা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, নিজ উদ্যোগে গবেষণা এবং সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে। বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা।
আরও পড়ুন: আইইবি নির্বাচনে জয়ী রুয়েটের পাঁচ প্রতিনিধির প্রকৌশলীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন