প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের বকশীগঞ্জে ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর ব্রিজ নির্মাণ না হওয়ার কারণে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, দিনমজুরসহ সাধারণ মানুষ প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই খালের ওপর একটি ব্রিজ নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। তবে, বারবার আবেদন করেও ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখানে একটি ছোট খাল রয়েছে। এই খালটি বিলেরপাড় গ্রামকে বিভক্ত করে রেখেছে, ফলে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। খালের দুই মাথায় রাস্তা রয়েছে, যা দিয়ে চলাচল করেন বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম ও কুতুবের চর গ্রামের ১৫ হাজার মানুষ। বছরের বেশিরভাগ সময় খালটিতে পানি জমে থাকে, যার কারণে বিভিন্ন পেশার মানুষকে দুর্ভোগে পড়তে হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে খাল পার হতে হয়। বর্ষাকালে নৌকা ব্যবহার করতে হয় এবং শুকনো মৌসুমে ধান ক্ষেত মাড়িয়ে যেতে হয় স্থানীয় এলাকাবাসীসহ ৫ গ্রামের পথচারীদের। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়। ব্রিজের অভাবে প্রায় তিন কিলোমিটার ঘুরে বাড়িতে ফসল নিয়ে আসতে হয়। খালের পশ্চিম পাশে অবস্থিত বিলেরপাড় গ্রামের অটো চালক, মোটরসাইকেল চালক ও ব্যবসায়ীদেরও ৩ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও কোন ফল হয়নি।
গর্ভবতী নারীদের জন্য হাসপাতাল পৌঁছাতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে ৫৬ বছর ধরে এই এলাকার মানুষ একটি ব্রিজের অপেক্ষায় রয়েছেন।
স্থানীয়দের দাবি, খালের ওপর একটি ব্রিজ নির্মাণ হলে জনভোগান্তি কমবে এবং গ্রামীণ অর্থনীতির গতি সঞ্চার হবে। সেইসাথে এই জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
এ কারণে বিলেরপাড় খালের ওপর দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
বিলেরপাড় গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, "আমাদের সকল আবাদ হয় বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে বিলের পানি বেয়ে নিয়ে যেতে হয়। এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষকদের ভোগান্তি কমে যাবে।"
ছাত্তার মিয়া নামের এক গ্রামবাসী বলেন, "জুমার নামাজ পড়তে বিলের পূর্ব পাশে জামে মসজিদে যেতে হয়। বর্ষার সময় নৌকা দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়।"
পল্লী চিকিৎসক হযরত আলী জানান, "এমপি, মন্ত্রীসহ অনেক সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামে কোন উন্নয়ন হয়নি। এমনকি এই গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হলেও তা নতুন করে নির্মাণ করা হয়নি।"
এ বিষয়ে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম বলেন, "খোঁজ নিয়ে দেখেছি এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন। ব্রিজটি নির্মাণ হলে জনগণের কষ্ট দূর হবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন