ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আসন্ন জাহানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগরের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত


আসন্ন জাহানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগরের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন জাহানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল এক কর্মী সমাবেশ।

সমাবেশকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। এ সময় কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

কর্মী সমাবেশে প্রধান আকর্ষণ ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউনুস সাগর। তাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: বিদেশে পাঠানোর নামে ১০ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, পলাতক সামাদ মিয়া

এ সময় বক্তারা বলেন, জাহানপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একজন জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তারা আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগর তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি জাহানপুর ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই আমার লক্ষ্য।

স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের কর্মী সমাবেশ প্রার্থীদের সাংগঠনিক অবস্থান ও জনসম্পৃক্ততা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে জনগণের সমর্থনই প্রার্থীদের অবস্থান নির্ধারণ করবে।
জাহানপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে এখন থেকেই শুরু হয়েছে নানা আলোচনা ও নির্বাচনী হিসাব-নিকাশ। চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগর একজন বিএনপির পরিক্ষিত ও নির্যাতিত কর্মী,তিনি দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে অনেক মামলা ও হামলার শিকার হয়েছেন,এই বিশাল কর্মী সমাবেশ,দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও জনসমর্থন বিবেচনায়, দলীয় মনোনয়নের আশাবাদী চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগর।

আরও পড়ুন: বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখায় ৮ জন আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যামেরায় তিনটি ২০০ মেগাপিক্সেলের চমক নিয়ে অপোর নতুন ফ্ল্যাগশিপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


ক্যামেরায় তিনটি ২০০ মেগাপিক্সেলের চমক নিয়ে অপোর নতুন ফ্ল্যাগশিপ

বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার গ্রহণ শুরু করেছে। এই স্মার্টফোনটি ‘ট্রু-টু-আইস ইমেজিং ফিলোসফি’ এর মাধ্যমে স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে।

অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স দুইটি আকর্ষণীয় রঙে উপলব্ধ হবে - লুনা হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে। এর ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ২৫৯,৯৯৯ টাকা। প্রি-অর্ডারের সময় ক্রেতাদের জন্য ২৪ মাস পর্যন্ত ০% ক্রেডিট কার্ড ইএমআই, বর্ধিত ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জ ক্যাশব্যাকসহ বিশেষ সুবিধা প্রদান করা হবে।

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ইমেজিং ক্ষমতাকে আরও শক্তিশালী করতে এতে ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা সিস্টেমে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। হ্যাসেলব্লাডের ফটোগ্রাফির ঐতিহ্য এবং অপোর ইমেজিং উদ্ভাবনের সমন্বয়ে তৈরি এই সিস্টেম ব্যবহারকারীদের জন্য সৃজনশীল ও নিখুঁত ছবি তোলার ক্ষেত্রে অসাধারণ স্বাধীনতা প্রদান করবে।

ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আরও সহজলভ্য করতে ক্রেতাদের জন্য ২৪ মাস পর্যন্ত ০% ক্রেডিট কার্ড ইএমআই সুবিধা রয়েছে। এতে প্রতি মাসে কিস্তির পরিমাণ হবে আনুমানিক ১০ হাজার ৮৩৪ টাকা। প্রি-অর্ডারে ক্রেতারা এক বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং লাইফটাইম ফোন সার্ভিস সুবিধা পাবেন। এছাড়া, তারা ফ্লিপার এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে তাদের পুরনো স্মার্টফোন আপগ্রেড করার সময় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

মোবাইল ফটোগ্রাফিকে আরও এক ধাপ এগিয়ে নিতে, অপো লুনা হোয়াইট রঙের অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স হ্যাসেলব্লাড টেলি কনভার্টার কিটও নিয়ে এসেছে, যার মূল্য ২৯,৯৯৯ টাকা। এই অ্যাকসেসরিজটি ফ্ল্যাগশিপ ফোনটির সর্বাধুনিক ক্যামেরা সিস্টেমের সাথে ব্যবহারোপযোগী ডিজাইনে তৈরি করা হয়েছে এবং এটি ফটোগ্রাফিপ্রেমীদের জন্য উন্নত টেলিফটো ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করবে।

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি, অপো নতুন অপো এনকো ক্লিপ২ও বাজারে এনেছে। লুমিনাস গোল্ড রঙের এই অ্যাকসেসরিজটির মূল্য ১৭,৯৯৯ টাকা। এটি স্টাইল এবং স্বাচ্ছন্দ্য দুটিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। অপো এনকো ক্লিপ২ স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে এবং অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের অভিজ্ঞতাকে আরও অনন্য করে তুলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন? সময়সীমা ফুরিয়ে আসলেও চলছে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন? সময়সীমা ফুরিয়ে আসলেও চলছে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব

জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের প্রতিযোগিতা বর্তমানে চূড়ান্ত ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। গুতেরেসের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হতে চললেও বৈশ্বিক পরাশক্তিগুলোর ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব এবং গোপন ভোটাভুটির জটিলতায় এখনো বিশ্বসংস্থার পরবর্তী শীর্ষ নেতার নাম স্থির হয়নি। ইতিহাসে প্রথমবারের মতো নতুন বছর জাতিসংঘের কোনো স্থায়ী মহাসচিব ছাড়া শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই আটজন প্রার্থীর মধ্যে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন)—যাদের ভেটো ক্ষমতা রয়েছে—তারা এখনো কোনো একক নামের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ এবং তুরস্কের ফেরিদুন সিনিরলিওগ্লুর অন্তর্ভুক্তি এই প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলেছে।

যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জর্জিনা হোমস মন্তব্য করেন, ‘বহুপাক্ষিকতাবাদ যখন প্রবল চাপের মুখে, ঠিক সেই সময়ে জাতিসংঘে কার রাজনৈতিক প্রভাব থাকবে—এই দীর্ঘস্থায়ী লড়াই তারই অংশ। এমনকি স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও এখন নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ দেশের মধ্যে রাজনৈতিক অনৈক্য অনেক বেশি।’

‘বিশ্বের সবচেয়ে কঠিন চাকরি’

জাতিসংঘের মহাসচিবের পদটিকে প্রায়ই ‘ধর্মনিরপেক্ষ পোপ’-এর সঙ্গে তুলনা করা হয়। তবে এটি কেবল আলঙ্কারিক পদ নয়; সংস্থাটির হাজার হাজার কর্মীর তদারকি এবং বৈশ্বিক কূটনীতি পরিচালনার গুরুদায়িত্বও তার ওপর থাকে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক জান ক্লাবার্স বলেন, ‘মহাসচিবকে একই সঙ্গে দক্ষ রাজনীতিবিদ, কূটনীতিক, মধ্যস্থতাকারী এবং প্রশাসক হতে হয়। এ কারণেই একে বিশ্বের সবচেয়ে কঠিন চাকরি বলা হয়।’

জাতিসংঘ বর্তমানে ইরান ও ইউক্রেন সংকটে কোণঠাসা হয়ে পড়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা এবং চরম আর্থিক সংকটের কারণে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের মতো নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে নতুন মহাসচিব নির্বাচন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দৌড়ে এগিয়ে কারা?

অনানুষ্ঠানিক রীতি অনুযায়ী লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে এবার মহাসচিব হওয়ার কথা। আট প্রার্থীর মধ্যে পাঁচজনই নারী, কারণ জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী মহাসচিব নির্বাচনের জোরালো দাবি উঠেছে।

নিরাপত্তা পরিষদের গোপন জরিপ বা ‘স্ট্র পোল’-এ এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন কোস্টারিকার কূটনীতিক ও আঙ্কটাড (UNCTAD)-এর প্রধান রেবেকা গ্রিনস্প্যান। গত ৫ নভেম্বরের জরিপে তিনি ১২টি ‘সমর্থনসূচক’ এবং ৩টি ‘বিরোধিতাসূচক’ ভোট পেয়েছেন। তবে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে তার সংস্থার সমালোচনামূলক প্রতিবেদন এবং কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহন চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভেটোর মুখে পড়তে পারেন তিনি।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ও আর্জেন্টিনার নাগরিক রাফায়েল গ্রোসি। তিনি পেয়েছেন ৯টি সমর্থনসূচক ভোট। তবে ওয়াশিংটনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় চীন ও রাশিয়ার বিরোধিতার মুখে পড়তে পারেন তিনি।

নতুন সমীকরণ ও পরাশক্তিগুলোর চাল

কূটনৈতিক সূত্র অনুযায়ী, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে, যাতে যুক্তরাজ্য ও ফ্রান্সেরও তেমন আপত্তি নেই। তবে সুদানের আধাসামরিক বাহিনীকে আমিরাতের অস্ত্র দেওয়ার অভিযোগের কারণে নুসেইবেহ চাপে আছেন এবং চীনকেও এখনো আস্থায় আনতে পারেননি। অন্যদিকে, চীন প্রকাশ্যে কারও নাম না বললেও লাতিন আমেরিকার কোনো প্রার্থীর পক্ষেই তাদের ঝোঁক রয়েছে।

এছাড়া লাতিন আমেরিকার অন্য প্রার্থীদের মধ্যে গায়ানার ক্যারোলিন রদ্রিগেস বারকেট গাজায় ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রের চক্ষুশূল হয়েছেন। তুরস্কের প্রার্থী ফেরিদুন সিনিরলিওগ্লুর বিরুদ্ধে গ্রিসের বিরোধিতা রয়েছে। উগান্ডার একমাত্র আফ্রিকান প্রার্থী ওলারা ওতুন্নুও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। এর বাইরে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নামও অনানুষ্ঠানিকভাবে আলোচনায় এনেছে ওয়াশিংটন।

সময় ফুরিয়ে যাওয়ার শঙ্কা

জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টির সমর্থন এবং স্থায়ী পাঁচ সদস্যের ভেটো এড়ানো বাধ্যতামূলক। এরপর সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন হয়।

জাতিসংঘ সনদে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন মহাসচিব নির্বাচিত না হলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। নাগরিক সমাজের প্রতিনিধি বেন ডোনাল্ডসনের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও প্রভাবশালী দেশগুলো ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে, যাতে শেষ মুহূর্তে চাপ সৃষ্টি করে নিজেদের পছন্দের কাউকে বসানো যায় কিংবা জাতিসংঘকে নেতৃত্বহীন করে দুর্বল রাখা যায়। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে পাঠানোর নামে ১০ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, পলাতক সামাদ মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক | ডিকে বাপ্পী | তালাশ বিডি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


বিদেশে পাঠানোর নামে ১০ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, পলাতক সামাদ মিয়া

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের সামাদ মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিমানের টিকিট ও যাত্রার তারিখ দেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের বিদেশে পাঠানো হয়নি। বরং একাধিকবার ভুয়া টিকিট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী মো. বোরহান উদ্দিন ও মাহাবুবের দাবি, বিদেশে যাওয়ার আশায় তারা সামাদ মিয়াকে মোট ১০ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। টাকা নেওয়ার পর সামাদ মিয়া তাদের বিদেশে পাঠানোর আশ্বাস দেন এবং বিভিন্ন সময়ে যাত্রার তারিখ উল্লেখ করে বিমানের টিকিট সরবরাহ করেন।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, দেওয়া টিকিট নিয়ে তারা কয়েকবার বিমানবন্দর পর্যন্ত গেলেও বিদেশযাত্রা সম্পন্ন করতে পারেননি। সর্বশেষ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে বিদেশে পাঠানোর কথা বলে নতুন করে টিকিট দেওয়া হয়। কিন্তু সেটিও ভুয়া বলে অভিযোগ করেন তারা। এরপর থেকেই সামাদ মিয়া পলাতক রয়েছেন বলে ভুক্তভোগীদের দাবি।

এদিকে তালাশ বিডির অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, সামাদ মিয়ার নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামেও বিদেশে পাঠানোর কথা বলে আরও কয়েকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহের চেষ্টা চলছে।

ভুক্তভোগীরা তাদের দেওয়া টাকা ফেরত পাওয়া এবং অভিযুক্ত সামাদ মিয়াকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে প্রতারণার অভিযোগ অত্যন্ত গুরুতর। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, অর্থ লেনদেন ও টিকিটের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তালাশ বিডির পক্ষ থেকে বক্তব্য: অভিযুক্ত সামাদ মিয়ার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঁজিবাজারে আসতে আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


পুঁজিবাজারে আসতে আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, পুঁজিবাজারে আসতে ইচ্ছুক মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে যথাযথ আর্থিক প্রস্তুতি, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করেন। তাই, বিনিয়োগের পূর্বে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসার সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করা আবশ্যক।

সোমবার, বিএসইসি এবং যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানের বিনিয়োগ গ্রহণের প্রস্তুতিবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বিএসইসি ভবনে দুইদিনের এই কর্মশালা শুরু হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, দেশের মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিকাশে পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। বিএসইসি দেশের এসএমই ও মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে স্বাগত জানায়। তবে, পুঁজিবাজারে আসার পূর্বে প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবকাঠামো, আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সক্ষমতা থাকা প্রয়োজন।

তিনি বলেন, বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন, তাই বিনিয়োগের সিদ্ধান্ত যথাযথ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হওয়া জরুরি। এজন্য কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসার সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে।

বিএসইসি চেয়ারম্যান উদ্যোক্তাদের স্বচ্ছতা, পেশাদার ব্যবস্থাপনা ও আর্থিক জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের মানসিকতা নিয়ে পুঁজিবাজারে আসার আহ্বান জানান।

বিএসইসি ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মশালায় দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। কর্মশালায় ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক মূল্যায়ন, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ, বিনিয়োগকারীদের সামনে ব্যবসার পরিকল্পনা উপস্থাপন এবং অর্থায়ন সংগ্রহের প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের প্রশিক্ষক গগনদীপ সিং বকশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%