০৫:০৬ পি.এম
যশোর, ২১ অক্টোবর, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত জানিয়েছেন, সৌর বিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। আগামী গ্রীষ্মের আগেই এই খাত থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সৌর বিদ্যুৎ নিয়ে মানুষের আগ্রহের কারণে সরকারও এ বিষয়ে নীতি সহায়তা প্রদান করছে। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের সৃষ্টি হচ্ছে এবং নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে।
আজ বুধবার দুপুরে যশোর জেলা বিএনপি অফিসে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী শহরের লালদিঘি পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।
আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্বের আহ্বান
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। দেশের অন্য কোনো রাজনৈতিক কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনের খবর আমার জানা নেই।’
যশোর জেলা বিএনপি কার্যালয়ের এই উদ্যোগ দেখে অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাদের দলীয় কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, সেচ পাম্পগুলোও ধাপে ধাপে সৌরবিদ্যুৎ চালিত করা হবে। এতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ কমবে এবং কৃষকের উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। নিজেদের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে সৌর প্যানেল স্থাপনের খরচ উঠে আসবে বলে তিনি মনে করেন।
আরও পড়ুন: ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে বিএনপি, নৈরাজ্য করতে দেওয়া হবে না: ইশরাক
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন