০৬:০৮ পি.এম
রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নতুন ধরনের আত্মঘাতী ড্রোন ‘কেইউবি-১০এমই’ ব্যবহার শুরু করেছে। এই ড্রোনটি ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে উড়তে সক্ষম এবং স্থির লক্ষ্যবস্তু ছাড়াও চলন্ত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে। যুদ্ধের ময়দানে এটি ব্যাপক আতঙ্ক সৃষ্টি করছে।
শুক্রবার (২০ নভেম্বর) ইউক্রেনের রেডিও প্রযুক্তি বিশেষজ্ঞ সের্গেই বেস্ক্রেসনভ নতুন এই ড্রোনের যুদ্ধক্ষেত্রে উপস্থিতির কথা জানিয়েছেন। তিনি ‘ফ্ল্যাশ’ ছদ্মনামে পরিচিত এবং বিষয়টি তার টেলিগ্রাম চ্যানেলে তুলে ধরেছেন।
‘কেইউবি-১০এমই’ রাশিয়ার কালাশনিকভ কনসার্নের তৈরি একটি বিমান আকৃতির ড্রোন। নির্মাতা প্রতিষ্ঠান এটিকে ‘লয়টারিং মিউনিশন’ বা আকাশে অপেক্ষমাণ থেকে হামলা চালানোর সক্ষম অস্ত্র হিসেবে বর্ণনা করেছে। অর্থাৎ, এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর এলাকায় কিছু সময় উড়ে অবস্থান করতে পারে এবং সুযোগ বুঝে হামলা চালাতে পারে।
আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে কপ৩১ চুক্তি চূড়ান্ত করতে মরিয়া দেশগুলো
রুশ নির্মাতাদের দাবি, এই ড্রোনটি ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো অপটোইলেকট্রনিক গাইডেন্স সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটার দিকে ড্রোন পরিচালনা করা সম্ভব। ফলে এটি অবস্থান পরিবর্তন করছে এমন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্যও ব্যবহার করা যেতে পারে বলে দাবি করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ড্রোনটির ঘণ্টায় ক্রুজিং গতি প্রায় ১২০ কিলোমিটার। এটি ৮০ থেকে ১ হাজার ৮০০ মিটার উচ্চতায় উড়তে পারে। দিন ও রাতের পাশাপাশি প্রতিকূল আবহাওয়াতেও এটি ব্যবহার করা সম্ভব বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।
এর আগে গত আগস্টে কালাশনিকভ কনসার্নের প্রধান নির্বাহী অ্যালান লুশনিকভ জানিয়েছিলেন, শিগগিরই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ‘কেইউবি-১০এমই’ মোতায়েন করা হবে। তার ভাষ্য অনুযায়ী, ড্রোনটি ‘স্ক্যাট-৩৫০এম’ গোয়েন্দা ড্রোনের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: জাপানে ভারী তুষারপাতে ১৫০০ মানুষ আটকা, ৭০০ পরিবার বিদ্যুৎহীন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন