০৬:১০ পি.এম
মাঠজুড়ে সোনালি আমন ধান রয়েছে। কিছু কৃষক ইতোমধ্যে কিছু ধান কেটে ঘরে তুলতে সক্ষম হয়েছেন। আবার অনেক কৃষকের জমির পাকা ধান খুব শীঘ্রই ঘরে ওঠার কথা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টি যেন কৃষকের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। হঠাৎ বৃষ্টির কারণে জমিতে পানি জমে পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পাকা ধানের শীষ পানিতে ডুবে যাওয়ার কারণে দানা নষ্ট ও পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ফরিদপুরের সদরপুর উপজেলার আমনচাষিরা ব্যাপক ক্ষতির শঙ্কায় পড়েছেন।
কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে আমন ধানের ফলন ভালো হয়েছে। অনেক কৃষকের জমির ধান পেকে কাটার উপযোগী হয়ে উঠেছিল। কিছু কৃষক ধান কাটাও শুরু করেছিলেন। কিন্তু গত দুই দিনের হঠাৎ বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিচু জমির ধান নিয়ে কৃষকরা বেশি দুশ্চিন্তায় রয়েছেন।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি দ্রুত নেমে না গেলে জমিতে পড়ে থাকা পাকা ধানের শীষ পচে যেতে পারে। পাশাপাশি ধানের গুণগতমান কমে যাওয়ার ফলে বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এতে উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কা করছেন অনেকে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত
উপজেলার সদর ইউনিয়নের কৃষক সায়াদ সর্দার বলেন, ‘ধারদেনা করে জমি চাষ, চারা কেনা, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশক বাবদ অনেক টাকা খরচ করেছি। এখন ফসল ঘরে তোলার সময় প্রকৃতির এমন বিরূপ আচরণে দিশেহারা হয়ে পড়েছি। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’
আরেক ক্ষতিগ্রস্ত কৃষক জাফর খা বলেন, ‘সারা বছর কষ্ট করে ধান ফলিয়েছি। এখন ধান পেকে গেছে, ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু অসময়ের বৃষ্টিতে জমির ধান পড়ে গেছে। সময়মতো কাটতে না পারলে বড় ধরনের লোকসান গুনতে হবে।’
কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও ফসলের ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হোক। পাশাপাশি জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী বলেন, ‘এ বছর সদরপুর উপজেলায় ৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। নিম্নচাপের প্রভাবে অসময়ের বৃষ্টিতে কৃষকদের পাকা আমন ধানের ক্ষতি হয়েছে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। জমিতে বৃষ্টির পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে এবং জমির অবস্থা বুঝে পাকা ধান দ্রুত কাটার উদ্যোগ নিতে বলা হচ্ছে।’
আরও পড়ুন: বাগানে ভাগ্যবদল: কৃষি উদ্যোক্তা বেলালের সাফল্য
সোনালি ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষকদের এখন চোখেমুখে হতাশা। মাঠের পাকা ধান নিয়ে তাদের একটাই শঙ্কা— প্রকৃতির বিরূপ আচরণে সারা বছরের পরিশ্রমের ফসল শেষ পর্যন্ত কতটুকু ঘরে তুলতে পারবেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন