০৪:৫৭ এম
কৃষকরা একই জমিতে একাধিক ফসল চাষে ঝুঁকছেন, উদ্দেশ্য হচ্ছে কম জমিতে বেশি উৎপাদন ও খরচ কমিয়ে বাড়তি আয়ের। আন্তঃফসল, সাথী, মিশ্র ও ভার্টিক্যাল পদ্ধতিতে তারা সফলভাবে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করছেন। এর ফলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং কৃষকের আয় ও পুষ্টির চাহিদা পূরণের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় একই জমিতে একাধিক ফসল ও সবজি চাষ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। দরবস্ত, শিবপুর, কোচাশহর, কামারদহ, গুমানীগঞ্জ ও ফুলবাড়িসহ পৌর এলাকার ২০ থেকে ২৫টি গ্রামের কৃষকরা এ পদ্ধতিতে চাষাবাদ করছেন। তারা একই জমিতে বেগুন, কলা, টমেটো, হলুদ, লালশাক, করলা ও লাউসহ বিভিন্ন ফসল উৎপাদন করছেন।
কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামের কৃষক শামীম রেজা এবারে ৪০ শতক জমিতে কয়েকটি প্লট তৈরি করে বিভিন্ন ফসল ও সবজি চাষ করেছেন। তিনি জানান, ফলন ভালো হয়েছে এবং উৎপাদন খরচ বাদ দিয়ে অন্তত ৫০ হাজার টাকা লাভের আশা করছেন।
আরও পড়ুন: বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে: ড. আতিক মুজাহিদ
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, চলতি মৌসুমে উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকার ২০ থেকে ২৫টি গ্রামে প্রায় ৫০ হেক্টর জমিতে আন্তঃফসল, সাথী ও মিশ্র ফসলের আবাদ হয়েছে।
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি জানান, উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাট গ্রামের কৃষকরা একই জমিতে আদা, ফুলকপি ও ওলকচু চাষ করছেন। তারা সিমেন্টের পরিত্যক্ত বস্তায় আদা চাষ করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছেন। কৃষক বেনামি চন্দ্র, ইয়াসমিন মিয়া ও অনন্ত রায় এ পদ্ধতিতে চাষাবাদ করছেন এবং তাদের আশা, ভালো ফলন ও ন্যায্যমূল্য পেলে এ পদ্ধতিতে বাড়তি আয় করা সম্ভব হবে।
গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন বলেন, প্রচলিত পদ্ধতির পাশাপাশি বস্তায় আদা চাষ করলে বাড়তি জমির প্রয়োজন হয় না। সঠিক পরিচর্যা, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন নিশ্চিত করতে পারলে ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষকদের এ ধরনের বিকল্প পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, কৃষিজমি কমে আসা ও খাদ্য উৎপাদনের চাহিদা বাড়ায় উপজেলার কৃষকরা ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদ করছেন। হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে একই জমিতে মাচা তৈরি করে ওপরে শিম এবং নিচে আদা চাষ করছেন কৃষকরা। কৃষক বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে এ পদ্ধতিতে আবাদ করেছেন।
আরও পড়ুন: তিস্তার নদীর বুকে কৃষকদের সোনালি স্বপ্নের ফলন
কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন জানান, একই জমিতে দুই ধরনের ফসল চাষ করে তারা লাভবান হচ্ছেন। শিমের মৌসুম শেষ হলেও জমিতে আদা থাকবে, ফলে পর্যায়ক্রমে দুই ফসল থেকেই আয় করা সম্ভব হবে।
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম বলেন, কৃষিজমি কমে আসায় একই জমিতে একাধিক ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। উপজেলায় প্রায় দুই হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে নিচে আদা ও ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন