ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক মো. রায়হান নিহত


মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক মো. রায়হান নিহত

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় মো. রায়হান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রায়হান ছিলেন ফুটপাতের এক হোটেলের কর্মচারী। তার গ্রামের বাড়ি বরিশালে অবস্থিত।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেললাইনের পাশে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রায়হানকে হাসপাতালে নিয়ে আসা মো. আকাশ জানান, রায়হান মহাখালীর রেলগেট এলাকার ফুটপাতের একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন। সন্ধ্যার সময় মহাখালী রেলগেট এলাকায় রেললাইনের পাশে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ থেকে ভারতে ৫.৮৪ কোটি রুপির স্বর্ণ চোরাচালান জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


বাংলাদেশ থেকে ভারতে ৫.৮৪ কোটি রুপির স্বর্ণ চোরাচালান জব্দ

ভারতের ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) দাবি করেছে যে, বাংলাদেশ-কলকাতা-হায়দ্রাবাদ রুটে সক্রিয় একটি সোনা চোরাচালান চক্রকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কাছ থেকে সংস্থাটি বিদেশি সোনা ও বিদেশি মুদ্রাসহ মোট ৫.৮৪ কোটি রুপি মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছে। ডিআরআই-এর হায়দ্রাবাদ ইউনিট এবং বিজয়ওয়াড়া আঞ্চলিক ইউনিটের যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সংস্থাটি জানায় যে তারা বাংলাদেশ থেকে কলকাতা হয়ে হায়দ্রাবাদে সোনা পাচারকারী একটি চক্রকে চিহ্নিত করে। এই অভিযানে ৩,১৪৭.১ গ্রাম সোনা, ৬০,০০০ মার্কিন ডলার এবং ২১,৫০০ ইউরো জব্দ করা হয়, যার সম্মিলিত বাজারমূল্য প্রায় ৫.৮৪ কোটি রুপি।

গোপন তথ্যের ভিত্তিতে ডিআরআই কর্মকর্তারা বিজয়ওয়াড়ার বহির্ভাগে একটি এসইউভি গাড়ি আটক করেন। গাড়িটির একটি গোপন কুঠুরি (সিক্রেট ক্যাভিটি) থেকে বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা দুই আরোহী কর্মকর্তাদের জানান যে তারা ইতোমধ্যে সোনা বিক্রি করে দিয়েছেন এবং জব্দ করা বিদেশি মুদ্রা সেই সোনা বিক্রির অর্থের একটি অংশ।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা হায়দ্রাবাদের দিকে যাওয়া একটি বাস থামিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করেন। উদ্ধার করা সোনা দিয়ে তৈরি বিস্কুট বা বারগুলোর ওজন ছিল প্রায় ৩.১ কেজি, যা তারা কোমরে বাঁধা থলিতে লুকিয়ে পরিবহন করছিলেন।

চোরাচালানের সোনা সংগ্রহ ও পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। পরবর্তীতে আদালত তাদের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ডিআরআই জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

চলতি মাসে অন্ধ্রপ্রদেশে ডিআরআই কর্তৃক উদঘাটিত সোনা চোরাচালানের এটি দ্বিতীয় বড় ঘটনা। এর আগে, বিশাখাপত্তনমের কাছ থেকে ৮.৯৮ কোটি রুপি মূল্যের বিদেশি সোনা জব্দ করেছিলেন কর্মকর্তারা। কলকাতা থেকে হায়দ্রাবাদে সোনা পরিবহনের সময় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

ডিআরআই জানায়, ৮-৯ অক্টোবরের রাতে পিছু ধাওয়া করে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৫,৮৩২.৯০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। সোনাগুলো গাড়ির সিটের নিচে লুকানো ছিল।

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচার

ডিআরআই জানিয়েছে, বিশাখাপত্তনমের কাছ থেকে জব্দ করা সোনা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়েছিল এবং তা কলকাতা থেকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। ১৯৬২ সালের কাস্টমস আইনের বিধান অনুযায়ী কর্মকর্তারা সোনাগুলো বাজেয়াপ্ত করেন। গ্রেপ্তারকৃত দুই যাত্রীকে বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদের বিচারিক হেফাজতে পাঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক প্রদর্শনী

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী স্পেনের বৃহত্তম আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণ করছে। এর উদ্দেশ্য হলো রপ্তানি বাজারের সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করা এবং দেশের পণ্যগুলোর প্রচার করা।

বার্সেলোনার বিশ্বখ্যাত প্রদর্শনী কেন্দ্র ফিরা দে বার্সেলোনা মোন্টজুইক-এ আজ শুরু হওয়া তিন দিনব্যাপী এ বাণিজ্য মেলা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এবারের মেলায় বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান ইপিবির তত্ত্বাবধানে এবং চারটি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করছে। এছাড়া, মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি স্টলে রপ্তানিবিষয়ক বিভিন্ন প্রকাশনা, জার্নাল ও নথিপত্র প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে।

এবারের মেলায় বাংলাদেশ, স্পেন, ইতালি, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনসহ বিশ্বের ১২টি দেশের ৩০০টিরও বেশি শীর্ষস্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রদর্শক অংশ নিচ্ছে।

আজ বুধবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান, বিকেএমইএর পরিচালক মো. আব্দুল হান্নান, অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্পেনে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে বলেন, "দেশের রপ্তানি আয় বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এ শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।"

স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "জার্মানিকে অতিক্রম করে স্পেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পণ্যের বৃহত্তম রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে।" এটি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থার প্রতিফলন।

রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুডিসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সার্বভৌম ঋণমান মূল্যায়ন ও অর্থনৈতিক পর্যালোচনায় ইতিবাচক অগ্রগতি বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা ও সহনশীলতা বৃদ্ধির প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

স্পেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও পণ্যের বহুমুখীকরণের ক্ষেত্রে স্পেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।" তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

মেলাটির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্রেতা, পাইকারি বিক্রেতা ও ডিজাইনারদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা এবং এর মাধ্যমে বৈশ্বিক টেক্সটাইল খাতের ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা।

মেলায় বিভিন্ন ধরনের ওভেন ও নিটেড ফ্যাব্রিক, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, সুতা এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রদর্শন করা হচ্ছে। এতে বাংলাদেশের প্রদর্শিত তৈরি পোশাক ক্রেতাদের আগ্রহ সৃষ্টি করেছে।

এবারের মেলায় বিশ্বখ্যাত ‘পেক্লার্স প্যারিস’-এর পরিচালনায় ‘এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ট্রেন্ড ইন্টেলিজেন্স’ শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সরবরাহকারীদের জন্য ইউরোপীয় ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং প্রতিযোগিতামূলক মূল্যে অর্ডার পাওয়ার ক্ষেত্রে এ এক্সপো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

মেলায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- ডে ফ্যাশন, এ এম সি নিট কম্পোজিট লিমিটেড, সারা ফ্যাশন, বেঙ্গল গ্লোরি, কনকর্ড রাইমেন্ট ওয়্যার, ইউনাইটেড ক্রিয়েশন, এ এম সি অ্যাপারেল, গ্লিমার ফ্যাশনস ডিজাইন অ্যাপারেল, জিন্স অ্যান্ড জ্যাকেট, আহাভা কম্পোজিট, এন ডব্লিউ আর এম টি, মানহা অ্যাটায়ার কম্পোজিট এবং গেট ওয়ার্ল্ড অ্যাটায়ার ট্রিমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একই স্থানে ২ দুর্ঘটনায় ৫ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একই স্থানে ২ দুর্ঘটনায় ৫ প্রাণহানি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের একই স্থানে দুটি ভিন্ন দুর্ঘটনায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন এবং বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতের পর এবং বুধবার (২১ অক্টোবর) বিকেলে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় এই সড়ক দুর্ঘটনাগুলি ঘটে।

বিকেলের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তার ওপর দুমড়ে-মুচড়ে আটকে যায়।

এই ঘটনায় ট্রাকচালকসহ ৩ জনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ এবং ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

আহত যাত্রীদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এর আগে, গত রাত দেড়টার দিকে একই স্থানে ইবাদ পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী দুই মাছ ব্যবসায়ী নিহত হন। নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার আটলিয়া ইউনিয়নের নর্নিয়া গ্রামের রাফিউর রহমান গাজী (৪০) এবং অপরজন ইউনুচ সরদার (২৫)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে কারখানায় আগুন, ৫ জন দগ্ধ বার্ন ইউনিটে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


নরসিংদীতে কারখানায় আগুন, ৫ জন দগ্ধ বার্ন ইউনিটে

নরসিংদী জেলার সদর উপজেলার মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লার বিস্ফোরণের ফলে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় দগ্ধ হওয়া ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে মাধবদী থানার বিরামপুর কালীবাড়ি ডাইংয়ে আগুনের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে, মাধবদী ও নরসিংদী সদর ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারের স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%