বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:১৫ পি.এম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মধ্যেই সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ টঙ্গীবাজার, রেল জংশন এলাকা সাহারা মার্কেট, চেরাগ আলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি করেন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৈরী আবহাওয়ার মধ্যে সকাল থেকেই টঙ্গী বাজার এলাকায় কয়েকশত নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন টঙ্গী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরণ। পরে সকাল ১১ টায় রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে টঙ্গী বাজারস্থ সেনা কল্যাণ মার্কেট এলাকা থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পুনরায় টঙ্গী বাজার এসে সমাপ্তি ঘটে। এসময় মিছিল চলাকালীন বিএনপির নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও দেশকে অস্থিরতা করার প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় লকডাউন নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে রাশেদুল ইসলাম কিরণ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনসহ দেশের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সার্বক্ষণিক রাজপথে অবস্থান করবো।
অপরদিকে একই সময়ে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিএনপির শাহিন মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপির নেতা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, রহিম উদ্দিন কালা, শাহনুর সরকার রনি প্রমুখ। এসময় বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় অবস্থানে থাকায় টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী রয়েছেন।
মিরপুর মডেল থানা পুলিশ বুধবার (১৮ নভেম্বর) এই অভিযানটি সম্পন্ন করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, প্রজন্ম লীগ এবং ছাত্রলীগের সদস্যরা অন্তর্ভুক্ত আছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন (২২), ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরীফ সাইফুল ইসলাম (৫২), মিরপুর মডেল থানা প্রজন্ম লীগের সভাপতি মো. আলাউদ্দিন (৫০), মিরপুর মডেল থানা যুবলীগের নেতা মোহাম্মদ আসলাম (৪৫) এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ (২৬)।
এছাড়া গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন মো. সুমন (২৮), মেহেদী হাসান রাতুল (২২), রমজান (২৭), মো. মিঠু (৩৩), মো. মিরাজ হোসেন (৩৭), ফাহাদ বিন অনিক (২২), মো. মুন্না (২০), মো. হাফিজুর রহমান (২৬), মো. শামসুল হক ছামির (২২), মো. সোহেল (৩১), মো. রুবেল (২৬), সাইদুর ইসলাম নিরব (২০), মো. রিয়াজ ইসলাম (৩০), মো. পলাশ মিয়া (২৫), মো. মিরাজ হোসেন (২২), আল ইমরান মাহমুদ (২৫), মো. ওহাব দেওয়ান (২০), আরিফ শেখ (৪০), আবু তালিব (২৮), মো. আশরাফুল ইসলাম (৪০), পার্থিব দাস (২২), তারেক আলী জলিল (৪৭), মো. রাজিব পণ্ডিত (৩৬), মো. মাইনুল ইসলাম (৫২), মো. মামুন মল্লিক (২৪), কাউসার আহম্মেদ (২৭), মো. আকরাম হোসেন হাদী (২৪), মো. রাজিব হাওলাদার (২৪), মো. শাওন (২৩), মো. আশিক (৩২), মো. শাহিদুল ইসলাম (৩৭), ইউসরান কল্প (২০), মো. মকবুল হোসেন (২২), মো. শরীফুল ইসলাম (২৫), মো. শরীফ (২২), নয়ন (৩৫), মো. নাজিম (৩০), মো. আহনাফ আরাবি আকাশ (২৮) ও মো. সায়েম (১৯)।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের ১৯৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
১৯ নভেম্বর বৃহস্পতিার সকাল ১০ টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে আলোচনা সভা শুরু হয়। অতিথিদের আলোচনায় তিতুমীরের ত্যাগ ও সংগ্রামী জীবনের নানা দিক উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি রফিকুল ইসলাম রলি, কথাসাহিত্যিক আবিদ আযম এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলামিন মাতাব্বর।
এছাড়া উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রশক্তির সদস্যসচিব আল নোমান নিরব, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মাহিন, সাধারণ সম্পাদক এইচ এম ইমরান সহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক আবিদ আযম উল্লেখ করেন, "আমাদের পড়াশোনা করতে হবে, ইতিহাস জানতে হবে। আমাদের পাঁচ হাজার বছরের ইতিহাস রয়েছে। তিতুমীর থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ, সবার সম্পর্কে জানতে হবে। আমাদের প্রথম স্বাধীনতা ১৯৪৭ সালে, এটা ভুললে চলবে না। মতের বিরোধী হলেই তাদের ট্যাগ দিয়ে দিই। যেমন লাল, নীল ও হলুদ। সরকারি দল ও বিরোধী দল যে উল্টো পথে চলছে, তার ফসল হচ্ছে আজকের এই নাশকতা।"
প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, "তিতুমীর ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনা। আমরা প্রত্যাশা করি, তাঁর মতো চরিত্র পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করুক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন না, পাশাপাশি তিনি যুদ্ধও করেছেন। ৪১ বছর ধরে রাজনীতি করে রাজনীতি থেকে ৪১ টাকাও নেইনি। যতটুকু ভাতা পাই, তা দিয়ে জনসেবা করি।"
তিনি আরও বলেন, "যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারা ক্ষমতা ও টাকার জন্য পাগল হয়ে গিয়েছিল। দুই বছর পর আমরা দেখতে পেলাম গ্রামে যাদের অনুন্নত বাড়ি ছিল, তাদের বাড়িও সবচেয়ে উন্নত হয়ে গেছে। আমরা রাজনীতি করি দেওয়ার জন্য, নেওয়ার জন্য না।"
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ অভিযানের আওতায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনে বসবাসরত ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাদের সবাইকে ‘টার্গেট’ করা হয়েছিল। ২০১৭ সালের আগস্ট মাসে শুরু হওয়া এই ভয়াবহ সামরিক অভিযানে সেনাবাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হয়েছেন প্রায় ১০ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ এবং শিশু।
জাতিসংঘ পরিচালিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা বৈশ্বিক আদালতে দায়ের করা রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায়ে এই তথ্য তুলে ধরেছেন আইসিজের বিচারক ইয়াসাসাওয়া। মামলার সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আইসিজে নিশ্চিত করেছে যে, লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এবং নিহত রোহিঙ্গাদের সংখ্যা সম্পর্কে তারা নিশ্চিত হয়েছে।
রায় পড়ার সময় বিচারক ইয়াসাসাওয়া মন্তব্য করেন, “মিয়ানমারে সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া রোহিঙ্গাদের সংখ্যা এবং নিহত রোহিঙ্গাদের সংখ্যা উভয়ই বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ সংখ্যার দিক থেকে মিয়ানমারের লক্ষ্যবস্তু হওয়া এই জনগোষ্ঠীকে ‘জেনোসাইড কনভেনশন’ বা গণহত্যা বিষয়ক সনদের আওতায় একটি ‘তাৎপর্যপূর্ণ’ গোষ্ঠী হিসেবে গণ্য করা যায়।”
২০১৭ সালের আগস্ট মাসে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর ভয়াবহ সহিংসতার মুখে পালিয়ে বাংলাদেশে চলে আসেন ৭ লক্ষাধিক রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের আশ্রয় শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখেরও বেশি।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করেছিল গাম্বিয়া, এবং আজ সেই মামলার রায় ঘোষণা হচ্ছে।
সরাসরি সম্প্রচার হওয়া ১৫ বিচারপতির এই আদালতের রায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য অনেক দেশের মানুষ গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারীর সৈয়দপুরে মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার পরিদর্শন করেছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এবং বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন।
পরিদর্শনের সময় তিনি পাঠাগারের সার্বিক কার্যক্রম, বইয়ের সংগ্রহ এবং পাঠকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ ছাড়া, স্থানীয় শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগারের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তিনি এ সময় বলেন, ‘বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। একটি সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি মানুষের চিন্তা, চেতনা ও মননশীলতা বিকাশের অন্যতম কেন্দ্র। তরুণ প্রজন্মকে বইমুখী করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
ইমদাদুল হক মিলন আরও বলেন, ‘আমরা চাই, দেশের প্রতিটি অঞ্চলে পাঠাগার গড়ে উঠুক। শিক্ষার্থী ও তরুণেরা বই পড়ার সুযোগ পাক। বইয়ের মাধ্যমে তারা নিজেদের সমৃদ্ধ করুক এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক। বসুন্ধরা শুভসংঘ মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।’
পাঠাগার পরিদর্শনের সময় তিনি বইয়ের সংগ্রহ সমৃদ্ধ করা, নিয়মিত পাঠচক্র ও সাহিত্যবিষয়ক আয়োজনের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী এবং তরুণদের পাঠাগারমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, সৈয়দপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা তোফাজ্জল হোসেন লুতু, সভাপতি শফিকুল আলম, সহসভাপতি এস এম শাকিল ইসলাম ও হারুন অর রশিদ (হারুন), যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সোহাগ), দপ্তর সম্পাদক সোহাগ রানা দিপু, প্রচার সম্পাদক রিফাত চৌধুরী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাবা তাবাসসুম ত্রপা, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মোতমাইন্না মিতাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
পাঠাগার পরিদর্শন শেষে ইমদাদুল হক মিলন শিশু স্বর্গ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ সারা দেশে শিক্ষা, মানবিক সহায়তা, স্বাবলম্বীকরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাগার প্রতিষ্ঠা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ