০৬:৫৬ পি.এম
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার লক্ষ্যে গ্যারান্টি ক্লজ এবং সালিশির (আরবিট্রেশন) বিধান অন্তর্ভুক্ত করে নতুন পানিবণ্টন চুক্তি করার দাবি জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ। তারা উল্লেখ করেছেন, দ্বিপাক্ষিক আলোচনা যথেষ্ট নয়, বরং ভারত, নেপাল ও চীনকে অন্তর্ভুক্ত করে বহুপাক্ষিক আলোচনা চালিয়ে নতুন চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। কেবল তখনই পানির ন্যায্য হিস্যা আদায়ের পথ তৈরি হবে।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘ফারাক্কা চুক্তির ৩০ বছর : অভিন্ন নদীর পানিবণ্টন ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, মওলানা ভাসানী শিখিয়ে গেছেন, পানির ন্যায্য হিস্যার লড়াই জনগণকে সঙ্গে নিয়েই করতে হবে। এটি শুধুমাত্র পানির অধিকার নয়, বরং দেশের স্বার্থ, মানুষের জীবন এবং পরিবেশের সঙ্গেও সম্পর্কিত। তাই জনগণকে ঐক্যবদ্ধ করে ন্যায্য হিস্যা আদায়ের আন্দোলনকে আরও জোরদার করতে হবে।
আরও পড়ুন: সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক মন্তব্য করেন, ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনকে তার বাংলাদেশ নীতির পরাজয় হিসেবে দেখছে। ভারতীয় নীতিনির্ধারকদের এই অবস্থান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশ ভারতের সঙ্গে বৈরিতা চায় না, বরং সমতা, ন্যায্যতা এবং আন্তর্জাতিক বিধিবিধান মেনে দ্বিপাক্ষিক সংকটের সমাধান চায়।
ভাটির দেশ হিসেবে বাংলাদেশের স্বার্থ এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চুক্তিতে গ্যারান্টি ক্লজ থাকা জরুরি বলে মন্তব্য করেন নদী ও পরিবেশ বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী। তিনি বলেন, ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক নদীবিষয়ক সনদে বাংলাদেশের অবিলম্বে স্বাক্ষর করা উচিত। গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। এর পানির সঙ্গে ভারত, নেপাল, চীন এবং বাংলাদেশ সরাসরি সম্পৃক্ত। তাই চার দেশকে নিয়ে আলোচনার মাধ্যমে নতুন চুক্তি করতে হবে।
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, জনগণের মধ্যে এমন জাগরণ তৈরি করা প্রয়োজন, যাতে রাষ্ট্র জনগণের স্বার্থ রক্ষায় কার্যকর চুক্তি করতে বাধ্য হয়। নদীর পানিবণ্টন সংক্রান্ত নতুন চুক্তিতে গ্যারান্টি এবং আরবিট্রেশন ক্লজের পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত বিষয়গুলোও অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং অন্যান্য দেশকে সম্পৃক্ত করে বহুপাক্ষিক চুক্তির উদ্যোগ প্রয়োজন।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে নদী এবং পানির সমস্যার দ্রুত সমাধান করতে হবে। এ ক্ষেত্রে শুধু ভারতের দিকে তাকিয়ে না থেকে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। অন্যথায় ২০৫০ সালের মধ্যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ১৯ দিন ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে প্রস্তুত বাপেক্স, গ্যাসের সন্ধান হবে পরে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন