ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

জেড আই খান পান্না: সামনে আরো ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে


জেড আই খান পান্না: সামনে আরো ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না মন্তব্য করেছেন, মব রাজনীতির জন্য পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তিনি উল্লেখ করেন, সামনে আরও ভয়াবহ কিছু হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, তাতে "ইট মারলে পাটকেল খেতে হয়" এটি মনে রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, "আমি বলছি না, আওয়ামী লীগ সরকারের সময় এটি ছিল না। কিন্তু সেটি লুকিয়ে করতো, এখন প্রকাশ্য।"

শনিবার (১৪ নভেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে জনস্বার্থে মামলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন আসকের নির্বাহী পরিচালক তাহিমনা রহমান।

জেড আই খান পান্না আরও বলেন, "একজন এমপির বাসায় আগুনের ঘটনা ঘটেছে। যদি এটি লাগানো হয়ে থাকে তবে এটি অবশ্যই ভয়াবহ ঘটনা।"

আরও পড়ুন: সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সিনিয়র আইনজীবী হিসেবে তিনি আরও উল্লেখ করেন, "আমাদেরই এক আইনজীবী পরিবারসহ কেএফসিতে যাবেন। পথের মধ্যে যুবদল তার ওপর মব করে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছে। এগুলো আমাদের জন্য ভয়াবহ ব্যাপার। সুতরাং ভবিষ্যতে পাটকেল খেতে হতে পারে এটি স্মরণ রাখা উচিত।"

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জনস্বার্থে মামলা বিষয়ে সবাইকে নিজ নিজ স্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর হেফাজতের মৃত্যুর বিষয়ে আইন আরও যুগোপযোগী করতে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বাস চাপায় নিহত ১, আহত ৩; আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


গোপালগঞ্জে বাস চাপায় নিহত ১, আহত ৩; আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা

গোপালগঞ্জে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এবং ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছে। স্থানীয় বিক্ষুব্ধরা দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দেয়। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক এবং একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ (৪৫) নামে এক ব্যক্তি। এছাড়াও ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হয়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত মহিবুল্লাহ চন্দ্রদীঘলিয়া গ্রামের মৃত সুফি সাহেবের ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপাক্ষিক আলোচনার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপাক্ষিক আলোচনার তাগিদ

গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার লক্ষ্যে গ্যারান্টি ক্লজ এবং সালিশির (আরবিট্রেশন) বিধান অন্তর্ভুক্ত করে নতুন পানিবণ্টন চুক্তি করার দাবি জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ। তারা উল্লেখ করেছেন, দ্বিপাক্ষিক আলোচনা যথেষ্ট নয়, বরং ভারত, নেপাল ও চীনকে অন্তর্ভুক্ত করে বহুপাক্ষিক আলোচনা চালিয়ে নতুন চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। কেবল তখনই পানির ন্যায্য হিস্যা আদায়ের পথ তৈরি হবে।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘ফারাক্কা চুক্তির ৩০ বছর : অভিন্ন নদীর পানিবণ্টন ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, মওলানা ভাসানী শিখিয়ে গেছেন, পানির ন্যায্য হিস্যার লড়াই জনগণকে সঙ্গে নিয়েই করতে হবে। এটি শুধুমাত্র পানির অধিকার নয়, বরং দেশের স্বার্থ, মানুষের জীবন এবং পরিবেশের সঙ্গেও সম্পর্কিত। তাই জনগণকে ঐক্যবদ্ধ করে ন্যায্য হিস্যা আদায়ের আন্দোলনকে আরও জোরদার করতে হবে।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক মন্তব্য করেন, ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনকে তার বাংলাদেশ নীতির পরাজয় হিসেবে দেখছে। ভারতীয় নীতিনির্ধারকদের এই অবস্থান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশ ভারতের সঙ্গে বৈরিতা চায় না, বরং সমতা, ন্যায্যতা এবং আন্তর্জাতিক বিধিবিধান মেনে দ্বিপাক্ষিক সংকটের সমাধান চায়।

ভাটির দেশ হিসেবে বাংলাদেশের স্বার্থ এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চুক্তিতে গ্যারান্টি ক্লজ থাকা জরুরি বলে মন্তব্য করেন নদী ও পরিবেশ বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী। তিনি বলেন, ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক নদীবিষয়ক সনদে বাংলাদেশের অবিলম্বে স্বাক্ষর করা উচিত। গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। এর পানির সঙ্গে ভারত, নেপাল, চীন এবং বাংলাদেশ সরাসরি সম্পৃক্ত। তাই চার দেশকে নিয়ে আলোচনার মাধ্যমে নতুন চুক্তি করতে হবে।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, জনগণের মধ্যে এমন জাগরণ তৈরি করা প্রয়োজন, যাতে রাষ্ট্র জনগণের স্বার্থ রক্ষায় কার্যকর চুক্তি করতে বাধ্য হয়। নদীর পানিবণ্টন সংক্রান্ত নতুন চুক্তিতে গ্যারান্টি এবং আরবিট্রেশন ক্লজের পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত বিষয়গুলোও অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং অন্যান্য দেশকে সম্পৃক্ত করে বহুপাক্ষিক চুক্তির উদ্যোগ প্রয়োজন।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে নদী এবং পানির সমস্যার দ্রুত সমাধান করতে হবে। এ ক্ষেত্রে শুধু ভারতের দিকে তাকিয়ে না থেকে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। অন্যথায় ২০৫০ সালের মধ্যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক সংঘর্ষ, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক সংঘর্ষ, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ফলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

শনিবার সকালে শুরু হওয়া এই বিক্ষোভ ও সংঘর্ষের কারণে পুরো পল্লী বিদ্যুৎ এলাকা এবং আশপাশের স্থানগুলো রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। আন্দোলনকারীরা পাল্টা আক্রমণ করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং ম্যাজিস্ট্রেটের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে, এমনকি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়।

পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ নামক কারখানার সামনে শ্রমিকরা জড়ো হতে থাকে। পরে তারা বিভিন্ন শ্লোগান দিয়ে সকাল ৯টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এর ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়ে।

খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের মধ্যে থেকে একদল উচ্ছৃঙ্খল যুবক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং সড়কে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও বিজিবি সদস্যরা পাল্টা অ্যাকশনে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

সংঘর্ষ ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে। আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

মাটিকাটা এলাকার মোশারফ হোসেন জানান, সকালে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করার সময় মুশফিক (২৩) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত মুশফিক নেত্রকোনার বাসিন্দা।

শ্রমিক নেতা দেওয়ান জসীম উদ্দিন বলেন, "৫ আগষ্টের পরে বিভিন্ন এলাকা থেকে আত্মগোপনে থাকা ফ্যাসিস্টরা আমাদের শিল্পাঞ্চলে এসে কারখানায় কাজ জীবন ধারণ করতে থাকে। এখন সুযোগ বুঝে তারাই সাধারণ শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে। আমাদের হাতে যথেষ্ট প্রমাণ এসেছে, এখন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের আটক করতে পারলেই আন্দোলন বন্ধ হয়ে যাবে।"

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা অযৌক্তিকভাবে মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটায়। পুলিশ প্রথমে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও আন্দোলনকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং সরকারি গাড়ি ভাঙচুর করে। পরে জানমাল রক্ষা ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বেলা সাড়ে ১১টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত থেমে থেমে যান চলাচল শুরু হয়। তবে পুনরায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনের নামে যারা মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল, তারা প্রকৃত পোশাক শ্রমিক নন। বরং শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পিকেটিং ও নাশকতার চেষ্টা চালাচ্ছিলেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯ দিন ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে প্রস্তুত বাপেক্স, গ্যাসের সন্ধান হবে পরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


১৯ দিন ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে প্রস্তুত বাপেক্স, গ্যাসের সন্ধান হবে পরে

কক্সবাজারের উখিয়ার ইনানিতে অবস্থিত গ্যাসকূপের আগুন নেভানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। টানা ১৯ দিন ধরে জ্বলতে থাকা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ঘটনাস্থলে আনা হয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বুয়েট ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল কূপটি পরিদর্শন করেছে। তবে, আগুন নেভানোর মূল কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার সকালে ইনানির ঘটনাস্থলে পৌঁছেছে ভারী ড্রিলিং পাইপ বা ২০ ইঞ্চি কেসিং, মোবাইল ক্রেন, ভারী জেনারেটর ও ব্লোআউট প্রিভেন্টরসহ অন্যান্য সরঞ্জাম। এসব সরঞ্জাম স্থাপন করে কূপের গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে আগুন নেভানোর পরিকল্পনা করছে বাপেক্স।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, "আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ২০ ইঞ্চি কেসিং আনা হয়েছে। এটি বিদ্যমান কূপের ভেতরে স্থাপনের চেষ্টা করা হবে, যাতে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রিতভাবে বের করে আনা যায়।" এরপর সার্কুলেশন পদ্ধতিতে সিমেন্ট, মাড ও অন্যান্য রাসায়নিক ব্যবহার করে গ্যাসের প্রবাহ বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, "প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের কাজ শুরু হয়েছে। এ জন্য আরও অন্তত ১৫ থেকে ২০টি বড় পাইপ ও অন্যান্য সরঞ্জাম প্রয়োজন হবে। সব প্রস্তুতি শেষ করে মূল কার্যক্রম শুরু করা হবে। অপারেশন সফল হলে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে।"

আগুন নেভানোর পর কূপটিতে গ্যাসের প্রকৃত মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা নিরূপণে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, "আগুন নিয়ন্ত্রণে আসার পর ভূতত্ত্ববিদ ও রিজার্ভার প্রকৌশলীরা কূপটি পরীক্ষা-নিরীক্ষা ও সার্ভে করবেন। সেখানে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদনের সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে নতুন করে কূপ খননের উদ্যোগ নেয়া হতে পারে।"

তিনি বলেন, "বর্তমান কূপটি থেকে সরাসরি গ্যাস উৎপাদন সম্ভব নয়। এটি মূলত ছয় ইঞ্চি ব্যাসের একটি গর্ত। গ্যাস উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনসহ আরও কারিগরি কাজ করতে হবে। এ মুহূর্তে কূপটিতে কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে কিংবা বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।"

গ্যাসের মজুত ও উৎপাদন নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে তিনি বলেন, "এখানে গ্যাসের উপস্থিতি দেখা গেলেও এর প্রকৃত পরিমাণ, উৎপাদন সক্ষমতা কিংবা বাণিজ্যিক সম্ভাবনা এখনো নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষার পর এসব বিষয়ে জানা যাবে। আপাতত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগুন নিয়ন্ত্রণে আনাই প্রধান লক্ষ্য।"

কূপে গ্যাসের লিকেজের আশঙ্কা রয়েছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, "মূল অপারেশন শুরু হলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।"

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. সোয়েব বলেন, "এর আগে ১৫ দিন আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানানো হয়েছিল। আগুনের মাত্রা ও পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়ার পরিকল্পনা ছিল। সেই ধারাবাহিকতায় এখন আগুন নেভানোর পরিকল্পনা করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।"

তিনি বলেন, "আগুন নেভানোর পুরো কার্যক্রম পরিচালনা ও সম্পন্ন করবে বাপেক্স। এ বিষয়ে কারিগরি পরামর্শ ও প্রস্তুতি পর্যালোচনার জন্য বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অধ্যাপক, সেভরনের একজন ড্রিলিং বিশেষজ্ঞ এবং বাপেক্সের একজন ড্রিলিং বিশেষজ্ঞ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।"

বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাহমুদ জানান, "তাদের এখানে আসার মূল উদ্দেশ্য গ্যাসের মজুত পর্যালোচনা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা। বাপেক্স কীভাবে নিরাপদে উচ্চচাপের মধ্যে থাকা বিপজ্জনক গ্যাস নিয়ন্ত্রণে আনতে পারে, সে বিষয়ে তাদের পরিকল্পনা সরেজমিনে পর্যবেক্ষণ করছেন তারা। এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি পরামর্শও দেয়া হবে।"

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, আগুন নেভানোর কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পরই কূপটির গ্যাসের মজুত ও উৎপাদন সম্ভাবনা নিয়ে পরবর্তী পরিকল্পনা করা হবে।

গত ২৭ অক্টোবর ইনানিতে নলকূপ স্থাপনের জন্য খনন করা একটি গর্ত থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। পরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে কূপটিতে আগুন জ্বলছে। দীর্ঘ ১৯ দিন ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আর ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। এখন কূপটির আগুন নেভাতে বাপেক্সের বিশেষ অভিযান শুরুর প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%