০৩:৫৯ এম
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় স্বামীর বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর পুলিশ তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার সময় খবর পেয়ে পুলিশ দক্ষিণ গোরানের একটি বাসা থেকে মারিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর রাত ১১টা ২০ মিনিটে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ৩৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মারিয়ার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মো. মহসিন। বিয়ের পর গত প্রায় আট মাস ধরে তিনি খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় আলিয়া মাদ্রাসা স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামী সাইফুলের সঙ্গে বসবাস করছিলেন।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
মারিয়ার ভাই মো. চান মিয়া জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মারিয়ার সঙ্গে যোগাযোগ করতে না পারায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। এরপর মারিয়ার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে রান্নাঘরের পাশে বারান্দায় মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এ সময় তাঁর গলায় একটি দাগও দেখতে পান তারা। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মারিয়ার স্বামী সাইফুলকে খিলগাঁও থানায় হেফাজতে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন যে, চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন