শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৩২ পি.এম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি তিনতলা আবাসিক ভবন ধসে পড়ে, যার ফলে দুই শিশুসহ মোট আটজনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। উদ্ধারকারী দল বৃহস্পতিবার বিকেলে প্রায় ২৪ ঘণ্টার অভিযান শেষে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
নিহত দুই শিশুর বয়স যথাক্রমে ৯ ও ১০ বছর। অন্য ছয়জনের বয়স ২২ থেকে ৩১ বছরের মধ্যে। নিহতদের মধ্যে দুজন নির্মাণশ্রমিকও রয়েছেন। আহত ১৮ জনের মধ্যে চারজন অগ্নিনির্বাপণকর্মী হিসেবে কাজ করছিলেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের একটি নির্মাণাধীন স্থাপনার পাশে এই ভবনটি ধসে পড়ে। এতে আশপাশের এলাকায়ও ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকাজে বৃষ্টি বাধা সৃষ্টি করলেও উদ্ধারকারীরা তাদের অভিযান অব্যাহত রাখেন।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, ভবন ধসের কারণ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট নির্মাণস্থল ও ভবনটির ব্যাপারে বিস্তারিত তদন্ত করা হবে।
সূত্র: এনবিসি নিউজ , এবিসি নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী মন্দির স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের লেকের (মুগ্ধ সরোবর) সর্বউত্তরের পূর্ব পাশে সীমানাপ্রাচীরসংলগ্ন একটি স্থান নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত স্থানের বাইরে ‘অনুমোদনহীন’ ইটের দেয়াল নির্মাণ করে পাকা স্থাপনা তৈরির কাজ শুরু করায় প্রশাসন তা বন্ধের নির্দেশ দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) অনুমোদনহীন ‘কেন্দ্রীয় মন্দির’ নামে নির্মাণাধীন স্থাপনার কাজ স্থগিত করা হয়। প্রশাসন বিষয়টি নজরদারিতে রেখেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর অস্থায়ী মন্দির স্থানান্তরসংক্রান্ত গঠিত কমিটির দ্বিতীয় সভায় নতুন স্থান নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের লেকের সর্বউত্তরের পূর্ব পাশে সীমানাপ্রাচীরসংলগ্ন স্থানটি অস্থায়ী মন্দির স্থাপনের জন্য নির্ধারণ করা হয়।
তবে সেখানে ‘কেন্দ্রীয় মন্দির ইসলামী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে প্রশাসনের অনুমতি ছাড়াই স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে ইবি পূজা উদ্যাপন পরিষদের বিরুদ্ধে। সেখানে ইটের গাঁথুনি দিয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু হলে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসলে বিকেলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থায়ী মন্দির স্থাপনের কাজ বন্ধ করে দেন।
এ নিয়ে উপাচার্য বরাবর অনুমোদনহীন মন্দির নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে শাখা জমিয়তে তালাবায়ে আরাবিয়া। পরবর্তী সময়ে শাখা সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, মন্দির ইস্যুতে ইবি প্রশাসন শনিবারে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে। আশা করছি, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রাখার সিদ্ধান্তই নেবে। প্রশাসনের নিয়ম ভঙ্গ করে অবৈধ স্থাপনাটি পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করে তুলেছে। এ জন্য অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে এবং ভবিষ্যতে যেন এ রকম দুঃসাহস কেউ না দেখায়।
মন্দিরের বিষয়ে জানতে চাইলে পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার বলেন, আমরা ইবি থানা-সংলগ্ন একটি খোলা জায়গায় পূজা করতাম। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জায়গাটি পরিবর্তন করে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। পরে আমরা নতুন জায়গায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পূজা করার মতো পরিবেশ তৈরি করি। জায়গাটি নিচু হওয়ায় ইটের গাঁথুনি দিয়ে উঁচু করা হয়। তবে এটি স্থায়ী মন্দির নয়। প্রশাসন বিকেলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিছুটা বর্ধিত নির্মাণকাজের জন্য প্রশাসনের অনুমোদন নেওয়া হয়নি। প্রশাসনের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সিভিল ইঞ্জিনিয়ার মো. আলীমুজ্জামান টুটুল বলেন, প্রক্টর ঘটনাস্থলে গিয়ে সব কাজ বন্ধ করে দিয়ে এসেছেন। আপাতত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে খুব ছোট একটি জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিও একেবারে সীমানাঘেঁষা। কিন্তু তারা নির্ধারিত জায়গার চেয়ে অনেক বেশি জায়গা নিয়ে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন। এ কারণেই প্রক্টর সেখানে গিয়েছিলেন।
তিনি আরও বলেন, আমাদের না জানিয়েই তারা নিজেদের মতো করে কাজটি করেছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রশাসন সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলেছে। আশা করছি, প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ইতোমধ্যে প্রক্টরকে বিষয়টি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা অস্থায়ীভাবে পূজা উদ্যাপনের জন্য একটি জায়গা তাদের ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। তবে ওই জায়গার বাইরে ইটের দেয়াল নির্মাণ করে ওপরে টিন দিয়ে স্থাপনা তৈরির কোনো অনুমতি দেওয়া হয়নি। শুরু থেকেই বিষয়টি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল। এখানে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।
তিনি আরও বলেন, বিষয়টি আজ আমাদের নজরে এসেছে। জানার পরপরই প্রক্টরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অনুমোদিত জায়গার বাইরে কোনো স্থাপনা করা যাবে না। ইতোমধ্যে তাদের জানানো হয়েছে, যেটুকু নির্মাণ করা হয়েছে, তা দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বর্তমানে নির্মাণাধীন মন্দিরটি বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্য ও পুলিশের পাহারায় রয়েছে। প্রশাসন খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। তবে এর প্রতিবাদে বাদ জুমা ‘লাইট অফ কুরআন’ নামক একটি প্ল্যাটফর্ম মানববন্ধনের ডাক দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নার্সের মাধ্যমে ডেলিভারি এবং অবশেষে নবজাতকের মর্মান্তিক মৃত্যু; অন্যদিকে মায়ের অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুয়া রিপোর্ট তৈরি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জের সর্বদলীয় প্রতিনিধি ও সাধারণ জনগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হন। এসময় সাংবাদিক ভাইগন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উপস্থিত হয়ে। একটি পর্যায়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশও ঘটনা স্থলে উপস্থিত হোন।
তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী পরিবারের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ১ লাখ টাকা প্রদান করেছে এবং পরবর্তী চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের সম্মতি দিয়েছে।
তবে প্রশ্ন একটাই—চিকিৎসার নামে এমন অবহেলা আর কত প্রাণ কেড়ে নেবে? কোনো হাসপাতালই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার রাখে না। শুধু আর্থিক ক্ষতিপূরণ নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
মানুষের জীবনের চেয়ে বড় কিছু নয়। চিকিৎসার নামে অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সাশ্রয় ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার ১০টি পয়েন্টে প্রতি শুক্রবার বিশেষ ওএমএস ট্রাকসেল কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ৩০ টাকা দরে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন। কার্যক্রমটি আগামী ৩ মাস অব্যাহত থাকবে।
সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহের এ সুযোগ গ্রহণে নারায়ণগঞ্জের সকল গার্মেন্টস শ্রমিককে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, মোঃ রায়হান কবির আর ও অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ