ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

‘আইপিএলের বিশ্ব ক্রিকেটের সূচিতে প্রভাব রাখার অধিকার রয়েছে’: জুহি চাওলা


‘আইপিএলের বিশ্ব ক্রিকেটের সূচিতে প্রভাব রাখার অধিকার রয়েছে’: জুহি চাওলা

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহমালিক জুহি চাওলা এপ্রিল-মে মাসের প্রচণ্ড গরমের পরিবর্তে বরং বছরের অপেক্ষাকৃত শীতল সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের প্রস্তাব করেছেন। তাঁর বক্তব্য, টুর্নামেন্টটি বর্তমানে বিশ্ব ক্রিকেটে এতটাই প্রভাবশালী যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে খাপ খাইয়ে চলার পরিবর্তে আইপিএলের উপযোগী করে সূচি পুনর্বিবেচনা করা উচিত। এই প্রস্তাবের সমর্থন করেছেন আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদিও।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জুহি লিখেছেন, "বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি কেন বছরের সবচেয়ে বেশি গরমের সময়ে আয়োজন করতে হবে? সূচি যদি নতুন করে বিবেচনা করা হয়, তাহলে এপ্রিল-মের পরিবর্তে জানুয়ারিতে আয়োজনের কথা ভাবা যায় না কেন? এতে খেলার পরিবেশ ভালো হবে, ক্রিকেটের মান বাড়বে এবং সবার অভিজ্ঞতাও উন্নত হবে।"

জুহির মতে, আইপিএল এখন আর আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে নিজের জায়গা খুঁজে নেওয়ার পর্যায়ে নেই। বরং এই টুর্নামেন্টটি বিশ্ব ক্রিকেটের সূচিতে প্রভাব বিস্তারের সক্ষমতা অর্জন করেছে।

আরও পড়ুন: বায়ার্ন মিউনিখে কোচ ভিনসেন্ট কোম্পানির সুস্থতা, ফিরছেন অনুশীলনে

ললিত মোদি তাঁর প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উল্লেখ করেছেন, আইপিএল আয়োজনের জন্য আইসিসির কাছ থেকে আলাদা কোনো সময়সীমা বা অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মালিকানাধীন ও পরিচালিত একটি ঘরোয়া টুর্নামেন্ট। তাই কবে আয়োজন করা হবে, সে সিদ্ধান্ত বিসিসিআই নিতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও খেলোয়াড়দের ছাড়পত্রের বিষয়গুলো সমন্বয় করতে হবে।

আইপিএলের সাবেক চেয়ারম্যানের মতে, বিশ্ব ক্রিকেটে টুর্নামেন্টটির অবস্থান এখন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মতো। ফুটবলে ইপিএল যেমন বিশ্বজুড়ে বাণিজ্যিক ও ক্রীড়া প্রভাব তৈরি করেছে, ক্রিকেটে আইপিএলও তেমন অবস্থানে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, খেলোয়াড়দের জন্য আইপিএলের চুক্তি তাঁদের বার্ষিক আয়ের বড় অংশ হতে পারে।

আইপিএল সাধারণত মার্চ থেকে মে, কখনো জুনের শুরু পর্যন্ত অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সূচিতে পরিবর্তন আনতে হয়েছিল। এবার প্রচণ্ড গরমের বিষয়টি সামনে এনে জানুয়ারিতে আয়োজনের পাশাপাশি অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বিস্তৃত একটি পরিকল্পিত সূচির প্রস্তাব দিয়েছেন মোদি।

মোদি জানান, সূচি পরিবর্তনের লক্ষ্য হওয়া উচিত বাণিজ্যিকভাবে টেকসই সম্প্রসারণ, খেলোয়াড়দের জন্য উন্নত পরিবেশ, সম্প্রচারস্বত্বের মূল্য বৃদ্ধি এবং ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদি আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা। আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডেরও আইপিএলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সহযোগিতামূলক অবস্থান নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

আরও পড়ুন: ১৯ বছরে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে ইয়ামাল: স্টিভেন জেরার্ড

তবে আইপিএলের সূচি জানুয়ারিতে সরিয়ে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্তের কথা জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন

তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১০ নভেম্বর, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে সমাপনী দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। পরে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মিডিয়া চত্বরে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৬ উপলক্ষে কেক কাটা হয়।

সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ও বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ প্রতিষ্ঠার তারিখ ১০ নভেম্বর। এটি একইসঙ্গে বিরল ও সৌভাগ্যের ঘটনা। তিনি বলেন, এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে দৃঢ় বন্ধন, তা সকল বিভাগের জন্য অনুকরণীয়। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যে ফিডব্যাক প্রদান করে, তা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় প্রাপ্তি ও সৌন্দর্যের বিষয়।

তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে চমৎকার অবদান রাখছেন। বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষার্থীদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক মানের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক, এআইএস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আপেল মাহমুদসহ এআইএস বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্ট জব্দ, ৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্ট জব্দ, ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও এ সময় জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ টন সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া ৭০ টন সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।

কোস্ট গার্ড আরও জানায়, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট এবং আটক পাঁচজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ গফরগাঁওয়ে মৌজার ভুলে জমির নামজারি ও খাজনা পরিশোধে জটিলতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


দক্ষিণ গফরগাঁওয়ে মৌজার ভুলে জমির নামজারি ও খাজনা পরিশোধে জটিলতা

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ২নং পাঁচবাগ ইউনিয়নের খুরশি মহল মৌজার ভূমিসংক্রান্ত তথ্যগত ভুলের কারণে জমির নামজারি (নাম খারিজ) ও ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে জটিলতার সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে এ সমস্যা সমাধান না হওয়ায় সংশ্লিষ্ট মৌজার জমির মালিক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, মৌজাসংক্রান্ত ভুলের কারণে নিয়ম অনুসারে আবেদন করেও জমির নামজারি সম্পন্ন করতে পারছেন না তাঁরা। এর ফলে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে।

খুরশিদ মহল গ্রামের বাসিন্দা মো. আবদুল আহাদ জানিয়েছেন, ‘বহুদিন আগে আমার জমির নামজারি করার জন্য উপজেলা ভূমি অফিসে নিয়ম অনুযায়ী আবেদন করেছিলাম। কিন্তু পরবর্তীতে জানতে পারি, মৌজাসংক্রান্ত ভুলের কারণে আমার আবেদনটি বাতিল হয়ে গেছে। এখন পর্যন্ত সমস্যার কোনো সমাধান পাইনি।’

একই ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মো. আবু সাঈদ বলেছেন, ‘মৌজার ভুলের কারণে আমার স্ত্রীর জমির নামজারি করতে পারছি না। এতে আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছি।’

গফরগাঁও উপজেলা ভূমি অফিসের সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মৌজার তথ্যগত জটিলতার কারণে জমির নামজারি কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে না।

এদিকে, খুরশিদ মহল মৌজার ভুক্তভোগী জমির মালিকরা জানিয়েছেন, ভূমিসংক্রান্ত এ সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকায় তাঁদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। দ্রুত এ জটিলতার নিরসন না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।

ভুক্তভোগী এলাকাবাসী মৌজাসংক্রান্ত ভুল সংশোধন করে জমির নামজারি ও খাজনা পরিশোধের কার্যক্রম স্বাভাবিক করতে ভূমি মন্ত্রণালয়, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯ বছরে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে ইয়ামাল: স্টিভেন জেরার্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


১৯ বছরে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে ইয়ামাল: স্টিভেন জেরার্ড

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ১৯ বছর বয়সে যে অবস্থানে ছিলেন, সেই পর্যায়কে লামিনে ইয়ামাল ইতোমধ্যে অতিক্রম করে ফেলেছেন বলে মনে করেন লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ড। বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডের প্রতিভা ও সম্ভাবনায় মুগ্ধ জেরার্ডের বিশ্বাস, ধারাবাহিকভাবে উন্নতি করতে পারলে ইয়ামাল মেসি-রোনালদোর কাতারে পৌঁছাতে সক্ষম হবেন।

‘দ্য ওভারল্যাপ ডেইলি’ অনুষ্ঠানে জেরার্ড মন্তব্য করেন, ‘মেসি ও রোনালদোর পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে—এমন একজন খেলোয়াড়ের কথা বললে আমি ইয়ামালের নামই উল্লেখ করব। যদি সে নিজের উন্নতি অব্যাহত রাখতে পারে, তাহলে সে সেই উচ্চতায় পৌঁছাতে পারবে। এমবাপ্পে ও হালান্ডও বর্তমানে নিজেদের সেরা সময়ে রয়েছে। তবে আমার মনে হয়, ইয়ামাল তাদের চেয়ে কিছুটা এগিয়ে।’

জেরার্ডের মতে, মাত্র ১৯ বছর বয়সেই ইয়ামাল মাঠে এমন কিছু করছে, যা তিনি আগে কোনো তরুণ ফুটবলারের মধ্যে দেখেননি। তাঁর ভাষায়, ‘প্রতিভা ও সম্ভাবনার দিক থেকে সে ১৯ বছর বয়সে এমন কিছু করছে, যা আমি আগে কোনো খেলোয়াড়কে করতে দেখিনি। এই বয়সে রোনালদোর চেয়ে সে এগিয়ে। তরুণ বয়সে মেসির বিপক্ষে খেলেছি, আমার মনে হয়, সেই সময়ের মেসির চেয়েও ইয়ামাল এগিয়ে।’

২০২৩ সালের এপ্রিলে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক ঘটে ইয়ামালের। বর্তমানে ১৯ বছর ১২০ দিন বয়সে ক্লাবটির হয়ে ১৬৭ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৬২টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৭টি। স্পেন জাতীয় দলের হয়ে ৩৭ ম্যাচে তাঁর গোল-অবদান ২৩টি। ইউরো ২০২৪ ও ২০২৬ বিশ্বকাপ জয়ে স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

বার্সেলোনায় অভিষেকের পর থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ও অ্যাসিস্টে ইয়ামালের অবদান ১১৯। এই সময়ে তাঁর চেয়ে বেশি গোল-অবদান রয়েছে কেবল হ্যারি কেইন (২০৪), কিলিয়ান এমবাপ্পে (১৭৯), এরলিং হালান্ড (১৪৮), রাফিনিয়া (১৩০), মোহাম্মদ সালাহ (১২৯) ও মাইকেল ওলিসের (১২৫)।

তবে মেসি ও রোনালদোর সঙ্গে তুলনার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ধারাবাহিকতা, এমনটাই মনে করেন জেরার্ড। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে দুজন যেভাবে নিজেদের সেরাটা ধরে রেখেছেন, ইয়ামালকেও সেই উচ্চতায় পৌঁছাতে হবে। জেরার্ডের প্রশ্ন, ‘সে কি তাদের মতো ধারাবাহিক হতে পারবে? তাদের মতো গোল করতে পারবে? আর ভবিষ্যতে কি সে একজন প্রকৃত স্ট্রাইকারে পরিণত হবে?’

বার্সেলোনা এবং ইয়ামালের আশপাশের মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইয়ামালকে দীর্ঘদিন ক্ষুধার্ত ও উন্নতির তাড়নায় উজ্জীবিত রাখা, এমনটাই মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%