মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩৬ পি.এম
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য উপস্থাপন করেছে অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডেঙ্গুতে মৃত্যুবরণকারী ৮ জনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগের ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৭৪ জনে পৌঁছেছে।
এছাড়া, এই বছর দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠনের পর প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন প্রদান করা হয়েছে।
ভবন মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন, কারণ তারা আবেদন জমা দেওয়ার এক মাসের মধ্যে কোনো ধরনের ভোগান্তি ও বাড়তি অর্থ ব্যয় ছাড়াই অনুমোদন পেয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নকশার কপি আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হয়।
চলতি বছরের মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর এটিই প্রথম নকশা অনুমোদন সংক্রান্ত সভা। সভাটির সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
ভবন মালিকরা জানান, অনুমোদিত নকশার কপি পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেন যে, স্বল্প সময়ের মধ্যে কোনো ধরনের বাড়তি অর্থ ব্যয় ছাড়াই নকশার অনুমোদন পেয়েছেন। ফলে তাদের ভোগান্তি কমেছে।
সভায় কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, "এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নকশা অনুমোদন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।" তিনি আরও জানান, আবেদনকারীদের কোনো ধরনের ভোগান্তিতে না ফেলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নকশার অনুমোদন দেওয়া হবে।
এ সময় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান এবং সহকারী অথরাইজড অফিসার ও তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদে কঠোর বার্তা প্রদান করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি জানিয়েছেন, আমলাদের অসহযোগিতা, টেন্ডার ছাড়া সরকারি বরাদ্দ খরচ এবং নির্বাচিত সংসদ সদস্যদের উন্নয়নকাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট তথ্য বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এ বক্তব্য দেন প্রতিমন্ত্রী। হান্নান মাসউদ উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে গড়ে ওঠা আমলাকেন্দ্রিক ব্যবস্থার কারণে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রায়ই হেনস্তার শিকার হয়েছেন এবং সেই মনোভাব এখনও পুরোপুরি কাটেনি। তিনি অভিযোগ করেন, নির্বাচিত সংসদ সদস্যদের এড়িয়ে এবং বিভিন্ন বরাদ্দ টেন্ডারবিহীনভাবে খরচ করার বিষয়টি নিয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন এবং সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান।
এর জবাবে, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে এবং প্রতিটি কাজে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।
প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, টেন্ডারবিহীনভাবে অর্থ খরচ করা কিংবা সংসদ সদস্যদের উন্নয়ন কাজে কোনো কর্মকর্তার বাধা সৃষ্টি করার বিন্দুমাত্র সুযোগ নেই। যদি এ ধরনের কোনো ঘটনার সুনির্দিষ্ট তথ্য বা লিখিত প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। নিয়োগ, পদোন্নতি ও পদায়নের প্রতিটি ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে কোনো কর্মকর্তা স্বেচ্ছাচারিতা করলে কিংবা দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ