ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

‎ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ডা. লিটন


‎ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ডা. লিটন

‎‎ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, ‘জীবনে সফল ও প্রতিষ্ঠিত হতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। লক্ষ্য অর্জনের পথে সময়ের সঠিক ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।’
‎
‎শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসায় ৪ তলা ভিত্তিবিশিষ্ট ১ তলা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎তিনি আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার কোনো বিকল্প নেই। ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের যেমন পরিশ্রম করতে হবে, তেমনি শিক্ষকদেরও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান নিশ্চিত করতে হবে।’
‎
‎সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘এ এলাকার শিক্ষার্থীরা যাতে আধুনিক ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পায়, সে লক্ষ্যেই নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে। ২০০৪ সালে আমি এ প্রতিষ্ঠানের পূর্বের ভবনটি নির্মাণ করেছিলাম। আজ আবারও শিক্ষার পরিবেশ উন্নয়নের ধারাবাহিকতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাব।’
‎
‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
‎
‎মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর ইসলাম, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, জিয়াউল হাসান জামিল, আনিছুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী, ত্রিশাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমদাদুল হক, মঠবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম মোস্তাক সোহেল, সাখুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফেরদৌস হাসান, ত্রিশাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায় মোঃ মাহবুবুল হাসান, মো: কামাল হোসেন, মোঃ জান্নাত ফারাজী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এইচ. এম. জোবায়ের হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎এস এম মাসুদ রানা
‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
‎তারিখ :৩১/১০/২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে নিজের চাচাতো ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা জামাল আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে নিজের চাচাতো ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা জামাল আহমেদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে নিজের চাচাতো ভাই জসীমকে পুলিশের হাতে তুলে দিয়ে আলোচনায় এসেছেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জামাল আহমেদ। আত্মীয়তার সম্পর্কের ঊর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয়দের মধ্যে তার এ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা এলাকার সালাম বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করেন জামাল আহমেদ। এ সময় নিজের চাচাতো ভাই জসীমকে আটক করে নাসিরনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় এএসআই জামাল তাকে গ্রেপ্তার করেন বলে জানা গেছে।

ঘটনার পর শনিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে জসীমকে ২০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়দের মতে, মাদকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার কিংবা আত্মীয়তার পরিচয়ের চেয়ে আইনের শাসন ও সামাজিক দায়িত্বকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিজের চাচাতো ভাইয়ের বিরুদ্ধেও মাদকবিরোধী অবস্থান নেওয়ার ঘটনায় জামাল আহমেদের ভূমিকা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা নিতে আগ্রহী মধ্য-প্রাচ্যের বিনিয়োগকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা নিতে আগ্রহী মধ্য-প্রাচ্যের বিনিয়োগকারীরা

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইংলিশ ফুটবল ক্লাবটি কিনতে গত এক বছরে সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করেছেন, এমনটি জানিয়েছেন সাংবাদিক বেন জ্যাকবস। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি এবং আনুষ্ঠানিক প্রস্তাবও আসেনি।

প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের বিনিয়োগকারীদের আগ্রহ এখনও প্রাথমিক স্তরে রয়েছে। ব্যক্তিগত বিনিয়োগকারীরা একটি জোট গঠন করে সম্ভাব্য অধিগ্রহণের অর্থায়ন নিয়ে আলোচনা করছেন। কিন্তু ক্লাব কেনার জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব এখনও সামনে আসেনি।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি অগ্রসর হয়েছিল। প্রাথমিক যোগাযোগের পর আলোচনা আরও গভীর হয়েছে, তবে তা আনুষ্ঠানিক প্রস্তাবে রূপান্তরিত হয়নি। বাহরাইন থেকেও আগ্রহের খবর পাওয়া গেছে, কিন্তু দেশটির কোনো নির্দিষ্ট বিনিয়োগকারী এখন পর্যন্ত প্রস্তাব দেয়নি।

এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড কেনার জন্য ২০২৩ সালে আলোচনায় থাকা শেখ জাসিম বিন হামাদ আল থানিকে বর্তমান কোনো উদ্যোগের সঙ্গে যুক্ত মনে করা হচ্ছে না। তিনি কাতারের একটি বিনিয়োগ গোষ্ঠীর মাধ্যমে ক্লাবটির পূর্ণ মালিকানা নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি।

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা ২০০৫ সাল থেকে গ্লেজার পরিবারের হাতে রয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফ ক্লাবটির সংখ্যালঘু অংশীদারিত্ব কিনেছিলেন। তাঁর প্রতিষ্ঠান আইএনইওএস এরপর থেকে ক্লাবটির ফুটবল পরিচালনার দায়িত্বে রয়েছে।

তবে, বর্তমান আগ্রহগুলো এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা পরিবর্তনের কোনো নিশ্চিত পরিস্থিতি তৈরি হয়নি। সৌদি আরব, বাহরাইন এবং আমিরাতের সম্ভাব্য বিনিয়োগকারীদের যোগাযোগ থাকলেও আনুষ্ঠানিক প্রস্তাব না আসা পর্যন্ত বিষয়টি কেবল সম্ভাব্য অধিগ্রহণের আগ্রহ হিসেবেই রয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাইয়ে চোরাচালানের সময় দুই ট্রাকভর্তি ৩০২ বস্তা ইউরিয়া সার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


মীরসরাইয়ে চোরাচালানের সময় দুই ট্রাকভর্তি ৩০২ বস্তা ইউরিয়া সার উদ্ধার

চট্টগ্রামের মীরসরাইয়ে চোরাচালানের সময় দুটি ড্রাম ট্রাক থেকে ৩০২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। আটজনকে পুলিশ আটক করেছে, যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাক দুটি আটক করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় চোরাচালানের উদ্দেশ্যে বহন করা দুটি ট্রাকে মোট ৩০২ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।

ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করার পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫০ লাখ চেয়ে হুমকি, ‘শরীর বোলতার বাসা বানিয়ে খেলা শুরু হবে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


৫০ লাখ চেয়ে হুমকি, ‘শরীর বোলতার বাসা বানিয়ে খেলা শুরু হবে’

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ৫০ লাখ টাকা চাঁদার জন্য এক প্রবাসী ব্যবসায়ীকে মুঠোফোনে ভয়ংকর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সঙ্গে তার সম্পর্কের পাশাপাশি চাঞ্চল্যকর অনেক তথ্যও বেরিয়ে এসেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সাব্বির হোসেন ওরফে সানি নামে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তিনি বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত। সাতক্ষীরার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের হামজারবাগে বসবাস করছিলেন এই ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্টে নগরের হামজারবাগের মোহাম্মদ ইউসুফ নামের এক প্রবাসীর ছেলে মোহাম্মদ শওকতকে ফোন করে চাঁদা দাবি করেন সাব্বির। মোহাম্মদ শওকতও একজন প্রবাসী ব্যবসায়ী।

মুঠোফোনে সাব্বির তাকে হুমকি দিয়ে বলেন, “একটার মধ্যে যোগাযোগ করবে, ঠিক আছে?....একবার যদি ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না।”

শওকত নামের ওই ব্যবসায়ীকে সাব্বির আরও বলেন, “ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। তার সঙ্গে কথা বলো। ওনার কাতারের নম্বরটাতে যোগাযোগ করে ক্লিয়ার করে ফেলো। যদি ক্লিয়ার না করো, তবে ফ্যামিলির যেকোনো একজনের শরীর প্রথমে বোলতার বাসা বানিয়ে খেলা শুরু হবে। এরপর আস্তে আস্তে তোমার দিকে আসবে। তোমার বাবাকে কল দিলাম না। তিনি হার্টের রোগী, আবার মরে-টরে যাবে। তাই তোমারে জানালাম।”

পুলিশ জানায়, এ হুমকির একটি অডিও রেকর্ড তাদের কাছে রয়েছে। হুমকির ঘটনার পর ইউসুফ নামের ওই প্রবাসীর ভবনের ফটকে গুলিও করা হয়। ঘটনার পর থেকে সাব্বিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল, কিন্তু তিনি আত্মগোপনে ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, বড় সাজ্জাদের কাছ থেকে মাসিক ৫০ হাজার টাকা বেতন পেতেন সন্ত্রাসী সাব্বির। কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল। সাজ্জাদের পাশাপাশি তার সহযোগী বোরহান উদ্দিনের নির্দেশনায় মুঠোফোনে চাঁদা দাবি করে আসছিলেন সাব্বির।

এসপি মাসুদ আলম আরও বলেন, সাব্বির প্রকাশ্যে কম আসতেন। তার কাজ ছিল সাজ্জাদ ও বোরহানের নির্দেশনা অনুসারে ফোন করে চাঁদা দাবি করা। চাঁদার জন্য যে ব্যবসায়ী বা শিল্পপতিকে ফোন করা হবে, তার বিষয়ে আগে থেকেই বিস্তারিত তথ্য সংগ্রহ করা হতো। মূলত বড় সাজ্জাদ অন্য একটি দলের মাধ্যমে সেই তথ্য সংগ্রহ করতেন। সাব্বির ফোন করে নির্দিষ্ট ব্যক্তিকে চাঁদার জন্য সময়সীমা বেঁধে দিতেন। চাঁদা দিতে রাজি না হলে লোক পাঠিয়ে হামলা কিংবা গুলির হুমকি দিতেন তিনি; হুমকি অনুযায়ী সশস্ত্র হামলাও করতেন।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় দুটি মামলা রয়েছে। তিনি চাঁদা দাবি করলেও বেশির ভাগ ক্ষেত্রে লোকজন ভয়ে মামলা করেননি।

গত ২০ জুন চট্টগ্রাম নগরের চান্দগাঁও কালুরঘাট শিল্প এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে সাব্বিরকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়ে। এতে দেখা যায়, সড়কে দাঁড়িয়ে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছুড়ছেন টি-শার্ট পরা সাব্বির। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায় তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%