ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল


পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানার শপথ গ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামীকাল রোববার বিকেল ৩টায় শপথবাক্য পাঠ করাবেন।

এই শপথগ্রহণ অনুষ্ঠানটি সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার লক্ষ্য’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


‘দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার লক্ষ্য’

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। আগামী রবিবার, ভারতের পাঞ্জাবের জলন্ধরে অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। লাল-সবুজের প্রতিনিধিরা গেমসে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে।

বিশ্ব হকি র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে কিছুটা ব্যবধান বিদ্যমান, তবে বাংলাদেশ মাঠে লড়াইয়ে কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। বর্তমানে দক্ষিণ কোরিয়া র‍্যাঙ্কিংয়ে ২১তম অবস্থানে রয়েছে, আর বাংলাদেশের অবস্থান ২৭তম।

তবে লাল-সবুজের প্রতিনিধিরা এই ব্যবধানকে কেবল সংখ্যা হিসেবে দেখছেন। তারা নিজেদের সেরাটা দিয়ে প্রতিপক্ষকে চমকে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শনিবার বাংলাদেশের হকি খেলোয়াড়রা হালকা দৌড় ও স্ট্রেচিংয়ের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছেন। আগের ম্যাচগুলোর ভুলত্রুটি সংশোধন করা এবং পারফরম্যান্সের ঘাটতি কাটিয়ে ওঠা ছিল অনুশীলনের মূল উদ্দেশ্য।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দলের গোলরক্ষক বিপ্লব কুজুর ও আশরাফুল হক সাদ কথা বলেছেন। তারা জানিয়েছেন, আগের ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের খেলার মান উন্নত করার চেষ্টা করছেন। তারা বলেন, “আমরা প্রতিনিয়ত নিজেদের খেলার মান আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগের ম্যাচগুলোতে আমাদের যে ঘাটতিগুলো ছিল, সেগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করা হয়েছে। আগামীকালের ম্যাচে মাঠে সেরা পারফরম্যান্সটা উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আ.লীগের সঙ্গে আতাত

জামায়াতকে সন্দেহ করার কারণ বিএনপির মধ্যে দূরত্ব বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


জামায়াতকে সন্দেহ করার কারণ বিএনপির মধ্যে দূরত্ব বাড়ছে

বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সংবিধান সংশোধন এবং জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধের প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কথিত আঁতাতের অভিযোগ সামনে এসেছে।

বিএনপির শীর্ষ নেতারা এই অভিযোগ তুললেও জামায়াত তা প্রত্যাখ্যান করে পাল্টা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ এনেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় আওয়ামী লীগবিরোধী আন্দোলনে একসঙ্গে থাকা বিএনপি ও জামায়াতের বর্তমান বিরোধের কেন্দ্রে রাষ্ট্র সংস্কার, সংবিধান এবং রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য রয়েছে। তবে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি।

সম্প্রতি রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, দেশের কয়েকটি শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ তৈরির পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অর্থায়ন রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে একটি পক্ষ এবং দেশের ভেতরে আরেকটি রাজনৈতিক দল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিএনপির অন্য নেতারাও জামায়াতকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্ভাব্য যোগাযোগ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। তার দাবি, জামায়াতের বর্তমান সরকারবিরোধী আন্দোলনেও আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে।

অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে, দলীয় কার্যালয় বন্ধ রেখেছে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিয়েছে। এমন একটি দলের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।

আযাদ উল্টো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার অভিযোগ তুলে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেলেও জামায়াতকে বিভিন্নভাবে বাধার মুখে পড়তে হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভীর দাবি, জামায়াত এখন যে আন্দোলন করছে, সেখানেও আওয়ামী লীগের যোগ থাকতে পারে।

তিনি বলেন, জামায়াত এখন চেষ্টা করছে গোপনে অমুকের সঙ্গে মিলে কিভাবে সরকারকে ঘায়েল করা যায়, তাকে কিভাবে দ্রুত ফেলে দেওয়া যায়। কিন্তু এটা করতে গিয়ে যে মহাবিপদ চলে আসতে পারে এবং তাতে যে তাদেরও লাভ হবে না, সেই সেন্সটা কাজ করছে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ।

তবে শুধু গোয়েন্দা তথ্য কিংবা সরকার পতনের চেষ্টা নয়, তৃতীয় আরেকটি কারণেও জামায়াত-আওয়ামীলীগ আঁতাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান নিয়ে ‘অচলাবস্থা সৃষ্টির চেষ্টা’।

সংবিধান ও জুলাই সনদ নিয়ে বিরোধ

বিএনপি-জামায়াতের বর্তমান দূরত্বের অন্যতম কারণ সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য।

জামায়াতসহ ১১ দলীয় জোট গণভোটে অনুমোদিত জুলাই সনদ হুবহু বাস্তবায়নের পক্ষে। অন্যদিকে বিএনপি সনদে থাকা যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত রয়েছে, সেগুলো নিয়ে আপত্তি জানিয়েছে।

সংবিধান নিয়েও দুই পক্ষের অবস্থান ভিন্ন। জামায়াত সংবিধানে ব্যাপক সংস্কার চায়। অন্যদিকে বিএনপি বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যে প্রয়োজনীয় সংশোধনের পক্ষে।

এ নিয়ে বিরোধী দলগুলো সংসদে সংবিধান সংশোধনের উদ্যোগ বর্জন করেছে। রাজনৈতিক সমঝোতা না হওয়ায় বিষয়টি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দাবি, বিরোধী দলগুলো সংবিধান সংস্কারের প্রশ্নে অনড় অবস্থান নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে। এতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে।

তবে বিএনপি নেতারা বলছেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের অভিযোগ কোনো রাজনৈতিক চাপ তৈরির কৌশল নয়; বরং তাদের কাছে এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে।

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ অবশ্য বিএনপির বক্তব্যকে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির চেষ্টা হিসেবে দেখছেন। তার অভিযোগ, সরকার জুলাই সনদ ও গণভোটের বিষয় থেকে জনগণের দৃষ্টি সরাতে আওয়ামী লীগের প্রসঙ্গ সামনে আনছে।

আওয়ামী লীগের বক্তব্য কী?

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলের শীর্ষ নেতাদের অনেকে দেশত্যাগ করেছেন, আবার অনেকে বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি।

বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি আঁতাতের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম বলেন, আওয়ামী লীগ কোনো দলের সঙ্গে সমঝোতা করে রাজনীতি করছে না।

তার দাবি, বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে আদর্শগত কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ জনগণের সঙ্গে থেকে জনগণের জন্য কাজ করে।

রাজনীতিতে আবারও প্রাসঙ্গিক হচ্ছে আওয়ামী লীগ?

বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ ফেরদৌস।

তার মতে, দুই দল একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে কার্যত দলটিকেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসছে।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কার আঁতাত রয়েছে, সে বিষয়ে সাধারণ মানুষের পক্ষে নিশ্চিত হওয়া কঠিন। তবে এ ধরনের পাল্টাপাল্টি অভিযোগ দেশের রাজনীতিতে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ও গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি করছে না।

অধ্যাপক সাঈদ ফেরদৌসের মতে, জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার পরিবর্তে রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষারোপের পুরোনো ধারায় ফিরে যাচ্ছে।

সব মিলিয়ে সংবিধান ও জুলাই সনদ নিয়ে বিএনপি-জামায়াতের মতপার্থক্যের মধ্যে আওয়ামী লীগকে ঘিরে নতুন অভিযোগ-পাল্টা অভিযোগ দেশের রাজনীতিতে আরেকটি বিতর্কের জন্ম দিয়েছে।

বিবিসি বাংলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে : শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


ফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সরকার জনগণের গণরায় অস্বীকার করছে। তিনি বলেন, সংসদীয় ভোটের রায় ছিনতাই করা হয়েছে। তারা বুঝতে পারেনি বলেই গণভোটের রায় ছিনতাইয়ের সুযোগ পায়নি। তবে এখন তারা সেই গণরায়কেও অস্বীকার করছে।

তিনি শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের মুড়লি মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লং মার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভায় এসব কথা বলেন।

জামায়াত আমির সরকারের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিবাদের পথে হাঁটলে শেষ পর্যন্ত খালে-বিলে থাকতে হবে এবং দেশ ছেড়েই পালাতে হবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, "আমাদের দাবি মেনে নিন, নইলে সরকার যদি একদফা আন্দোলনের মুখে পড়ে, তবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।"

ডা. শফিকুর রহমান আরও বলেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে কাউকে কার্ড দিচ্ছেন না। বরং সরকার ও জনগণের তহবিল থেকে কার্ড বিতরণ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, "তাতেও দুর্নীতি-অনিয়ম হচ্ছে। তাদের কার্ড রাতের বেলায় পুকুর পাড়ে পাওয়া যায়।"

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হেফাজতে ইসলামের আমির মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার তেল শোধনাগারে, ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার তেল শোধনাগারে, ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

সাময়িক বিরতির পর ইউক্রেন আবারও রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে ড্রোন হামলা শুরু করেছে। শুক্রবার ইউক্রেনীয় বাহিনীর এই হামলায় রাশিয়ার তিনটি তেল শোধনাগার এবং একটি গ্যাস রাসায়নিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্য দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, "আজকে রাশিয়ার একাধিক তেল শোধনাগারে নতুন করে হামলা চালানো হয়েছে। ইউক্রেন মোট চারটি প্রক্রিয়াকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে আঘাত আনে, যার মধ্যে তিনটি তেল শোধনাগার ও একটি গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স রয়েছে। এর মধ্যে একটি স্থাপনায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আমাদের আকাশ প্রতিরক্ষা ও সুরক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে সফলভাবে কাজ করেছে।"

তিনি হামলার ধারাবাহিকতা উল্লেখ করে আরও বলেন, "মাঝখানে কিছুটা বিরতি থাকলেও আজ থেকে আবারও আক্রমণ শুরু হয়েছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাগুলো এসব স্থাপনা রক্ষা করতে তৎপর রয়েছে।"

এই হামলার প্রতিক্রিয়া আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই মন্তব্য করেছেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সংঘাতের কোনো শান্তিপূর্ণ সমাধান চান না। ট্রাম্প সতর্ক করে জানান, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের এই ধারাবাহিক আক্রমণের প্রভাব সমগ্র বিশ্বের অর্থনীতির ওপর নেতিবাচকভাবে পড়ছে। তিনি জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের জন্য আলোচনার ভুল ব্যক্তি বলেও অভিহিত করেন।

এর আগে গত ৯ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি পেট্রোলিয়াম পণ্যের বৈশ্বিক সরবরাহ নিশ্চিত করার প্রসঙ্গটি স্থান পায়। ঐ ফোনালাপে পুতিন জানান, মস্কো যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। রাশিয়ার এই অবস্থান এবং দুই দেশের ডিজেল সংক্রান্ত সমঝোতাকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%