ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ভর্তিতে প্রথম শ্রেণিতে শুধু লটারি, বাকিদের পরীক্ষা হবে


ভর্তিতে প্রথম শ্রেণিতে শুধু লটারি, বাকিদের পরীক্ষা হবে

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিশু শিক্ষার্থীদের ভর্তি লটারির মাধ্যমে করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে একটি নীতিমালা জারি করেছে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, প্রথম শ্রেণিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিশু শিক্ষার্থীদের ভর্তি লটারির মাধ্যমে সম্পন্ন হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আরও পড়ুন: ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী নাশকতার অভিযোগে সাময়িক বরখাস্ত

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব নির্দেশনা প্রদান করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।

প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সেই অনুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।

নীতিমালায় প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা রয়েছে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে। সেই অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ১০ ডিসেম্বর শুরু

ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার ৮০ শতাংশ কোটা সংরক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়কে ভর্তি কার্যক্রম শুরুর আগে নিজ এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্যও সংগ্রহ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেই এলাকাই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে। একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বিদ্যালয় থাকলে শিক্ষার্থীরা যেকোনো একটিতে আবেদনের সুযোগ পাবে।

ভর্তিতে কয়েকটি শ্রেণির জন্য কোটা সংরক্ষণের নির্দেশনাও রয়েছে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ, একই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। এসব কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে আসনগুলো সাধারণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে। মহানগরী, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে সন্তান নতুন কর্মস্থলের নিকটবর্তী সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

নীতিমালায় ভর্তি ফরমের মূল্য ও ভর্তি ফি নির্ধারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য চার্জের সীমা মেনে চলতে হবে। সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন

ভর্তি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ, অনিয়ম প্রতিরোধ এবং উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তবে নীতিমালা অমান্য করে কোনো অবস্থাতেই নির্ধারিত শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, মোট ৪৭৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ এম


ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, মোট ৪৭৮ মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯০০ জন রোগী।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন, সংখ্যা ৭৮০ জন।

এছাড়া, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ২২৬ জন, বরিশালে ২৪৯ জন, রাজশাহীতে ১৯৮ জন, ময়মনসিংহে ৮৫ জন, রংপুরে ১০৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, অক্টোবর মাসে ১৭৪ জন মারা গেছেন। সেপ্টেম্বর মাসে সর্বাধিক ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে পৌঁছেছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিওনার্দো ডি ক্যাপ্রিও: তিন দশকে কতবার ভেঙেছেন নিজেকে!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ এম


লিওনার্দো ডি ক্যাপ্রিও: তিন দশকে কতবার ভেঙেছেন নিজেকে!

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ সিনেমার জ্যাক ডসন চরিত্রের মাধ্যমে লিওনার্দো ডি ক্যাপ্রিও বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। একটি জাহাজডুবি এবং অসমাপ্ত প্রেমের কাহিনীর মধ্য দিয়ে তিনি দর্শকদের মনে বিশেষ স্থান তৈরি করেন।

তবে, জ্যাক ডসনের রোমান্টিক পরিচয়ের বাইরে রয়েছে এক বহুমাত্রিক অভিনেতার গল্প। তিনি কখনো প্রতারক, কখনো ধনকুবের, কখনো মানসিক দ্বন্দ্বে বিপর্যস্ত মানুষ, আবার কখনো প্রতিকূলতার সঙ্গে লড়াই করা অভিযাত্রী—প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন।

আজ ১১ নভেম্বর হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তিনি জন্মগ্রহণ করেন। আজ ৫২ বছরে পা রাখলেন এই অস্কারজয়ী অভিনেতা।

অভিনয়জীবনের তিন দশকের বেশি সময়ের মধ্যে তিনি অস্কার, গোল্ডেন গ্লোবসহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তবে পুরস্কার কিংবা তারকাখ্যাতির চেয়ে বৈচিত্র্যময় চরিত্র বেছে নেওয়ার সাহসই তাঁকে আলাদা করেছে।

লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠা ডি ক্যাপ্রিওর অভিনয়ের শুরুটা ছোটবেলাতেই। শিশুশিল্পী হিসেবে টেলিভিশন বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছেন। ১৯৯১ সালে ‘ক্রিটার্স ৩’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘দিস বয়’স লাইফ’ এবং ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ সিনেমা তাকে অভিনয়জগতে পরিচিতি এনে দেয়। বিশেষ করে ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ সিনেমায় আর্নি গ্রেপ চরিত্রে অভিনয় করে সমালোচকদের নজর কাড়েন তিনি। মাত্র ১৯ বছর বয়সে এই চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রথমবার অস্কার মনোনয়ন পান।

১৯৯৬ সালে ‘রোমিও + জুলিয়েট’ সিনেমায় রোমিও চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ডি ক্যাপ্রিও। তবে পরের বছর জেমস ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতির শীর্ষে নিয়ে যায়।

সিনেমাটিতে জ্যাক ডসন চরিত্রে তার অভিনয় এবং কেট উইন্সলেটের সঙ্গে পর্দার রসায়ন আজও দর্শকের স্মৃতিতে অমলিন। বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পাওয়া সিনেমাটি তাকে রাতারাতি জনপ্রিয়তার নতুন উচ্চতায় নিয়ে যায়।

তবে ‘টাইটানিক’-এর সাফল্যের পর একই ধরনের রোমান্টিক চরিত্রে আটকে থাকেননি তিনি। বরং ঝুঁকি নিয়ে বেছে নিয়েছেন জটিল ও বৈচিত্র্যময় সব চরিত্র। ২০০২ সালে ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ সিনেমায় বাস্তব জীবনের প্রতারক ফ্র্যাঙ্ক অ্যাবাগনেলের চরিত্রে অভিনয় করেন। একই বছর মার্টিন স্করসেজি পরিচালিত ‘গ্যাংস অব নিউইয়র্ক’ সিনেমায়ও দেখা যায় তাকে।

এরপর ‘দ্য অ্যাভিয়েটর’-এ বিমানচালনা ও চলচ্চিত্রজগতের উদ্যোক্তা হাওয়ার্ড হিউজ, ‘দ্য ডিপার্টেড’-এ আন্ডারকভার পুলিশ কর্মকর্তা বিলি কস্টিগান এবং ‘ব্লাড ডায়মন্ড’-এ ড্যানি আর্চারের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দেন।

২০১০ সালে ক্রিস্টোফার নোলানের ‘ইনসেপশন’ সিনেমায় ডম কব চরিত্রে অভিনয় করে আবারও দর্শক-সমালোচকদের প্রশংসা পান। পরবর্তী সময়ে ‘জে এডগার’, ‘জ্যাঙ্গো আনচেইনড’, ‘দ্য গ্রেট গ্যাটসবি’ এবং ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এর মতো সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে হাজির হন তিনি।

বিশেষ করে ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এ জর্ডান বেলফোর্ট চরিত্রে তার অভিনয় ব্যাপক আলোচিত হয়। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘দ্য বিচ’, ‘শাটার আইল্যান্ড’, ‘রেভল্যুশনারি রোড’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘ডোন্ট লুক আপ’ ও ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’।

ডি ক্যাপ্রিওর অভিনয়জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি অস্কার। একাধিকবার মনোনয়ন পেলেও দীর্ঘদিন অধরা ছিল চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার। অবশেষে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য ২০১৬ সালে সেরা অভিনেতা বিভাগে অস্কার জেতেন তিনি।

আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত সিনেমাটিতে হিউ গ্লাস নামের এক অভিযাত্রীর চরিত্রে অভিনয় করেন ডি ক্যাপ্রিও। প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের মুগ্ধ করে। অস্কার গ্রহণের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়েও তিনি কথা বলেন।

এরপর ২০১৯ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমার জন্য আবারও অস্কার মনোনয়ন পান। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এ আর্নেস্ট বার্কহার্ট চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় বব ফার্গুসন চরিত্রে অভিনয়ের জন্য ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

ডি ক্যাপ্রিওর অভিনয়জীবনে পরিচালক মার্টিন স্করসেজির সঙ্গে তার কাজের সম্পর্ক বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘গ্যাংস অব নিউইয়র্ক’ দিয়ে শুরু হওয়া এই জুটি একে একে উপহার দিয়েছে ‘দ্য অ্যাভিয়েটর’, ‘দ্য ডিপার্টেড’, ‘শাটার আইল্যান্ড’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ও ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর মতো সিনেমা।

শুধু অভিনয় নয়, পরিবেশ সংরক্ষণেও দীর্ঘদিন ধরে কাজ করছেন ডি ক্যাপ্রিও। ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ফাউন্ডেশন। জীববৈচিত্র্য, বন্য প্রাণী, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করে প্রতিষ্ঠানটি।

২০১৪ সালে জাতিসংঘ তাকে জলবায়ু পরিবর্তনবিষয়ক শান্তির দূত হিসেবে মনোনীত করে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘বিফোর দ্য ফ্লাড’ প্রামাণ্যচিত্রের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও তা মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগে অর্থায়ন ও সচেতনতা তৈরিতেও সক্রিয় এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ এম


ইরান আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে

ইরানের রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পরিণতিতে, আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান।

বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ২০১৯ সালে পাস হওয়া ‘পারস্পরিক পদক্ষেপ’ আইনের উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি পাল্টাপাল্টি নীতির ভিত্তিতে গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “স্বাভাবিকভাবেই, এর থেকে উদ্ভূত সকল পরিণতির জন্য আর্জেন্টিনা সরকার দায়ী থাকবে।”

এপ্রিল মাসে, চলতি বছরে, ইরানের রেভল্যুশনারি গার্ডসকে ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় অন্তর্ভুক্ত করে আর্জেন্টিনা সরকার। ১৯৯৪ সালে বুয়েনস আইরেসের একটি ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার জন্য ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং লেবাননের হেজবুল্লাহকে দায়ী করে আর্জেন্টিনা। ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছিলেন।

ইরান এই বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজানে ১০ পণ্য আমদানিতে দাম কম রাখতে ঋণসুবিধা মিলবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ এম


রমজানে ১০ পণ্য আমদানিতে দাম কম রাখতে ঋণসুবিধা মিলবে

আসন্ন পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্যবৃদ্ধির চাপ কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিশেষ ছাড় ঘোষণা করেছে। ব্যবসায়ীরা এখন থেকে ১০টি অতি প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধের সুযোগ পাবেন।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এই বিষয়ে একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশনা প্রদান করেছে। উল্লেখ্য, বিশেষ এই সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে, আমদানিতে সুবিধা পাওয়া যাবে চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুরের মতো পণ্যের ক্ষেত্রে।

এই সুবিধার আওতায় আমদানিকারকরা সাপ্লায়ার্স ক্রেডিট (সরবরাহকারীর ঋণ) বা বায়ার্স ক্রেডিট (ক্রেতার ঋণ) ব্যবহার করে পণ্য দেশে আনতে পারবেন। ফলে পণ্য আমদানির সময় তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা বা ডলার পরিশোধের প্রয়োজন হবে না। পণ্য দেশে আসার পর তা বিক্রি করে ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ থাকবে। এতে আমদানিকারকদের চলতি মূলধনের ওপর চাপ কমে যাবে এবং বাজারে দ্রুত পণ্য সরবরাহ করা সহজ হবে।

রমজানের আগে সাধারণত দেশে ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজের মতো খাদ্যপণ্যের চাহিদা অনেক বেড়ে যায়। এ সময় ব্যবসায়ীদের এলসি (ঋণপত্র) খোলার এবং অর্থায়নের চাপের মধ্যে পড়তে হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম হলে বাজারে দাম বাড়ার আশঙ্কা থাকে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ বিষয়ে বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আগেভাগেই আমদানির সুযোগ দেয়া হয়েছে। আমদানিকারকরা পণ্য আনার ৯০ দিন পর মূল্য পরিশোধ করতে পারবেন। এর মূল উদ্দেশ্য হলো বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং রমজানে মূল্যবৃদ্ধির চাপ কমানো।’

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতির কারণে মানুষের ওপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, রমজানে তা আরও বাড়ুক বাংলাদেশ ব্যাংক সেটি চায় না। মানুষকে কিছুটা স্বস্তি দিতেই আগেভাগে এই সার্কুলার জারি করা হয়েছে, যাতে আমদানিকারকরা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন।’

নতুন এই সিদ্ধান্তের ফলে আমদানি কার্যক্রমে অর্থায়নের চাপ কমবে এবং বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলে দামও স্থিতিশীল থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে। আগের সার্কুলারের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা এই ক্ষেত্রেও বহাল থাকবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%