শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০২:৪৭ পি.এম
চাঁদাবাজ বললে সাধারণ জনগণ সহজেই বুঝে যান কোন রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে। ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এই মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেন, এসব দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনে ভোট দিয়ে জনগণ অনেক আশা নিয়ে ছিলেন। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। এ কারণে ৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শহরের আলহেরা এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, শনিবার (৩১ অক্টোবর) লংমার্চ সফল করার জন্য ঝিনাইদহ ১১ দলীয় জোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লংমার্চে ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভা শেষে কুষ্টিয়ার একটি পথসভায় যোগ দেবেন। ঝিনাইদহে বিকাল ৫ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় চীফ হুইফ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্ণেল অলি আহম্মেদ (অব:), খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহবায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে তুচ্ছ ঘটনাকে করে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দোকানের ড্রয়ারে থাকা ৯৫ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করা হয় বলে দাবি করছেন ভুক্তভোগী ব্যবসায়ী ফরহাদ হোসেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
ব্যবসায়ী ফরহাদ হোসেন জানান, বর্তমানে তিনি হামলাকারীদের প্রাণনাশের হুমকিতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের বাগুয়া পানকাতা বাজারে ফাহিম সিয়াম ট্রেডার্সে এ ঘটনা ঘটে। ফরহাদ হোসেন ওই এলাকার মৃত মুনছের আলীর ছেলে।
ভুক্তভোগী জানান, মঙ্গলবার রাতে দোকান থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে পুরনো বাড়িতে যাওয়ার পথে কয়েকজনের সাথে তার কথাকাটাকাটি হয়। এ সময় তার স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করলে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে রাত সোয়া ১১টার দিকে দুলাল, গোলজার আলী, তোরাপ আলী ও সুজনসহ কয়েকজন তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়।
ফরহাদ হোসেনের দাবি, হামলাকারীরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করে। পরে আইনি পদক্ষেপ নিলে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে অভিযুক্ত দুলাল হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী বুধবার রাতে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাফিজুর রহমান
মোবাইল: ০১৩১৭-৩৪৩৪৫৩
তারিখ: ৩০-১০-২৬খ্রি:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদে রোকন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।
আজ ৩০ অক্টোবর, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কালিকাপ্রসাদ এলাকায় এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ঘণ্টাব্যাপী অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ওসি ভুয়া ভুয়া, ওসি ঘুষখোর ঘুষখোর বলে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রোকন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মহাসড়কের ওপর আন্দোলনকারীদের একপর্যায়ে ফুটবল খেলতেও দেখা যায়। এতে সড়কে অবস্থান নেওয়া কর্মসূচিটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
আন্দোলনকারীরা জানান, প্রবাসী রোকন হত্যাকাণ্ডের পরদিন ১ অক্টোবর ভৈরব থানায় মামলা করা হয়। হত্যার প্রায় একমাস পেরিয়ে গেলেও পুলিশ হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি। গত শুক্রবার স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করতে চাইলে ওসি মাহবুবুর রহমান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর সফরের দোহাই দিয়ে মানববন্ধন স্থগিত করেন এবং এক সপ্তাহের মধ্যে খুনের রহস্য উন্মোচন করে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। কিন্তু হত্যাকান্ডের বিষয়ে কোন অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ। তারা বলেন, ভৈরব থানা পুলিশ ব্যর্থ হওয়ায় গত ২৪ অক্টোবর মামলাটি জেলা পুলিশ ডিবিকে দায়িত্ব দেন। এসময় আন্দোলনকারীরা হত্যার আসামি গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
মানববন্ধন শুরুর প্রায় ১ঘন্টা পর ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান একাধিক পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে যান। ওসি তখন আন্দোলনকারীদের আশ্বস্ত করেন থানা পুলিশ, ডিবি পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা মামলাটি নিয়ে কাজ করছেন। তিনি তখন আন্দোলনকারীদের সময় দিতে বলেন আসামি গ্রেপ্তারের জন্য। পরে আন্দোলনকারীরা তাদের সড়ক অবরোধ তুলে নিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন, রোকনের বাবা ছাত্তার মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপি সহ সভাপতি লোকজন হোসেন, ইউনিয়ন ছাত্রদল আহবায়ক নয়ন মিয়া, জেলা ছাত্রদল নেতা রবিন মিয়া, মাওলানা আজিজ মিয়া প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অবশেষে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার প্রহর শেষ হতে চলেছে। সৌদি আরবের রিয়াদে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর পাঁচ প্রবাসীর লাশ শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া পাঁচ প্রবাসীর লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দেশে ফিরতে যাওয়া পাঁচ প্রবাসী হলেন—নওগাঁ পৌর এলাকার পার-নওগাঁর মজনু রহমানের পুত্র মো. শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের নাজমুল হুদার পুত্র হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের পুত্র মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের পুত্র মাসিদুল সরদার সজীব এবং সাধনগর গ্রামের আজাহার আলীর পুত্র সাগর আলী।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মোট ১৬ জন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ঘটে। তাদের মধ্যে নওগাঁর ১২ জন ছিলেন। ২৭ আগস্ট প্রথম দফায় সাতজনের লাশ দেশে আনা হলেও আইনিপ্রক্রিয়া ও পরিচয় শনাক্তকরণের জটিলতার কারণে বাকি পাঁচজনের মরদেহ সৌদির হিমঘরে রাখা হয়েছিল।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, আইনিপ্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদ দূতাবাসের সমন্বয়ে দ্রুততম সময়ে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
—এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের তারাকান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।
৩০ অক্টোবর(সকালে) ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে নবগঠিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটিকে স্বাগত জানিয়ে এ মিছিলটি সংগঠনের নেতাকর্মীদের দ্বারা অনুষ্ঠিত হয়।
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশনায় আয়োজিত এই মিছিলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি বিক্ষুব্ধ অবস্থায় ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে নিজেদের অবস্থান জানান দেন।
মিছিলে নেতৃত্ব দেন তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির সভাপতি কাজল সরকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ জয়, সভাপতি মাহফুজ তালুকদার, যুবলীগের অন্যতম সদস্য আসাদুজ্জামান রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, গত কয়েকদিন পূর্বে নবগঠিত তারাকান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে কাজল সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে এসএম জাহাঙ্গীর হোসেনকে মনোনীত করে একটি কমিটি গঠনের পর এই প্রথম বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাশিদ বলেন, তারাকান্দা এবং গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঝটিকা মিছিল করার সময় পুলিশের উপস্থিতিতে নেতাকর্মীরা পালিয়ে যায়। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ