০২:০২ পি.এম
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এই সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন অফিসার উজ্জ্বল দেবনাথ, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন হালদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, হাফেজ এবাদত হোসেন এবং শিক্ষার্থী অংকন ও তানিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আরও পড়ুন: নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
সভায় বক্তারা তাদের বক্তব্যে জানান, মাদক আমাদের সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, পাশাপাশি পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উল্লেখ করেন, মাদক শুধুমাত্র একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং উপজেলা প্রশাসন এই নীতি বাস্তবায়নে সর্বদা কাজ করতে প্রস্তুত। তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা প্রয়োজন এবং তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত কাউখালী গড়ে তোলা সম্ভব।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী—কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো এলাকায় মাদক সংক্রান্ত তথ্য পাওয়া যায়, তাহলে তা দ্রুত প্রশাসন বা পুলিশকে জানাতে হবে।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাদকের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর সীতাকুণ্ডে ২০ স্পিডব্রেকার, যানজট বেড়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন