০৬:১২ পি.এম
পবিত্র ঈদুল আজহা শেষ হওয়ার পর থেকে বগুড়ার বাজারে আলুর দাম বেড়ে গেছে। এছাড়া স্বাভাবিক সরবরাহ থাকা সত্ত্বেও বেশকিছু সবজি বাড়তি মূল্যে বিক্রি হতে দেখা যায়। এ কারণে ক্রেতারা অসুবিধায় রয়েছেন।
ক্রেতাদের অভিযোগ, আড়ত বন্ধ বা সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে কিছু মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে চড়া দাম নিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর সবজির সরবরাহ কমে গেছে। তবে আলুর দাম আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (৫ জুন) বগুড়ার ফতেহ আলী, রাজাবাজার, কলোনী ও খান্দার বাজারসহ শহরের বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকার আলু মান ও জাতভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা ঈদের আগে ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া সরবরাহ স্বাভাবিক থাকলেও বেগুন ৫০ থেকে ৬০ টাকা, পটল ৬০ টাকা, পেঁয়াজ, ঝিংগা ও শশা ৪০ থেকে ৪৫ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কাকরোল ৫০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, আদা ১৫০ থেকে ১৬০ টাকা, রসুন ১২০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বগুড়ার ফতেহ আলী বাজারে প্রতি এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা এবং পাঁচ লিটার তেল ৯৬০ থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র্যালি ও পুরস্কার বিতরণ
এদিকে ঈদের পর মুরগির বাজারে দাম কিছুটা কমে গেছে। ব্রয়লার মুরগির কেজিতে ২০ টাকা পর্যন্ত দাম কমে ১৬০ টাকা, পাকিস্তানি ককরেল মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা এবং দেশি মুরগি ৬৪০ টাকায় বেচাকেনা হচ্ছে। ফার্মের ডিম প্রতি হালি ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। এদিন বাজারে আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা, তিন কেজি ওজনের কাতল মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা এবং একই ওজনের সিলভার কার্প মাছ ২৮০ থেকে ৩০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। টেংরা মাছের কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং পাবদা মাছ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
বগুড়া কলোনী বাজারের ব্যবসায়ী মোঃ মামুন মিয়া জানিয়েছেন, ঈদের পর বাজারে আলুর দাম বেড়েছে। কারণ, কৃষকের আলু নষ্ট হয়ে যাচ্ছে। তাঁর মতে, বাজারে কিছু কিছু সবজি বৃদ্ধি পেয়েছে।
বাজার করতে আসা মোঃ রোস্তম আলী জানিয়েছেন, বাজারে আলুসহ অন্যান্য সবজির দাম বেড়ে গেছে। ফলে নি¤œ ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য সমস্যা তৈরি হচ্ছে।
আরও পড়ুন: বরিশালে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক নেতা আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন