০১:৩৫ পি.এম
জাতীয় দলের মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ কিরমানি বর্তমানে রোমের বিমানবন্দরে আটকা পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের কারণে। কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ওই উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরী অবতরণ করে।
পরে উড়োজাহাজটিকে গ্রাউন্ডেড ঘোষণা করা হলে আড়াইশর বেশি যাত্রীর সঙ্গে বিড়ম্বনায় পড়েন তিনিও।
রোমে উড়োজাহাজের অবতণের পর দীর্ঘ সময় যাত্রীদের অপেক্ষা করতে হয় উড়োজাহাজের ভেতরেই। পরে তাঁদেরকে বিমান থেকে নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়। তবে এখনো কাজেম ও তাঁর পরিবার জানতে পারেননি, ঢাকায় ফেরার ফ্লাইটটি কখন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আহ্বান: ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ হোন
কাজেমের বাবা হালিম শাহ মন্তব্য করেছেন, ‘আমরা প্রায় ৭-৮ ঘণ্টা এয়ারক্রাফটে বসে ছিলাম। এরপর বাইরে বের হই এবং হোটেলে অবস্থান করি। ঢাকার ফ্লাইট আবার কখন, সেটা এখনো জানি না। বিমান বাংলাদেশ থেকে কিছুই জানানো হয়নি।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, টরন্টো–রোম–ঢাকা রুটে বিজি-৩০৬ ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিজি-৩০৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। কারিগরি ত্রুটি সারাতে বাংলাদেশ থেকে প্রকৌশলীদের একটি দল রোমে নেওয়া হচ্ছে।
আটকে পড়া যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে।
আরও পড়ুন: তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়
তবে ফ্লাইটটি ঠিক কখন ঢাকার উদ্দেশ্যে রোম ছাড়বে, সেটি এখনো নিশ্চিত নয়। ফলে কাজেমের দেশে ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন