শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৭ পি.এম
ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ের ফলে ভারত দিশেহারা হয়ে পড়েছে। ম্যাট ফিশারের বাউন্সের তোপে দাঁড়াতে পারেনি শুভমান গিলের দল। নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায়। এর ফলে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডুবেছে রোহিত-কোহলিদের দল। এটি ওয়ানডে ইতিহাসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড আগে ব্যাট করে নির্ধারিত সময়ে ৩৩৩ রানের বড় সংগ্রহ গড়ে। স্বাগতিকদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন উইল ইয়ং, যিনি সর্বোচ্চ ১২৫ রান করেন। টিম সেইফার্টও ৫৮ রান করেন। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান।
ভারত জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। ম্যাট হেনরির গতি ও সুইংয়ের সামনে ভারতীয় ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করে। ইনিংসের প্রথম ওভারে কোনো রান না করেই তিন উইকেট হারায় সফরকারীরা। রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার একে একে সাজঘরে ফেরেন। এরপর ৯ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়।
ওয়ানডে ইতিহাসে ভারত দ্বিতীয়বারের মতো ১০ রানের আগেই চতুর্থ উইকেট হারিয়েছে। এর আগে ১৯৮৩ বিশ্বকাপে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল দলটি। তবে সেই আসরে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল কপিল দেবের ভারত।
ব্যাটিং বিপর্যয় থেকে সফরকারীরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ভারতের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষাণ। অক্ষর প্যাটেল ও নমন ধীরের ব্যাট থেকে আসে সমান ২১ রান। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাওয়ার প্লেতে ভারত মাত্র ২৬ রান সংগ্রহ করে, যা ২০১৮ সালের পর তাদের সর্বনিম্ন।
এই হারের মধ্য দিয়ে ভারত ওয়ানডেতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের রেকর্ড গড়ল। ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৫ রানে হেরেছিল তারা। এদিন মাত্র এক রানের ব্যবধানে সেই লজ্জার রেকর্ড থেকে রক্ষা পেল গিলের দল।
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডও অল্পের জন্য এড়িয়েছে। ২০১০ সালে কিউইদের বিপক্ষে ৮৮ রানে অলআউট হয়েছিল ভারত। এবার থেমেছে ৮৯ রানে। তবে ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন সংগ্রহ ৫৪ রান, যা ২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
বল হাতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ম্যাট হেনরি। তিনি মাত্র ২৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে ওয়ানডেতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড শেন বন্ডের, যিনি ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
এই নিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের চতুর্থবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হেনরি। নিউজিল্যান্ডের হয়ে তার সমান চারটি ফাইফার রয়েছে শেন বন্ডেরও। এই তালিকায় সবার ওপরে ট্রেন্ট বোল্ট, যার রয়েছে ছয়টি ফাইফার। পাঁচটি ফাইফার নিয়ে পরের অবস্থানে স্যার রিচার্ড হ্যাডলি।
এই জয়ের ফলে সিরিজে ব্যবধান ২-১ করেছে নিউজিল্যান্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশে বৃষ্টি হবে কিনা এবং তাপমাত্রা কেমন থাকবে। সংস্থাটি উল্লেখ করেছে, বর্ধিত ৫ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং এর আশেপাশের অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে—এমন পরিস্থিতিতে আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাছাড়া, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি ‘নাগরিক স্মরণসভা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই স্মরণসভাটি নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত হবে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিতি প্রত্যাশিত।
এছাড়া, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক, রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও এতে অংশগ্রহণ করবেন।
আজ নাগরিক সমাজের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে তোলার জন্য বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং তাঁর সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে লেখার নির্ধারিত বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়, সরকার পরিচালনা ও সুশাসন, অন্তিম সময়ে বেগম খালেদা জিয়া এবং তাঁর নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা।
প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে ([email protected]) লেখা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখকদের লেখা প্রকাশিত হবে।
এছাড়া, বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, তাঁর রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদানকে প্রামাণ্যভাবে তুলে ধরার একটি প্রয়াস। আয়োজকদের প্রত্যাশা, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ